লৌহজং
অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, আটকের পর ২২ শিক্ষার্থীকে মুচলেকায় মুক্তি

ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি শিক্ষামূলক অনুষ্ঠান চলাকালে ‘জয় বাংলা’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিদ্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতে স্লোগান দেয়। এ সময় অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ স্লোগানদাতা শিক্ষার্থীদের ধাওয়া করে ২২ জনকে আটক করে। পরে তাদের বিদ্যালয় ভবনের দোতলার একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। অনুষ্ঠান শেষে বিকেল তিনটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফেরদাউস হিলাল বলেন, আটক শিক্ষার্থীদের অধিকাংশই দশম শ্রেণির। তবে যারা স্লোগান দিয়েছে, তারা কৌশলে পালিয়ে গেছে। আটক শিক্ষার্থীরা নিরপরাধ।
লৌহজং থানার ওসি মো. বোরহান উল ইসলাম বলেন, আটক শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। কয়েকজনের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা, তা জানতে ফোনগুলো পরীক্ষা করে খোঁজ নেওয়া হচ্ছে।




