ভাড়া বাসায় মাদক কেনাবেচা করত তারা, ১৫৭ ইয়াবাসহ ধরা

সংগৃহীত ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে ভাড়া বাসায় মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পৌরসভার সোনামুখী গ্রামের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে আটক করা হয় তাদের।
আটক ব্যক্তিরা হলেন- শুভ দেবনাথ (২৮), শ্যামল চন্দ্র দাশ (২৮) ও মোহাম্মদ ইউছুফ সরদার (৩০)। তারা সবাই পৌরসভার ২ নম্বর সোনামুখী ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, সোনামুখী গ্রামের পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলার ভাড়া ফ্ল্যাটে মাদক কেনাবেচা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫৭টি ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।



