টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

মাদ্রাসাশিক্ষক রাব্বি হোসেন। ছবি: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।
রাব্বি টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানায়। তিনি মাদ্রাসায় বসবাস করতেন।
অভিযোগে বলা হয়েছে, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার শিক্ষক রাব্বি শিক্ষার্থী ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন।পরদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদ্রাসা থেকে বাড়িতে আনার জন্য সেখানে যান। এ সময় তিনি ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ৭ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে থাপ্পড় মারেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।




