শরীয়তপুর
জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

ভাই, ভাতিজা ও ভাগিনারা ঘরে তালা দেওয়ায় বাইরে বসে আছেন আব্দুর ছাত্তার খান
শরীয়তপুরের সখিপুরে পুত্রসন্তান না থাকায় নিজের জমি ছয় মেয়ের নামে লিখে দিয়েছেন আব্দুর ছাত্তার খান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাই, ভাতিজা ও ভাগিনার বিরুদ্ধে। শুধু ঘরে তালা দেওয়াই নয়, রান্নার চুলা ভেঙে ফেলা এবং বসতবাড়ির গাছ কেটে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমখালী বাজার এলাকার মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ও শারীরিকভাবে চলাচলে অক্ষম বৃদ্ধ বর্তমানে ঘরের সামনে খোলা আকাশের নিচে বিছানা পেতে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকার বাসিন্দা আব্দুর ছাত্তার খানের কোনো পুত্রসন্তান নেই। তার ছয় মেয়ে। তিনি নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে লিখে দিয়েছেন। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি এক মেয়ের বাড়িতে চলে যান। সম্প্রতি জমি মেয়েদের নামে লিখে দেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন তার ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদার।
পরিবারের অভিযোগ, জমি লিখে দেওয়ার জেরে অভিযুক্তরা আব্দুর ছাত্তার খানের ঘরে তালা ঝুলিয়ে দেন। এ সময় রান্নার চুলা ভেঙে ফেলা হয় এবং বাড়ির গাছপালা কেটে নেওয়া হয়। এমনকি কাটা গাছের গুঁড়িগুলো তার ঘরের সামনে স্তূপ করে রাখা হয়। এতে ঘরের দরজা ও চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
চিকিৎসা শেষে বাড়ি ফিরে ঘরে তালা ঝুলতে দেখেন আব্দুর ছাত্তার খান। স্ট্রোকের কারণে তিনি শারীরিকভাবে চলাচলে অক্ষম। ফলে ঘরে প্রবেশ করতে না পেরে বর্তমানে ঘরের সামনেই খোলা আকাশের নিচে বিছানা পেতে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও বিচার দাবি করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর ছাত্তার খানের ভাই মোস্তফা খান বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর ছাত্তার বাড়িতে না থাকায় ঘরে চুরির ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কা থেকে নিরাপত্তার জন্যই ঘরে তালা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা এখনো কোনো তথ্য পায়নি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




