‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

‘ওয়েডিং কার্নিভাল’-এর ফ্যাশন শোতে পরিমনি। ছবি: ভিডিও থেকে নেওয়া
একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছেড়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরীমনির এমন অঙ্গভঙ্গি এবং স্লোগানের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা।
রবিবার (৮ নভেম্বর) রাতে গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই অভিনেত্রী। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন পরীমনি।
এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে উপস্থিত সাংবাদিকেরা দাবি করেছিলেন, ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনা তৈরি হয়েছিল।




