ঢাকা রাতে হুমায়ূন
- চাঁদের আলোয় কয়েকজন যুবক

গ্রাফিকস: আগামীর সময়
হুমায়ূন আহমেদের অনেক আখ্যান উপন্যাস, নাকি নভেলা, সেই তর্ক আছে। ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’ নিয়েও এমন আলোচনা হতে পারে। আকারে ছোট এই আখ্যানকে প্রচলিত অর্থে নভেলা বলা যায়। তবে এর পরিসর ছোট হলেও চরিত্র, মনস্তত্ত্ব ও সমাজের যে ছবি লেখক তুলে ধরেছেন, তা বেশ বিস্তৃত। অনেক বছর ধরেই এটি আমার সবচেয়ে পছন্দের গল্পগুলোর একটি।
হুমায়ূনের গল্প বলা বরাবরই অব্যর্থ। আশির দশকের এই আখ্যানে দেখা যায়, একে একে সামনে আসছে চরিত্রগুলো। প্রথমে তাদের সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে, তারপর নিয়ে যাচ্ছেন গল্পের ভেতর। অনেকটা তার টেলিভিশন সিরিজ ‘আজ রবিবার’-এর মতো। চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হতে হতে কখন যে পাঠক গল্পের মধ্যে ঢুকে পড়েন, তা টের পাওয়া যায় না। ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’ও শুরুতে এমনই। গল্পের কোথাও তাড়াহুড়া নেই। শুরুতে এর নির্মাণকৌশল চোখে পড়ে না। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছালে বোঝা যায়, নিপুণভাবে সাজানো প্রতিটি ঘটনা।
এই আখ্যান ঘিরে আছে আশ্বিন মাসের এক পূর্ণিমা রাত। নামের সঙ্গে মিলিয়ে একে ‘চাঁদে পাওয়া গল্প’ বলা যায়। হুমায়ূন পাঠককে সেই রাতের আবহে নিয়ে যান।
শহরের চাঁদ, ভেজা রাস্তা, কয়েকজন হতাশ যুবক এবং বহু বছর পর দেশে ফেরা একজন মানুষের অভিজ্ঞতা মিলিয়ে হুমায়ূন এমন এক জগৎ তৈরি করেন, যেখানে স্বাভাবিকের মধ্যেই অপেক্ষা করে থাকে অস্বাভাবিক কিছু
ঔপন্যাসিকের বর্ণনাটা ঠিক এমন: ‘বারই আশ্বিন। পূর্ণিমার সন্ধ্যা। শহরে পূর্ণিমার চাঁদ সন্ধ্যা মেলাবার সঙ্গে সঙ্গেই দেখা যায় না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। শহরের মানুষ পূর্ণিমার চাঁদ নিয়ে মাথা ঘামায় না। পূর্ণিমা অমাবস্যা শহুরে ব্যাপার নয়।’
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের নন্দিত এই কথাসাহিত্যিকের লেখায় তৎকালীন সময় ও রাজনৈতিক বাস্তবতা অনুপস্থিত থাকত, এমন অভিযোগ সমালোচকরা বরাবরই করেছেন। ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এর পটভূমি জেনারেল এরশাদের শাসনামল। সেই সময়ের ছাপ আছে চরিত্রের কথাবার্তা ও গল্পের নানা ঘটনায়। বইটি পড়তে গিয়ে মনে হয়, লেখক শুধু কয়েকজন যুবকের গল্প বলতে চাননি, তাদের সময়টাও ধরতে চেয়েছেন।
বইটির প্রচ্ছদশিল্পী মাশুক হেলাল। তার একটি লেখায় হুমায়ূনের সঙ্গে আশির দশকে রাতের ঢাকা ঘুরে দেখার প্রসঙ্গ আছে। তার ভাষ্য, হুমায়ূন মাঝেমধ্যেই বেরিয়ে পড়তেন রাতের ঢাকা দেখতে। কোনো কোনো রাতে মাশুকও সঙ্গী হতেন তার। রেলস্টেশনে যেতেন তারা। ঘুরতেন পথঘাট। ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’ লেখার সময় সেই অভিজ্ঞতা ব্যবহার করা হয়েছে, এমনটা ধারণা করা যায়। কারণ এই অ্যাখানে রাতের ঢাকা কেবল গল্পের পটভূমি নয়, বরং আলাদা একটি চরিত্রের মতো।
গল্পের কেন্দ্রে তিন যুবক- আলম, মজিদ ও মাহিন। তাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো অসংগতি, হতাশা কিংবা অস্বস্তি আছে। তারা শুধু বন্ধুত্বের টানে একসঙ্গে হয়নি। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা সমস্যায় তারা বিচ্ছিন্ন এবং বিপর্যস্ত। তাদের একসঙ্গে রাত কাটানোর পেছনে আছে সব ভুলে থাকার চেষ্টা। এই তিন যুবকের সঙ্গে একসময় যুক্ত হন মির্জা সাহেব। বহু বছর পর দেশে ফিরেছেন তিনি। সঙ্গে তার ১৩ বছর বয়সী মেয়ে পলিন। ঢাকার একটি হোটেলে উঠেছেন তারা।
