ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি
- নাশকতা ঠেকাতে সাংগঠনিক নির্দেশনা
- ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জোর
- মিত্রদের সঙ্গে বসার চিন্তা তারেক রহমানের

গ্রাফিকস: আগামীর সময়
ডিসেম্বরে কোনো ধরনের অস্থিরতা বরদাশত করবে না বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় বিজয়ের মাস জুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুসংহত করতে সংসদের ভেতরে ও বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি। এ লক্ষ্যে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকের চিন্তাভাবনা করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি মনে করে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগকে চাঙ্গা রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কৌশল। ওই সময়ে তবে যেকোনো নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে দলটি। ফ্যাসিবাদী শক্তির সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে মাঠে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরে কোনো ধরনের অস্থিরতা বরদাশত করা হবে না— বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে সাংগঠনিক সম্পাদকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যেকোনো অপতৎপরতা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করবে দলটি। সরকারও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আগামীর সময়কে বললেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি পাশের দেশ থেকে তাদের এ দেশীয় এজেন্টদের দিয়ে পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। ব্যাপকভাবে পুলিশি অভিযান চলছে। পাড়া-মহল্লায় কিশোর গ্যাং থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে সরকার। সমাজে যারা অশান্তি সৃষ্টি করবে, তারা কোনো রেহাই পাবে না; তাদের আইনের হাতে আসতেই হবে।’
‘দল হিসেবে আমরা পতিত ফ্যাসিস্ট শক্তির সন্ত্রাসী কার্যকলাপের তথ্য দেশবাসীর সামনে তুলে ধরছি। তাদের অন্যায় তৎপরতার বিরুদ্ধে আমরা প্রত্যেকে সতর্ক আছি, যাতে কেউ কোনো নাশকতার পরিকল্পনা করতে না পারে’— যোগ করেন তিনি।
হাসিনার ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার আলোচনা চলছে।
এমন পরিস্থিতিতে চলতি বছরের আগস্টে ভারতে বসেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। এজন্য নতুন পাসপোর্টের আবেদন করার খবরও এসেছে। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং দেশে ফিরতে চাইলে ভারত থেকে প্রত্যর্পণের আবেদন করার কথা জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে গত সোমবার বিএনপির সংসদীয় দলের সভায় বিষয়টি আলোচনায় আসে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সংসদীয় দলের সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার— আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে এক ধরনের ‘ন্যারেটিভ’ তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপির নেতারা। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য নিরীহ মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। একটি মামলায় এরই মধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। অথচ তাকে দেশে ফেরানো নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি একটি আইনি বিষয়। সুতরাং দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না। তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবেই দেখছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন না। বরং এ ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠ গরম ও দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে নাশকতা মোকাবিলায় অন্য রাজনৈতিক দলগুলোকেও সঙ্গে নিতে চায় বিএনপি।
গত বুধবার সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বসতে পারেন তারেক রহমান। এ নিয়ে চিন্তা-ভাবনা চলছে, তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবার জোট বা দলের শীর্ষ নেতাদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক হতে পারে। এর আগে গত ২০ জুলাই যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিসেম্বর জুড়ে কর্মসূচি চূড়ান্তের প্রস্তুতি
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গত মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর জুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভা, পাড়া-মহল্লায় আন্দোলন, শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি আসতে পারে। শিগগির তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আগামীর সময়কে বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে পলাতক ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যেকোনো মূল্যে এটা মোকাবিলা করতে হবে। স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে শেখ হাসিনা আসবেন না। কিন্তু তার এই আসি আসি বলার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার এবং গণঅভ্যুত্থানে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের নৈতিক দায়িত্ব। এজন্য যা যা করা প্রয়োজন, কঠোর হাতে তা প্রয়োগ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’



