১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ
- ৩৩ সীমান্ত জেলায় সক্রিয় ১৮২৮ জন
- আট বিভাগে সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে
- কেউ খুচরা বিক্রেতা, কেউবা পরিবহন বা সরবরাহে যুক্ত
- কেউ কেউ ভূমিকা রাখছে অর্থায়ন কিংবা নেটওয়ার্ক পরিচালনায়

গ্রাফিকস: আগামীর সময়
মাদকে বিপন্ন তারুণ্য। ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। গ্রাম কিংবা শহর— সবখানেই ছড়িয়ে পড়েছে হরেক পদের মাদক। আর বিশাল এই অন্ধকার জগতের কলকাঠি নাড়ছেন ১ হাজার ৬২০ জন ‘গডফাদার’। যাদের অধিকাংশই রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী নেতা। গোয়েন্দা সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তালিকা ঘেঁটে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। সারা দেশে সক্রিয় ২৫ হাজার ৫৫০ জন মাদক কারবারি। আর ৩৩ সীমান্ত জেলায় সক্রিয় ১ হাজার ৮২৮ জনের মাধ্যমে সীমান্ত গলে আসা মরণনেশা ছড়িয়ে পড়ছে রাজধানী ঢাকাসহ দেশের আনাচে-কানাচে।
গোয়েন্দাদের তালিকায় উঠে এসেছে, মাদক কারবারের ভয়ংকর এই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে ১ হাজার ৬২০ জন কথিত গডফাদার। তালিকায় থাকা মাদক কারবারিদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সংশ্লিষ্টরা বলছেন, পরিচয় বিবেচনা করে আইন প্রয়োগ করা হলে কখনোই নিয়ন্ত্রণে আসবে না মাদক কারবার। একই সঙ্গে বাদ দিতে হবে ‘ম্যানেজ’ সংস্কৃতি।
তালিকা অনুযায়ী, বিভাগভিত্তিক মাদক কারবারির মধ্যে ঢাকা বিভাগে ৫ হাজার ৫৭৩ জন, চট্টগ্রামে ৫ হাজার ১৯৮, রাজশাহীতে ৪ হাজার ৭২৩, খুলনায় ৩ হাজার ৫৬৫, রংপুরে ২ হাজার ১০৯, ময়মনসিংহে ১ হাজার ৭৫২, বরিশালে ১ হাজার ৪৮৭ এবং সিলেটে রয়েছে ১ হাজার ২২৩ জন।
তালিকাভুক্তরা সবাই একই ধরনের কারবারে জড়িত না। কেউ খুচরা বিক্রেতা, কেউবা পরিবহন বা সরবরাহে যুক্ত, আবার কেউ কেউ বড় চালানের অর্থায়ন কিংবা নেটওয়ার্ক পরিচালনায় রাখছে ভূমিকা।
সীমান্তে মাদক কারবারির মধ্যে কক্সবাজারে ১৮৫, চাঁপাইনবাবগঞ্জে ৪৯৪, রাজশাহীতে ১৪৫, নওগাঁয় ৫, জয়পুরহাটে ১১, ঝিনাইদহে ৩৪, মেহেরপুরে ১৫, চুয়াডাঙ্গায় ৮৬, যশোরে ১৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ১১৮, ফেনীতে ২২, রাঙামাটিতে ৩৮, খাগড়াছড়িতে ১০৭, বান্দরবানে ১০১, মৌলভীবাজারে ১৫৭, সিলেটে ১১০, কুড়িগ্রামে ৯০, শেরপুরে ৩২, সিলেট ২১, সুনামগঞ্জে ৪৪, হবিগঞ্জে ১৫, মৌলভীবাজারে ১১, কুমিল্লায় ১৬০, লালমনিরহাটে ২০, নীলফামারীতে ১৭, দিনাজপুরে ২৮১, পঞ্চগড়ে ১১, ঠাকুরগাঁও ৪৯ এবং নওগাঁয় সক্রিয় পাঁচ কারবারি।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের ভাষ্য, বিজিবি শুধু মাদক জব্দেই সীমাবদ্ধ নয়, সীমান্তে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সর্বস্তরের মানুষ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
তার দাবি, সক্রিয় থাকার কারণেই চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত বিজিবি সীমান্ত এলাকা থেকে ২ কোটি ৬৭ লাখ পিস ইয়াবা, ৩১ হাজার বোতল ফেনসিডিল, ১৫ হাজার ৫৭৬ কেজি গাঁজা, ৮৩ হাজার বোতল বিদেশি মদ, ১৭ হাজার বোতল বিয়ার, ১০ কেজি হেরোইন, ৪০ দশমিক ৩৮ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১২ কেজি কুশ, ১ কেজি আফিম, ৫১০ গ্রাম কোকেন, ১৪ বোতল এলএসডি জব্দ করতে পেরেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। যদিও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় এর ব্যাপ্তি আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
