ঈশ্বরদী
সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

ছবি: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নির্মাণাধীন এক বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কাকে কেন্দ্র করে চালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় চালকের কাছ থেকে নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালকের নাম মহাসিন প্রামাণিক। তিনি নাটোর জেলার রাজাপুরের সৈয়দ মোড় এলাকার কাশেম প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ মোড় এলাকায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের উদ্যোগে একটি তোরণ নির্মাণের কাজ চলছিল।
শনিবার সন্ধ্যায় শহরের পোস্ট অফিস মোড়সংলগ্ন খাদ্যগুদাম থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন চালক মহাসিন প্রামাণিক। এ সময় তার সহযোগী হিসেবে সঙ্গে ছিলেন শাহীন হোসেন। ট্রাকটি আলোবাগ মোড় এলাকায় পৌঁছালে রফিকুল ইসলাম নয়নের নির্মাণাধীন তোরণে সজোরে ধাক্কা লাগে। এতে তোরণটির কিছু অংশ হেলে পড়ে।
আহত ট্রাকচালকের ভাষ্য, ঘটনার পরপরই তোরণের আশপাশে থাকা নয়নের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি থামান। পরে তারা বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে তার একটি হাত ভেঙে যায়। এ সময় তার কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ঢাকার রাজাপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন জানান, ব্যক্তিগত কাজে তিনি বাইরে আছেন। তবে নেতাকর্মীরা তাকে বিষয়টি জানিয়েছেন। তার দাবি, বেপরোয়া গতিতে চলা ট্রাকটি নির্মাণাধীন তোরণে ধাক্কা দিলে ঘটনাস্থলে তোরণ নির্মাণের কাজে নিয়োজিত চারজন শ্রমিক আহত হন। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ট্রাকচালককে সামান্য মারধর করেন। পরে ট্রাকচালক স্বেচ্ছায় শ্রমিকদের চিকিৎসার জন্য চার হাজার টাকা দিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য ওই ট্রাকচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান নয়ন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।



