এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন
- আটক ১

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত পাঁচটি স্থানে এক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন— রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার এসআই মাঈনুল ইসলাম।
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শাহবাগগামী সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনের সড়কে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আগামীর সময়কে জানান, প্রক্টরিয়াল বডির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ক্যাম্পাসে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এদিন সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বলে জানা গেছে।
প্রগতি সরণিতে ভাটারা থানা থেকে কিছুটা দূরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেওয়া বাসটির সামনে একই প্রতিষ্ঠানের আরও একটি বাস পার্ক করা ছিল। তবে ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ওসির সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’