মাদক কারবারের ১৬২০ গডফাদারের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের আশীর্বাদপুষ্ট নেতা। এর মধ্যে শুধু চট্টগ্রাম বিভাগেই রয়েছে ৩০৯ জন।
রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে কারবার পরিচালনা এবং গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে ফের একই কাজে জড়ানোর অসংখ্য উদাহরণ রয়েছে। শুধু তাই নয়, মাদক কারবারিদের বাকিতে জামিনে (জামিনের পর আইনজীবীর ফি পরিশোধ) মুক্ত করার ঘটনাও ঘটছে আদালতপাড়ায়। গত ১১ জানুয়ারি গ্রেপ্তার হন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম। পরে তার আইনজীবী তাকে বাকিতে জামিনে মুক্ত করান। কারামুক্তের পর ফের মাদক কারবারে জড়িয়ে পড়লে গত ১৯ আগস্ট একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে র্যাব-২। র্যাবের জিজ্ঞাসাবাদে চুয়া সেলিম বাকিতে
জামিনের বিষয়টি উল্লেখ করেন বলে জানালেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান।
মাদকস্পট পাহারার বাইরে প্রিজন ভ্যান থেকেও মাদক কারবারিকে পালাতে সহায়তার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে ছেড়ে দিয়ে সাসপেন্ড হয়েছেন এসআই প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
সামাজিক জাগরণ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ডিএনসির সাবেক মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ। আগামীর সময়কে তিনি বললেন, ‘এ বিষয়ে সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন। এজন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও কার্যকর করতে হবে। এক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। এসআরবি এবং পুলিশে মাদক নিয়ন্ত্রণের জন্য বিশেষ ইউনিট করা দরকার।’
ডিএনসি মহাপরিচালকের দায়িত্বে থাকাকালে দেশ জুড়ে ১৮ হাজার স্কুলে কমিটি করেছিলেন জানিয়ে জামাল উদ্দীন বলছিলেন, ‘প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারকে এজন্য বরাদ্দ দেওয়াও হয়েছিল। সেগুলো কি আসলেই সক্রিয় আছে?’
সীমান্ত থেকে সারা দেশ
ডিএনসির প্রতিবেদনে ইয়াবা পাচারের প্রধান পথ হিসেবে মিয়ানমার সীমান্তের টেকনাফ ও উখিয়ার কথা বলা হয়েছে। ভারত সীমান্ত দিয়ে গাঁজা ও ফেনসিডিল আসার রুট হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গার নাম উল্লেখ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৪টি জেলাকে মাদকপ্রবণ এবং ১০৫টি পয়েন্টকে প্রধান ট্রানজিট রুট হিসেবে চিহ্নিত করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই রুটগুলো নিয়ে কার্যকর বিশ্লেষণের জন্য জব্দ করা চালানের পরিমাণ, চালানের উৎস, পরিবহনের পদ্ধতি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ভূমিকা এবং তদন্তে উঠে আসা অর্থদাতাদের তথ্য পাশাপাশি খতিয়ে দেখা প্রয়োজন। শুধু সীমান্তে মাদক জব্দের সংখ্যা দিয়ে পাচার কমেছে কি না, তা নির্ধারণ করা যায় না। সরবরাহের বিকল্প পথ তৈরি হয়েছে কি না কিংবা ছোট চালানের সংখ্যা বেড়েছে কি না, সেসবও বিবেচনায় নিতে হবে।
