নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনের সামনে গতকাল মঙ্গলবার হাতবোমা বিস্ফোরণে আহত হন এক গাড়িচালক। ছবি: আগামীর সময়
গত কয়েকদিনে ক্যাম্পাসে একের পর এক হাতবোমা বিস্ফোরণের প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন বিদেশি দুই শিক্ষার্থী।
এই তথ্য জানিয়েছেন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এক অনুষ্ঠানে বলেন, গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তার ফলে দুইজন বিদেশি শিক্ষার্থী আজ বুধবার সকালে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন।
‘সকালে তারা আমাকে জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন। এই বিশ্ববিদ্যালয় আমরা চাই না।’
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিনে কয়েক দফা হাতবোমা বিস্ফোরণ ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন গতকাল হাতবোমা বিস্ফোরণে আহত হন এক গাড়িচালক।
এমন পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া বিদেশি দুই শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উপাচার্যও তাদের নাম জানাননি।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস। এই অফিসের সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেন আগামীর সময়কে জানান, বর্তমানে ৫০ জন বিদেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। যারা চলে গেছেন, তাদের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
সামাজিক বিজ্ঞান বিভাগের ওই অনুষ্ঠানে উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আগামী তিন মাসের মধ্যে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত ও শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে ওবিই পদ্ধতির বিকল্প নেই। এ পদ্ধতি চালু না হলে শিক্ষার্থীরা দেশি-বিদেশি চাকরির বাজারে পিছিয়ে পড়বেন। আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের জন্যও এটি জরুরি।
শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম আধুনিকায়নের ওপরও জোর দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, বিভিন্ন বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কোর্স চালু এবং পাঠ্যক্রমে সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। শুধু বিভাগের শিক্ষকদের নিয়ে কারিকুলাম পর্যালোচনা না করে সংশ্লিষ্ট পেশার বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও যুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জার্নালের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, শুধু পদোন্নতির প্রয়োজনে জার্নাল প্রকাশের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জার্নালগুলোকে আন্তর্জাতিক ইনডেক্সিংয়ের আওতায় আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনডেক্সিং অর্জনে ব্যর্থ জার্নাল বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষকদের নিয়মিত গবেষণা ও গবেষণাপত্র প্রকাশে উৎসাহিত করতে কার্যকর নীতিমালার প্রয়োজনের কথাও বলেন তিনি।



