বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি। ছবি: আগামীর সময়
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
আহত সদস্যের নাম মো. আতিকুল ইসলাম রাব্বি। তিনি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত। হামলায় তার নাক ফেটে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় একদল যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। এতে সমাবেশস্থলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ অতর্কিতে তার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন।
রাব্বি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। তখন তারা পোর্ট রোড এলাকায় চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানিয়েছেন, ঘটনার সময় তারা মঞ্চে ছিলেন। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




