বারহাট্টা
স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় পারিবারিক বিরোধের জেরে সাব্বির (২৪) নামে এক যুবক বিষপান করেছেন। এ সময় স্বামীকে বাধা দিতে গিয়ে তার স্ত্রী সামিরা আক্তারের মুখেও বিষ ঢুকে যায়। পরে দুজনকেই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের পাকস্থলী পরিষ্কারের পর হাসপাতালে ভর্তি করেন।
সাব্বির উপজেলার পূর্ব মৌয়াটি গ্রামের অজিত মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন জানান, বাবার সঙ্গে ঝগড়ার পর সাব্বির বিষপান করেন। এ সময় স্বামীকে বাধা দিতে গেলে সামিরা আক্তারের মুখেও বিষ ঢুকে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনেরই পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হারুন মিয়া জানান, পরবর্তী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।




