ইভান তুর্গেনেভ
প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

ইভান তুর্গেনেভ (নভেম্বর ৯, ১৮১৮ — সেপ্টেম্বর ৩, ১৮৮৩)
রুশ সাহিত্যের আকাশে তিনটি নক্ষত্র সবচেয়ে জ্বলজ্বলে— লিও তলস্তয়, ফিওদর দস্তয়েভস্কি এবং ইভান সার্গেইভিচ তুর্গেনেভ। কিন্তু এই তিনজনের মধ্যে তুর্গেনেভই একমাত্র, যিনি তার জীবদ্দশাতেই ইউরোপের সাহিত্য অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যার বই ইউরোপের সালোঁ থেকে শুরু করে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছিল, আর যার ব্যক্তিগত জীবনটি তার নিজের লেখা উপন্যাসের মতোই রহস্যময়, দ্বন্দ্বপূর্ণ এবং যারপরনাই ট্র্যাজিক। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি, নাট্যকার, অনুবাদক এবং পাশ্চাত্যে রুশ সাহিত্যের অন্যতম প্রধান প্রচারক। তার প্রথম বড় প্রকাশনা ‘এক শিকারীর ডায়েরি’ (১৮৫২) রুশ বাস্তববাদের এক মাইলফলক, আর তার উপন্যাস ‘পিতা ও পুত্র’ (১৮৬২) উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কল্পকাহিনি হিসেবে গণ্য। হেনরি জেমস তাকে বলেছিলেন ‘কবিদের কবি’, আর আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন ‘তিনি এখনও পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেখক’। অথচ এই বিপুল স্বীকৃতির আড়ালে ছিলেন এক দ্বিধাগ্রস্ত, নিঃসঙ্গ, ব্যক্তিজীবনে ব্যর্থ আর গভীরভাবে ক্ষতবিক্ষত এক মানুষ— যার সমগ্র সাহিত্যকর্ম তার নিজের অন্তর্জগতের প্রায় অনুপুঙ্খ দলিল।
তার জীবনকে যদি একটি বাক্যে বাঁধতে হয়, তবে বলতে হয়— এটি ছিল এক অপূর্ণ প্রেম, এক নীরব প্রতারণা এবং এক অসামান্য প্রতিভার ত্রিভুজ, যা তাকে সারাজীবন তাড়া করেছে, আবার তিনিই এই ত্রিভুজের ভেতর থেকে সৃষ্টি করেছেন বিশ্বসাহিত্যের অমর সব মাস্টারপিস।
এখানে আমাদের অনেকের গুরু সেলিম আল দীনের কথা মনে পড়ল। আমার সঙ্গে তুর্গেনেভের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে মুক্তমঞ্চের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময়। তার আগ পর্যন্ত আমি তুর্গেনেভের নামটুকুও শুনিনি। স্যার বলছিলেন— ‘শোন, তোকে তুর্গেনেভের ত্রিভুজের কথা বললাম না? এই ত্রিভুজের তিনটি বাহু আসলে কী? প্রথম বাহুটি হলো তার প্রেমের প্রতি নিবেদন— ফরাসি অপেরা গায়িকা পলিন ভিয়ার্দোরের প্রতি তার আজীবন নিবেদিত, অথচ অপূর্ণ থাকা প্রেম। দ্বিতীয় বাহু— সেই প্রেমের ভেতরে লুকিয়ে থাকা এক নীরব প্রতারণা, যা তিনি মূলত নিজের সঙ্গেই করেছেন, নিজের আদর্শের সঙ্গেই করেছেন। আর তৃতীয় বাহু— তার সেই বিরল প্রতিভা, যা এই দুই পরস্পরবিরোধী আবেগকে শিল্পে রূপান্তরিত করেছে।’
