পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

আসাদ নূর ও পারশা মাহজাবীন পূর্ণী
অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ধারণাই সত্যি হলো। ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের বিষয়টি স্বীকার করেন আসাদ নূর। পরে তার সেই লাইভ পারশা নিজের ফেসবুকেও শেয়ার করেন।
এর আগে গত ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন পারশা। তিনি জানান, এর আগের দিন, ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্দ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর পরিচয় গোপন রাখেন। ছবিতে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে দেন তিনি। একই সঙ্গে স্বামীর পরিচয় জানতে চেয়ে তাকে বা তার পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানান।
গত ৭ নভেম্বর রাতে স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা। ওই ছবিতেও তার স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখা হয়। এরপর থেকেই আসাদ নূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা আসাদ নূরের বিভিন্ন পোস্ট ও পারশার বিয়ের ছবির মধ্যে মিল খুঁজে বের করতে শুরু করেন। তাদের দাবি, গত ২১ অক্টোবর আসাদ নূর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেন। সেখানে তার পাশে একটি লাল শাড়ির আঁচল দেখা যায়। অন্যদিকে, ৭ নভেম্বর প্রকাশিত পারশার ছবিতে তার পরনের শাড়ির আঁচলের সঙ্গে ওই লাল আঁচলের মিল রয়েছে বলে দাবি করেন অনেকে।
শুধু শাড়ির আঁচল নয়, দুই ছবিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পান নেটিজেনরা। তাদের পর্যবেক্ষণ, আসাদ নূরের ২১ অক্টোবরের ছবিতে তার পরনে থাকা পাঞ্জাবির সঙ্গে পারশার স্বামীর পরনের পাঞ্জাবির মিল রয়েছে। এসব বিষয়কে সম্ভাব্য সূত্র হিসেবে দেখছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।
এ ছাড়া আসাদ নূর ও পারশা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করেন। তাদের বিভিন্ন ছবির পটভূমি নিয়েও আলোচনা হয়। নেটিজেনদের কেউ কেউ আসাদ নূরের একটি ছবির পেছনের দৃশ্যের সঙ্গে পারশার বিয়ের দিনের ছবির পটভূমির মিল পাওয়ার দাবি করেন। দুজনের কলকাতায় অবস্থানের বিষয়টিও আলোচনায় আসে।
আরেকটি বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয়। ব্যবহারকারীদের দাবি, গত মে মাসে আসাদ নূর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পারশার চোখের মতো দেখতে একটি ছবি প্রকাশ করেছিলেন। তবে ছবিটি বর্তমানে আর দেখা যাচ্ছে না। সেটি সত্যিই পারশার চোখের ছবি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আসাদ নূরের পরিচিত মহলেও একজন সংগীতশিল্পীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সেই সংগীতশিল্পীর পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত ছিলেন না।
উল্লেখ্য, আসাদ নূর দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার ব্লগের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্যপ্রযুক্তি আইনে একাধিক মামলা হওয়ার পর ২০১৯ সালে তিনি দেশ ছাড়েন। পরবর্তী সময়ে কানাডাসহ বিভিন্ন স্থানে তার অবস্থানের তথ্য পাওয়া যায়। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি অনলাইনেও সক্রিয় রয়েছেন তিনি।




