জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে

একটি আশ্রয়কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন অপু
শিশু অধিকার আন্দোলন থেকে জলবায়ু ন্যায়বিচার। দুর্যোগ মোকাবিলা থেকে যুব নেতৃত্ব— সব ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ফেনীর পরিবেশ ও জলবায়ুকর্মী সৈয়দ জাহেদুল আলম অপু। জেলা শহরের ছোট্ট পাড়ায় কার্যক্রম শুরু করে তিনি এখন বিদেশের মঞ্চে। সম্প্রতি ভারতের চণ্ডীগড়ে ১৯তম গ্লোবাল ইয়ুথ পিস ফেস্টিভালে অর্জন করেন ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড।’
ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামের প্রবাসী সৈয়দ আব্দুর রৌফ ও প্রয়াত ফাতেমা আক্তারের তিন ছেলেমেয়ের মধ্যে অপু কনিষ্ঠ। বসবাস করছেন ফেনী শহরের মাস্টারপাড়ায়। পড়াশোনা করেছেন শুভপুর আলম মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও ফেনী সরকারি কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন তিনি।
২০০৯ সালে শিশু অধিকার বিষয়ক জাতীয় সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স-এনসিটিএফের ফেনী জেলা সভাপতি হিসেবে কার্যক্রম শুরু করেন অপু। ২০১২ সালে লিও ক্লাবের মাধ্যমে যুক্ত হন নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রমে। বিভিন্ন দুর্যোগে ছুটে যান অসহায় মানুষের কাছে।
২০২২ সাল থেকে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করছেন তরুণ এ পরিবেশকর্মী। তিনি দুর্যোগে বিপর্যস্ত এলাকায় খাদ্য পৌঁছানো, দুর্যোগপ্রবণ এলাকায় নানা কর্মসূচি আয়োজন ও স্বেচ্ছাসেবকদের সংগঠিত করতে কাজ করেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর গঠন করেন ‘ফ্লাড রেসপন্স টিম’। ফেনী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সোনাগাজীতে নদীর পানিতে নেমে পালন করেন ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস’।
ফেনীতে ‘আমরাই আগামী’ নামে মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নানা কর্মসূচি চালাচ্ছেন অপু ও তার সহযোগীরা। স্বাবলম্বী প্রকল্পের আওতায় কোথাও তৈরি করছেন ঘর, কোথাও দিচ্ছেন ছাগল। গত দুই বছরে ৩০ পরিবারকে দিয়েছেন ছাগল, ১৫ জনকে সেলাই মেশিন, রিকশা-ভ্যান উপহার দিয়েছেন ১৫টি। বর্তমানে ‘ইয়ুথ নেট গ্লোবাল’ নামে সংগঠনের সঙ্গে এক হয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করছেন এই সংগঠক। পরিবেশ বিষয়ে আয়োজন করেন সভা, সেমিনার।
আগামীর সময়কে অপু বলেছেন, ফেনী অন্যতম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জেলা। তাই এখানে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা প্রয়োজন। আমরা এ বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে চেষ্টা করছি।
অপুর বড় ভাই স্বেচ্ছাসেবী সংগঠক এস এম সাহেদুল আলম রনি বলেছেন, ‘স্কুলজীবন থেকেই নানা মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয় অপু। এই অনন্য অবদানের স্বীকৃতি েপয়েছে একাধিকবার।’ আরেক স্বেচ্ছাসেবী সংগঠক এম মোর্শেদ হোসেন বললেন, অপু ভালো কাজ করছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রাখছেন কৃতিত্বের স্বাক্ষর।



