খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর বাউফল পৌর শহরের একটি খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় জামে মসজিদের পাশের খালের ঘাটে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানালেন, যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। তার সঙ্গে ইট দিয়ে বাঁধা একটি বস্তাও পাওয়া গেছে। যুবকটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি।
স্থানীয়রা আরও জানিয়েছেন, মরদেহটি পচে যাওয়ায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
কয়েকজন মুসল্লি জানালেন, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ঘাটে অজু করতে এসে তারা খালে কোনো মরদেহ দেখতে পাননি। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন ঘাটের পাশে মরদেহটি দেখতে পান। তাদের ধারণা, খালের স্রোতে ভেসে এসে মরদেহটি সেখানে আটকে থাকতে পারে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।



