মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) চাকরির সুযোগ তৈরি হয়েছে। ছবি: এআই
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ (পিআর) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ‘পিআর অ্যান্ড স্ট্র্যাটেজিক কনটেন্ট’ বিভাগে এ নিয়োগের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।
পদের বিবরণ
প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগকে আরও শক্তিশালী করতে কৌশলগত কনটেন্ট তৈরি ও করপোরেট যোগাযোগের দায়িত্ব পালনের জন্য এ নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের ব্র্যান্ড পরিচিতি, ব্যবসায়িক অর্জন ও করপোরেট মূল্যবোধ তুলে ধরতে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করবেন। পাশাপাশি প্রচলিত ও ডিজিটাল গণমাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি বাড়াতে কাজ করবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীকে জনসংযোগ অথবা মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া ইংরেজি কিংবা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ও দক্ষতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। জনসংযোগ, করপোরেট যোগাযোগ, কৌশলগত কনটেন্ট তৈরি কিংবা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট প্রতিষ্ঠান, স্বনামধন্য এজেন্সি অথবা গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। গল্প বলার কৌশল, কনটেন্ট লেখা, সম্পাদনা ও প্রুফরিডিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। পাশাপাশি গবেষণা, তথ্য বিশ্লেষণ ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন। জটিল ব্যবসায়িক তথ্যকে সহজ ও আকর্ষণীয় করপোরেট গল্পে রূপ দেওয়ার দক্ষতাও থাকতে হবে।
এ ছাড়া জনসংযোগ, করপোরেট যোগাযোগ, গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম, ডিজিটাল কনটেন্টের নতুন প্রবণতা এবং দর্শক-শ্রোতার সম্পৃক্ততা বাড়ানোর কৌশল জানতে হবে। এমএস অফিসসহ প্রয়োজনীয় ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার সরঞ্জাম ব্যবহারে দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে আন্তব্যক্তিক যোগাযোগ, সমন্বয়, সময় ব্যবস্থাপনা ও একাধিক কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
কাজের দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের বার্ষিক জনসংযোগ কনটেন্ট কৌশল তৈরি ও বাস্তবায়নে কাজ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি, করপোরেট ঘোষণা, গণমাধ্যমে প্রকাশের জন্য নিবন্ধ, মতামতধর্মী লেখা, ওয়েবসাইটের কনটেন্ট, ব্লগ, নিউজলেটার, ই-মেইল, জনসংযোগ প্রচারণা ও বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হবে।
এ ছাড়া মেঘনা গ্রুপের লিংকডইন, ফেসবুক ও করপোরেট ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বক্তৃতা, বক্তব্য, অনুষ্ঠান পরিচালনার চিত্রনাট্য ও বিভিন্ন যোগাযোগ উপকরণ প্রস্তুত করার দায়িত্বও থাকবে।
প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগ থেকে তথ্য সংগ্রহ করে সংবাদযোগ্য করপোরেট গল্প তৈরি, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ এবং সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। পাশাপাশি করপোরেট প্রোফাইল, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রকাশনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ উপকরণ তৈরিতে কাজ করতে হবে। সব ধরনের কনটেন্টের তথ্যের নির্ভুলতা, সম্পাদনার মান ও প্রতিষ্ঠানের বার্তার ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
পদটি পূর্ণকালীন। নির্বাচিত প্রার্থীকে ঢাকার গুলশানে প্রতিষ্ঠানের কার্যালয়ে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা ১৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।



