দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখেন কয়েকজন শিক্ষার্থী।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের দেয়ালে হঠাৎ শেখ হাসিনার ফেরার স্লোগান দেখে উঠেছিল আলোচনা। পরে জানা গেল, ওই বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী তা লিখেছিল। এখন ওই শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম আজ শুক্রবার আগামীর সময়কে জানিয়েছেন, দেয়ালে স্লোগান লেখার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হবে।
পাশাপাশি অন্যদের বিষয়ে তথ্য নিয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, বলেছেন তিনি।
শিক্ষার্থীরা বলেছেন, তারা মজা করে দেয়ালে স্লোগানগুলো লিখেছিলেন। তবে পুলিশও এ ঘটনার দিকে নজর দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীরা কীভাবে এ ঘটনায় জড়িয়েছে এবং এর পেছনে অন্য কারও ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার সেই ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে পুলিশের বাধার মুখেও পড়ছে।
এর মধ্যেই চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান লেখা দেখে আলোচনা তৈরি হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তা জানাজানি হলে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেন।
ভিডিও পর্যালোচনা করে দেয়াল লিখনে জড়িত হিসেবে বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতজন শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের একটি গলিতে যাচ্ছিলেন। তাদের মধ্যে একজন স্প্রে দিয়ে দেয়ালে বাংলায় ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লেখেন।