সেলিম স্যার খুব ডিস্টার্ব করছেন তুর্গেনেভ মাথায় আসার পর থেকেই। তার গল্প, উপন্যাস আর নাটকগুলো পড়াও হয়েছিল সেলিম স্যারের সূত্রেই। তাই স্যারকে সালাম জানিয়ে চলুন আমরা এই নিবন্ধে তার বলা সেই ত্রিভুজের ভেতরে ঢুকে দেখি— তুর্গেনেভ আসলে কে, কীভাবে তিনি তার ব্যক্তিগত যন্ত্রণাকে সাহিত্যে রূপ দিয়েছেন এবং কেন আজকের বাংলাদেশের পাঠকের কাছেও তিনি প্রাসঙ্গিক হতে পারেন।
এক আহত শিশুর বিশ্বখ্যাত লেখক হয়ে ওঠা
ইভান সার্গেইভিচ তুর্গেনেভ ১৮১৮ সালের ৯ নভেম্বর (পুরনো পঞ্জিকাসূত্রে ২৮ অক্টোবর) রুশ সাম্রাজ্যের ওরিওল শহরে এক প্রাচীন ধনী অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সার্গেই নিকোলায়েভিচ তুর্গেনেভ (১৭৯৩–১৮৩৪) ছিলেন রুশ অশ্বারোহী বাহিনীর কর্নেল, যিনি ১৮১২ সালের দেশের জন্য যুদ্ধে অংশ নিয়েছিলেন। পিতার পরিবার ছিল তুলুস অঞ্চলের এক প্রাচীন কিন্তু দরিদ্র তুর্গেনেভ বংশ, যার ইতিহাস পঞ্চদশ শতক পর্যন্ত বিস্তৃত। মা ভারভারা পেত্রোভনা তুর্গেনেভা (জন্মগত নাম লুতোভিনোভা; ১৭৮৭–১৮৫০) ছিলেন ওরিওল গভর্নরেটের ধনী লুতোভিনভ পরিবারের সন্তান। তিনি তার স্বৈরাচারী সৎপিতার অধীনে এক অসুখী শৈশব কাটান এবং মায়ের মৃত্যুর পর সৎপিতার ঘর ছেড়ে চাচার কাছে চলে যান। ২৬ বছর বয়সে তিনি চাচার কাছ থেকে বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হন এবং ১৮১৬ সালে কর্নেল তুর্গেনেভকে বিয়ে করেন।
ইভান ও তার দুই ভাই নিকোলাই এবং সার্গেই বড় হন তাদের মা— একজন শিক্ষিত ও কর্তৃত্বপরায়ণ নারীর— হাতে। তাদের বাসস্থান ছিল স্পাসকোয়ে-লুতোভিনোভো এস্টেট, যা ইভান দ্য টেরিবল তাদের পূর্বপুরুষ ইভান ইভানোভিচ লুতোভিনভকে দিয়েছিলেন। ভারভারা তুর্গেনেভা পরে ‘মুমু’ গল্পের নিষ্ঠুর ভূস্বামিনীর চরিত্রের অনুপ্রেরণা হয়ে ওঠেন। ভাইদের বিদেশি গভর্নেস ছিল; ইভান ফরাসি, জার্মান ও ইংরেজিতে সাবলীল হয়ে ওঠেন। পরিবারের সদস্যরা দৈনন্দিন জীবনে— এমনকি প্রার্থনাতেও— ফরাসি ব্যবহার করতেন। পিতা পরিবারের সঙ্গে খুব কম সময় কাটাতেন; তিনি শত্রুভাবাপন্ন না হলেও তার অনুপস্থিতি ইভানের অনুভূতিতে আঘাত করত। তাদের সম্পর্কের বর্ণনা আছে আত্মজীবনীমূলক উপন্যাস ‘প্রথম প্রেম’-এ। ইভানের বয়স যখন চার, তখন পরিবার জার্মানি ও ফ্রান্স ভ্রমণ করে। ১৮২৭ সালে তুর্গেনেভরা মস্কোতে চলে যান সন্তানদের যথাযথ শিক্ষার জন্য।
তুর্গেনেভের মা ভারভারা ছিলেন অসাধারণ প্রতিভাবান— শিক্ষিত, বহুভাষাবিদ; তবে একই সঙ্গে নিষ্ঠুর ও স্বৈরাচারী নারী, যার অত্যাচার থেকে নিজের সন্তানরাও রক্ষা পায়নি। তার অধীনে প্রায় পাঁচ হাজার দাস ছিল, আর তিনি তাদের শাসন করতেন যেন বজ্রমুষ্টিতে। তুচ্ছ কারণে— যেমন কেউ হাসল না, এই কারণে— তিনি দাসদের চাকরিচ্যুত করতেন। তুর্গেনেভের বাবা সম্পদের লোভে তাকে বিয়ে করেছিলেন। তুর্গেনেভ যখন ছোট, তখন তার