ডায়াবেটিস মোকাবিলায় যা জরুরি

গ্রাফিকস: আগামীর সময়
সারা বিশ্বে ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং প্রতিটি দেশে জাতীয় স্বাস্থ্যক্ষেত্রে ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মাথায় রেখে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রতিপাদ্য নির্ধারণ করে। এবারের বিষয়— ‘Early action in diabetes’ বা ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। অর্থাৎ রোগ নির্ণয়ে বিলম্ব না করা, দ্রুত চিকিৎসার আওতায় আসা। যথাসময়ে প্রতিরোধ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সার্বক্ষণিক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জটিলতা প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব।
২০২৪ সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, বিশ্বে বর্তমানে পূর্ণবয়স্ক ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালে এ সংখ্যা হবে প্রায় ৮৫ কোটি। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, প্রায় ৪২ শতাংশ লোক জানেই না যে তারা এ রোগে আক্রান্ত। কারণ, তাদের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে ৬০-৭০ শতাংশ ক্ষেত্রে রোগ নির্ণয় হয় না। যখন ধরা পড়ে, প্রায় ৫০ শতাংশ কিছু না কিছু জটিলতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়।
বাংলাদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক লোক এ রোগে আক্রান্ত। ২০৫০ সালে এ রোগীর সংখ্যা দাঁড়াবে ২ কোটি ৩০ লাখ। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়াবহ। আমাদের সাম্প্রতিক পরিসংখ্যানে প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ২৫ জন ডায়াবেটিসে আক্রান্ত এবং বেশিরভাগ লোক জানেই না যে তাদের ডায়াবেটিস আছে।
বিশ্বে ডায়াবেটিস বৃদ্ধির পেছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন— অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত ক্যালরি চিনি ও চর্বির সমন্বয়ে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমে নিষ্ক্রিয়তা বা অনীহা, দীর্ঘ সময় বসে কাজ করার প্রবণতা, অতিরিক্ত ওজন ও স্থূলতা বা শরীরের মেদ বৃদ্ধি, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, জিনগত বা পারিবারিক প্রবণতা, স্বাস্থ্যকর খাবার, রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যাপারে সামাজিক বৈষম্য।
সময়মতো ডায়াবেটিস নির্ণয় না হওয়ার পেছনে কারণগুলো হলো— ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অজ্ঞতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়াবেটিসের ঝুঁকির কারণ সম্পর্কে পর্যাপ্ত শিক্ষার অভাব, ভুল ধারণা, সামাজিক কুসংঙ্কার ও রোগ সম্পর্কে ভীতি, সীমিত স্বাস্থ্যসেবার সুযোগ ও চিকিৎসার অতিরিক্ত ব্যয়, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে রোগ নির্ণয়ের সুযোগ না থাকা।
উল্লিখিত তথ্যগুলো থেকে বোঝা যাচ্ছে, সচেতনতামূলক প্রচার চালানোই যথেষ্ট নয়; সেই সঙ্গে সহজলভ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ডায়াবেটিসের লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়। ফলে দীর্ঘদিন অতিরিক্ত শর্করার প্রভাবে শরীরের রক্তশিরার পরিবর্তনের ফলাফল হিসেবে হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখে রেটিনার ক্ষতি ও স্নায়ু সমস্যা দেখা দিতে পারে, যা প্রথম রোগ নির্ণয়ের সময় আমরা দেখতে পাই
ডায়াবেটিসের লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়। ফলে দীর্ঘদিন অতিরিক্ত শর্করার প্রভাবে শরীরের রক্তশিরার পরিবর্তনের ফলাফল হিসেবে হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখে রেটিনার ক্ষতি ও স্নায়ু সমস্যা দেখা দিতে পারে, যা প্রথম রোগ নির্ণয়ের সময় আমরা দেখতে পাই। ডায়াবেটিসের কারণে পায়ে ক্ষত সংক্রমিত হয়ে অঙ্গচ্ছেদের ঘটনাও ঘটে। এসব কারণে সক্ষম কর্মজীবনও কমে যায়। দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় ও জটিলতার কথা চিন্তা করলে এ ক্ষতি ব্যক্তি ও পরিবারের আর্থিক নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করে।
উল্লিখিত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং, বিভিন্ন স্তরে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। যেমন— ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের রক্তের শর্করা নির্ণয় ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শের সুযোগ তৈরি করা, চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করা, বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থায় ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন, রোগ পর্যবেক্ষণ ও জটিলতা প্রতিরোধে গুরুত্ব দেওয়া, স্বাস্থ্যকর জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।
