কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

নিহত নারী চিকিৎসক নাবিলা নুসরাত
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকার ঘটনা এটি।
নিহত নাবিলা নুসরাত বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি (উচ্চতর) ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী ও দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুরের বটতলায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলা মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলের থাকা প্রত্যক্ষদর্শী ডা. আসাদুজ্জামান সরওয়ার জানান, হঠাৎ ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