মেয়েকে হোটেলে রেখে রাতের শহর দেখতে বেরিয়ে পড়েছিলেন মির্জা সাহেব। এর কয়েক ঘণ্টার মধ্যে তার পথ এসে মিলে যায় ওই তিন যুবকের সঙ্গে। এর আগে মির্জা সাহেবের চোখেই দেখি বর্ষামাতম।
‘আকাশ মেঘলা। মাঝে-মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বাংলাদেশের আকাশ কি এই সময় মেঘলা থাকে? আজ অক্টোবর মাসের সতের তারিখ। বাংলা মাসটা কী কে জানে। ইংরেজি মাস দিয়ে কিছু বোঝা যায় না। বাংলা মাস মানেই ছবির মতো দৃশ্য। শ্রাবণ-টিপ-টিপ করে বৃষ্টি পড়ছে। কুচুগাছের রঙ কোমল সবুজ। এখানে-ওখানে পানি জমে আছে। আকাশ ধূসরবর্ণ। চৈত্র মাস– ঝাঁ-ঝাঁ করছে রোদ, আকাশ ঘন নীল, চোখের দৃষ্টি পিছলে যাবার মতো স্বচ্ছ, আকাশে চিল উড়ছে।’
এই আখ্যানে তিন যুবকের মধ্যে সবচেয়ে অদ্ভুত মজিদ চরিত্রটি। সে বুদ্ধিমান, সাহসী, কিন্তু ব্যর্থ। নিজেকে সে গাধা মনে করে। পড়াশোনা করেনি, থাকে আশ্রয়ে, চুরি করে এবং নানা কারণে মার খায়। তার কথাবার্তা ও আচরণে একধরনের অস্বাভাবিকতা আছে। কেউ তাকে বিরক্ত করলে সে বলে, ‘খুন করে ফেলব’। এখানে মনে রাখতে হবে সে হুমায়ূনের চরিত্র। সরাসরি এমন কথা বলা তার জন্য কঠিন। তাই মজিদ কথাটা উল্টো করে বলে, ‘নখু রেক বলফে।’ প্রথমে বিষয়টি মজার লাগে। কিন্তু গল্প যত এগোয়, মজিদের এই কথার ভেতরের ভয়াবহতা তত স্পষ্ট হতে থাকে।
মজিদকে প্রথম দিকে কিছুটা বেখাপ্পা চরিত্র মনে হতে পারে। কিন্তু তাকে নিয়ে লেখকের পরিকল্পনা থাকে অন্যরকম। তার ভেতরে জমে থাকা ক্ষোভ, অসহায়ত্ব ও অস্থিরতা শেষ পর্যন্ত ভয়ংকর পরিণতির দিকে গড়ায়। একটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সে। কিন্তু তার আগে নাপিতের দোকান থেকে চুরি করে নেয় একটি ক্ষুর। আর এই একটা ক্ষুরই পাঠকদের জাগিয়ে রাখায় যথেষ্ট। গল্পে এর সামনেই মির্জা সাহেবকে পড়তে হয়।
হুমায়ূন পাঠককে সরাসরি কোনো ইঙ্গিত দেন না, বরং গল্পের ভেতরেই ধীরে ধীরে তৈরি করেন অস্বস্তি। মির্জা সাহেবের সঙ্গে মজিদ ও তার বন্ধুদের দেখা হওয়ার পর গল্পে নতুন মাত্রা আসে। তার চোখে শহরটি যেমন একদিকে পরিচিত, অন্যদিকে রাতটি ততই অচেনা। হুমায়ূন অবশ্য আগেই জানিয়ে দেন: ‘সন্ধ্যায় যে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছিল তার চিহ্নমাত্র নেই। আকাশ পরিষ্কার। ঝকঝকে চাঁদ উঠেছে। ভেজা রাস্তার এখানে-ওখানে পানি জমে আছে। পানিতে চাঁদের ছবি। চমৎকার দৃশ্য। তার মনে হলো, এক শহরের চাঁদের সঙ্গে অন্য শহরের চাঁদের কিছু মিল নেই।’
মজিদ শেষ পর্যন্ত একটি অপরাধ করে। হত্যাকারীর প্রতি সহানুভূতি তৈরি হওয়া স্বাভাবিক নয়। কিন্তু হুমায়ূন এমনভাবে চরিত্রটি নির্মাণ করেন যে, পাঠক মজিদের ভেতরের মানুষটি বুঝতে চেষ্টা করেন। কারণ এটি বাংলাদেশের শহুরে সমাজের এমন এক অংশের ছবি, যা আড়ালে থেকে যায়। এখানে আছে ধনী, মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের জীবন; আছে গৃহকর্মী, বিত্তশালী পরিবারের বখে যাওয়া সন্তান এবং সমাজের নানা স্তরের মানুষের জীবনযাপন।
হুমায়ূন এমনিতে খুব বেশি ব্যাখ্যা করেন না। তবে শেষ পর্যন্ত চাঁদে পাওয়া এই গল্প কয়েকজন মানুষের ঘুরে বেড়ানোর আখ্যান নয়। এটি এক রাতের মধ্যে কয়েকটি জীবনের মুখোমুখি হওয়ার গল্প। শহরের চাঁদ, ভেজা রাস্তা, কয়েকজন হতাশ যুবক এবং বহু বছর পর দেশে ফেরা একজন মানুষের অভিজ্ঞতা মিলিয়ে হুমায়ূন এমন এক জগৎ তৈরি করেন, যেখানে স্বাভাবিকের মধ্যেই অপেক্ষা করে থাকে অস্বাভাবিক কিছু।