তারা আরও বলছেন, কিছুদিন পরপরই সরকারের পক্ষ থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানের কথা বলা হয়। অভিযান চলাকালীন সময়ে মাদক কারবারিরা কৌশলে তাদের কারবার কিছুটা বন্ধ রাখেন। অনেক ক্ষেত্রে অভিযানকারীদের ‘প্রেসক্রিপশন’ বা নির্দেশনা অনুযায়ীই তারা তা করে থাকেন।
অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক আগামীর সময়কে বললেন, ‘জিরো টলারেন্স নিয়ে আমরা নানা সময় কথা শুনছি। তবে বাস্তবের সঙ্গে এর অনেক ফারাক। সীমান্তবর্তী জেলাগুলোতে দায়িত্বে থাকা বিজিবি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে অন্য চিত্র দেখা যেত।’
তালিকায় যারা
বিজিবির তালিকায় কক্সবাজারে ১৮৫ মাদক কারবারির মধ্যে অন্যতম সক্রিয়রা হলো— উখিয়ার পূর্ব মরিচ্যার তাজ উদ্দিন, পশ্চিম মরিচ্যার সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ, ঘোড়াঢিপের সৈয়দ কাশেম, পশ্চিমপাড়ার আব্দুর রহিম, গফুর নান্নু, মো. সোনালী, ফজল ভুট্টো, জয়নাল আবেদীন, আবু তাহের, টেকনাফের মৌলভীপাড়ার আব্দুল আজিজ, কানজরপাড়ার মো. ইউসুফ, সাজেদা আক্তার মিমি, উলুবুনিয়ার ফাইনাল, কলেজপাড়ার মো. ইউনুস, আব্দুল হামিদ, আব্দুল আজিজ, ডেইলপাড়ার রুবেল মিয়া, মিনা বাজারের ফারুক হোসেন, মো. মানুন, রবি আলম, নাঘরপাড়ার আবুল হোসেন, নবী হোসেন, সাদ্দাম হোসেন, দক্ষিণ মৌলভীপাড়ার মাহমুদ আলী, আরাবাংয়ের হেলাল উদ্দীন, আবুল তালেব, কুতুবদিয়া পাড়ার আফসার উদ্দীন, বদুয়াঘাটায় শাহজাহান মিয়া, গোদারবিলের মো. ইসহাক, ইয়াসমিন আক্তার, বৌদ্ধঘোনার আব্দুল মান্নান, টেকনাফের ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেতারা, হ্নীলার ইসহাক, শাহপরীর দ্বীপের শাহাবুদ্দিন, প্যান্ডংপাড়ার মনোয়ারা, ডেইলপাড়ার জাফর আলম, উলুবুনিয়ার এশফাক, শহিদুল, খারাংখালীর সাদ্দাম, জীবংখালীর কালাবদী, শুক্কুর, হোয়াইক্যংয়ের হোফায়েল, রামুর রুবেল, রাশু, নুর আয়েশা, হাসু মিয়া, আনজুমপাড়ার নুরুল বাশার, মো. মিজান, ছয়দুল আহমেদ, রামু উপজেলার বদুয়াঘাটার শাহজাহান সিরাজ, বড় জামছড়িরা মো. মুর্শেদ, পূর্ব হাজিরপাড়ার মো. বেলাল, ডাক্তারকাটার মো. সামছু আলম, পূর্ব দেলুয়া পালংয়ের কামাল মিয়া, জসিম উদ্দীন, মো. আয়েশা এবং চকরিয়ার আকাশ শর্মা।
রাজশাহীর ১৪৫ জন মাদক কারবারির মধ্যে গোদাগাড়ীর মিঠুন মিয়া, মো. মিল্টন, মো. ইদিল, আরিফ হোসেন, উকিল মিয়া, হারুন মিয়া, মর্তুজা হোসেন, শুভ ইসলাম, চারঘাটের টুটুল আলী, মো. দিপু, মো. রিশাদ, ওয়াকিল মিয়া, বিটুল হোসেন, শ্রী অজিত কুমার, আগুন হোসেন, সালাম হোসেন, মো. হাফিজুল, মো. লালন, পানজা মণ্ডল, রিমন হোসেন, বাঘা উপজেলার মো. হাফিজুল, মো. মোস্তফা, শহিদুল ইসলাম, নাজমুল সাহা, আফাদ সরদার, আক্কাস আলী, হামিদুর, মো. জিয়া, মো. সাইফুল, গাজিবুর রহমান, মো. আশরাফুল অন্যতম।
যশোরে ১৪০ জন কারবারির মধ্যে অন্যতম বেনাপোলের দৌলতপুরের ওবায়দুর, বাবু মিয়া, গাতিপাড়ার রাবেয়া বেগম, রিয়াজুল ইসলাম, গাতিপাড়ার নুরুল ইসলাম, পুটখালীর মাসুদ রানা, কিতাব আলী, মনির কোরা, জাহিদ হাসান, শাওন, মোবারক, বারপোতার শাহাজামাল, খলসির হাবিবুর রহমান, পুটখালী উত্তরপাড়ার রমজান, ঝর্ণা খাতুন, রহমত মোল্লা ও আক্তার হোসেন, চৌগাছার বড়কাবিলপুরের পুতুল ও জিয়ারুল, মাসিলার লিমন, পিন্টু এবং সুখপুকুরিয়ার কবির হোসেন ও হামজা মিয়া।