এখানে উল্লেখযোগ্য যে, পৃথিবীতে ডায়াবেটিসের ঝুঁকি ও প্রাথমিক প্রতিরোধে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। যেমন— আমেরিকায়: ডিডিপি, ডিপিপিওএস, ফিনল্যান্ডে: ডিপিএস, চীনে: Da-Qing, ইন্ডিয়াতে: আইডিপিপিএস ইত্যাদি। এসব গবেষণা থেকে প্রতীয়মান প্রায় ৫০-৬০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
বাংলাদেশে বাডাস-এ ডায়াবেটিস প্রতিরোধে কিছু গবেষণা চলছে। এর মধ্যে ফেইথ বেস ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম উল্লেখযোগ্য। এর উল্লেখযোগ্য দিক হলো, মসজিদের ইমামদের মাধ্যমে ৪০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। বাডাস ডায়াবেটিস প্রতিরোধে বিবাহপূর্ব ও গর্ভধারণপূর্ব স্বাস্থ্যসেবা চালু করে গর্ভকালীন ডায়াবেটিস ও ভবিষ্যৎ ডায়াবেটিস ঝুঁকি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারি ও সামাজিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ ও ডায়াবেটিস প্রতিরোধে যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন: শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যশিক্ষা চালু করা, স্বাস্থ্যকর জীবনযাত্রার পরিবেশ সৃষ্টি করা, স্বাস্থ্যকর খাবার সহজলভ্য করা, অতিরিক্ত চর্বি ও চিনিযুক্ত খাবার ও কোমল পানীয় পরিহারের পদক্ষেপ নেওয়া, নিরাপদ ফুটপাত, পার্ক ব্যবহারের পরিবেশ সৃষ্টি করা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করা, ঝুঁকি শনাক্তকরণ, প্রতিরোধ, চিকিৎসার সুযোগ সৃষ্টি করা, সাশ্রয়ী সেবা নিশ্চিত করা, সময়মতো চিকিৎসা ও ধারাবাহিক পরিচর্যার সুযোগ সৃষ্টি করা, সবার জন্য প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সহজলভ্য করা এবং সুযোগ নিশ্চিত করা, মাতৃস্বাস্থ্য ও উচ্চঝুঁকির জনগোষ্ঠীর প্রতি গুরুত্ব দেওয়া, তথ্যভিত্তিক পরিকল্পনা ও গবেষণার প্রতি গুরুত্ব দেওয়া ও যথাযথ পদক্ষেপ নেওয়া, শিক্ষা কর্মসূচিতে ডায়াবেটিস প্রতিরোধ-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা এবং ২০২৫ সালের আন্তঃমন্ত্রণালয়ের জাতীয় নীতি বাস্তবায়ন করা।
ব্যক্তিগত পর্যায়ে যা করা প্রয়োজন: নিয়মিত শারীরিক ব্যায়াম বা হাঁটা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার, ঝুঁকি থাকলে তা নির্ণয়, রোগ নির্ণয় হলে নিয়মিত চিকিৎসা এবং জটিলতা পরীক্ষা করা।
সচেতনতা সৃষ্টির মাধ্যমেই ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এর জন্য প্রয়োজন— আগাম ঝুঁকি শনাক্তকরণ, আগাম রোগের ঝুঁকি প্রতিরোধ, আগাম রোগ শনাক্তকরণ, সময়মতো মানসম্মত চিকিৎসা শুরু করা ও চালিয়ে যাওয়া, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) দীর্ঘদিন ধরে ডায়াবেটিস প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। যেমন—
১. গণসচেতনতা কার্যক্রম: বিশ্ব ডায়াবেটিস দিবস, ডায়াবেটিস সচেতনতা দিবস, র্যালি, সেমিনার, টেলিভিশন ও রেডিও অনুষ্ঠান এবং প্রচারপত্রের মাধ্যমে মানুষকে সচেতন করা।
২. স্ক্রিনিং ও আগাম শনাক্তকরণ: বাডাস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন স্থানে ডায়াবেটিস স্ক্রিনিং ও স্বাস্থ্যশিবির পরিচালনা করে। ২০১৮-১৯ সালে দেশব্যাপী ৪০০ উপজেলায় ৮০০টি স্থানে ডায়াবেটিস রোগ নির্ণয়ের কার্যক্রম পরিচালিত হয়।
৩. ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ: মসজিদভিত্তিক ডায়াবেটিস কর্নার এবং প্রশিক্ষিত ইমামদের মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ডায়াবেটিস প্রতিরোধের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।
৪. গবেষণা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রতিরোধ: কর্মক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি শনাক্তকরণ এবং জীবনযাত্রার পরিবর্তন নিয়ে বাডাস গবেষণা ও প্রতিরোধমূলক কর্মসূচি পরিচালনা করছে।
বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধে বাডাস-এর অভিজ্ঞতা এবং সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা নয়; বরং রোগের ঝুঁকি কমানো, আগাম শনাক্তকরণ এবং ধারাবাহিক পরিচর্যাকে জাতীয় পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। আমাদের অঙ্গীকার হোক— ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।
লেখক: জ্যেষ্ঠ পরিচালক, রিসার্চ অ্যান্ড একাডেমি, বারডেম জেনারেল হাসপাতাল




