ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সাত দফা

সংগৃহীত ছবি
ব্যাংকের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীরা কেন বহন করবেন— এমন প্রশ্ন তুলে ক্ষতিপূরণ চেয়েছেন একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা। ব্যাংকগুলোর পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত না থাকলেও নিজেদের কষ্টার্জিত অর্থ হারানোর আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় আগের বিনিয়োগের বিপরীতে সমপরিমাণ শেয়ার অথবা অভিহিত মূল্য ফেরত এবং আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরা।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাত দফা দাবি জানিয়ে আবেদন করেছে একীভূত পাঁচটি ব্যাংক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ফোরাম (এমএফবিএআইএফ)। আবেদনের অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে। একই আবেদন বাংলাদেশ ব্যাংকেও পাঠানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
একীভূত হওয়া ব্যাংক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসি। এসব ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, একীভূতকরণের কারণে পাঁচ ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের আর্থিক স্বার্থ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের অনেকেই অবসরপ্রাপ্ত ব্যক্তি, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সীমিত আয়ের মানুষ। পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা এবং দীর্ঘদিনের সঞ্চয়ের কথা ভেবেই তারা ব্যাংকগুলোর শেয়ার কিনেছিলেন। এখন বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের আর্থিক ও মানসিক সংকটে ফেলেছে।
ব্যাংকগুলোর একীভূতকরণ ও পুনর্গঠনের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের আগের বিনিয়োগের অধিকার কীভাবে বিবেচনা করা হবে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছে ফোরাম।
আবেদনে আরও বলা হয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা ব্যাংকের পরিচালনা, ঋণ বিতরণ, অর্থ আত্মসাৎ কিংবা ব্যবস্থাপনাগত সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলেন না। প্রচলিত আইন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারবাজারের ব্যবস্থার ওপর আস্থা রেখেই তারা বিনিয়োগ করেছেন। তাই ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অনিয়মের দায় সাধারণ শেয়ারহোল্ডারদের ওপর চাপানো উচিত নয়। সংগঠনটির মতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ না করে সাধারণ মানুষের বিনিয়োগের অধিকার ক্ষুণ্ন করা ন্যায়বিচারের পরিপন্থী।
ফোরামের সাত দফা দাবির মধ্যে রয়েছে, একীভূত হওয়ার আগে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় থাকা শেয়ারের সংখ্যা ও অভিহিত মূল্য অনুযায়ী নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সমপরিমাণ শেয়ার দেওয়া অথবা সমপরিমাণ অভিহিত মূল্য ফেরত দেওয়া। পাশাপাশি দীর্ঘদিনের বিনিয়োগ, অর্থের সময়মূল্য ও আর্থিক ক্ষতি বিবেচনায় যুক্তিসংগত ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া, পাঁচ ব্যাংকের সম্পদ ও দায়, খেলাপিঋণ, অর্থ আত্মসাৎ এবং আর্থিক অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও স্বাধীন নিরীক্ষা করার দাবি জানানো হয়েছে। প্রত্যেক বিনিয়োগকারীর প্রকৃত শেয়ারসংখ্যা, ক্রয়মূল্য ও অভিহিত মূল্য যাচাই করে স্বচ্ছ তালিকা তৈরির পাশাপাশি সরকার, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সমন্বয়ে গঠিত কমিটি বা নীতিনির্ধারণী আলোচনায় ফোরামের প্রতিনিধিদের রাখারও দাবি রয়েছে।
ক্ষতিপূরণ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা ও সময়সীমা ঘোষণা এবং পাওনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেয়ার মালিকানার তথ্য ও প্রমাণ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।




