শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

শেখ হাসিনার ফেরা নিয়ে বরগুনায় ছাত্রলীগের মাইকিং
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরে মাইকিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
আজ শুক্রবার বিকালে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে মাইকিংয়ের ঘটনা অস্বীকার করেছে পুলিশ।
ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওতে বরগুনাবাসীর উদ্দেশে মাইকিং করতে দেখা যায় এক ব্যক্তিকে। তিনি নিজেকে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলন বলে পরিচয় দেন।
মাইকিংয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এ খবর সবার মধ্যে ছড়িয়ে দেন। প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে সবাই প্রস্তুতি নেন।’ মাইকিংয়ের প্রচারে বরগুনা জেলা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়।
এদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলনের উদ্যোগে বরগুনা পৌরসভার টাউন হল এলাকায় (মাইকিং) কর্মসূচি।’
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল কবির রেজা বলেন, ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। তার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে বরগুনা জেলা ছাত্রলীগসহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। এরই অংশ হিসেবে শুক্রবার বরগুনার টাউন হল এলাকায় মাইকিং করা হয়েছে।
তবে মাইকিংয়ের ঘটনা অস্বীকার করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।
তিনি বলেন, ‘ভিডিওটির কথা আমিও শুনেছি। তবে টাউন হল এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো ঘটনার তথ্য পাইনি। আমার কাছে মনে হচ্ছে, অন্য কোনো মাইকিংয়ের ভিডিওর সঙ্গে আলাদাভাবে সাউন্ড সংযুক্ত করে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।’



