ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

ছবি: কোলাজ
কিশোরগঞ্জের ভৈরবে ওসির বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘুষ লেনদেনের একটি স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত ৩ অক্টোবর বেলা ১১টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে পৌর শহরের কমলপুর এলাকায় মনির কন্ট্রাক্টরের বাড়ি ও দোকানপাট দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার লোকজন। খবর পেয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও হাবিবুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক থানায় যোগাযোগ করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এলেও রহস্যজনক কারণে রাস্তার এক পাশে দাঁড়িয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।
অভিযোগ, পুলিশ যেন ঘটনাস্থলে এসে হামলায় বাধা না দেয়, সেজন্য প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার পক্ষ থেকে ওসির সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তী সময়ে ওই দিনই বিকাল ৪টা ১২ মিনিটে মুর্শেদ মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ওসি মাহবুবুর রহমানের ব্যক্তিগত বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা 'সেন্ড মানি' করা হয়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ জানান, সর্বস্ব হারিয়ে তারা থানায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান। ফলে প্রায় এক সপ্তাহ থানায় ঘুরে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন তারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান মোবাইল ফোনে জানান, ঘটনাটি সত্য নয়।
এদিকে এ বিষয়ে ভৈরব সার্কেলের এএসপি আবু মুছা শেখ সাংবাদিকদের জানান, বিকাশে টাকা লেনদেনের বিষয়টি শুনেছি। তদন্তে ওসির নম্বরে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