বাবা মারা যান, তাই তিনি এক স্বৈরাচারী নারীর শাসনে বড় হন। এই শৈশবের অভিজ্ঞতাই তার ব্যক্তিত্বের গভীরে এক চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করেছিল। মাতৃস্নেহের এই অভাবই তার মধ্যে আজীবন এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করেছিল— এমন এক নারীর জন্য, যিনি তাকে সেই ভালোবাসা দেবেন যা তিনি শৈশবে পাননি। এই শৈশবের ক্ষতই তার সাহিত্যের কেন্দ্রীয় আবেগ হয়ে উঠেছিল: দুর্বল, দ্বিধাগ্রস্ত পুরুষ এবং শক্তিশালী, স্নেহময়ী কিন্তু দুর্লভ নারীর দ্বৈত চিত্র। ফলস্বরূপ, তুর্গেনেভের বেশিরভাগ নারীচরিত্র খুব শক্তিশালী ও দৃঢ়চেতা মনে হয়, আর তার পুরুষচরিত্রগুলি দুর্বল ও দ্বিধাগ্রস্ত। এটি কিছুটা ফ্রান্ৎস কাফকার ভাগ্যের মতো— তিনিও তার পিতার স্বৈরশাসনের অধীনে বড় হয়েছিলেন, যা তার লেখাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল; তার বেশিরভাগ চরিত্র সবসময়ই কোনো কারণ ছাড়াই নিপীড়িত হয় এবং প্রায়শই এক দুঃস্বপ্নের জগতে বেঁচে থাকে।
শিক্ষাজীবনে তুর্গেনেভ মস্কো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন, এরপর সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে ক্লাসিক্স, রুশ সাহিত্য ও ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। এই সময়ে তার বাবা কিডনিতে পাথর হয়ে মারা যান, এরপর তার ছোট ভাই সার্গেই মৃগীরোগে মারা যায়। ১৮৩৮ থেকে ১৮৪১ পর্যন্ত তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে দর্শন— বিশেষত হেগেল— ও ইতিহাস অধ্যয়ন করেন। বার্লিনে তিনি স্টানকেভিচ, হার্জেন ও বাকুনিনের মতো রুশ বুদ্ধিজীবীদের সংস্পর্শে আসেন এবং হেগেলীয় দর্শনে গভীরভাবে প্রোথিত হন। এই অভিজ্ঞতা তার বিশ্বদৃষ্টি গঠনে নির্ণায়ক ভূমিকা রাখে; তিনি নিজেকে ‘পাশ্চাত্যবাদী’ হিসেবে ঘোষণা করেন এবং আজীবন সেই পরিচয় বহন করেন। তিনি চেয়েছিলেন রাশিয়া জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিকে অনুসরণ করে একটি উন্নত সমাজ হয়ে উঠুক। তার অনেক শিক্ষিত সমসাময়িকের মতো তিনিও দাসপ্রথার ঘোর বিরোধী ছিলেন। ১৮৪১ সালে তিনি রুশ সরকারি চাকরিতে যোগ দেন এবং দুই বছর (১৮৪৩–১৮৪৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন।
তুর্গেনেভের সাহিত্যের প্রথম দিকের প্রচেষ্টা— কবিতা ও স্কেচ— প্রতিভার ইঙ্গিত দিয়েছিল এবং তৎকালীন শীর্ষস্থানীয় রুশ সমালোচক ভিসারিওন বেলিনস্কি দ্বারা প্রশংসিত হয়েছিল। জীবনের পরবর্তী অংশে তিনি রাশিয়ায় বেশি থাকতেন না; তিনি বাডেন-বাডেন বা প্যারিসে বাস করতেন, প্রায়শই বিখ্যাত অপেরা গায়িকা পলিন ভিয়ার্দোরের পরিবারের নিকটে, যার সঙ্গে তার আজীবন প্রণয় সম্পর্ক ছিল। তিনি কখনো বিয়ে করেননি। তবে পরিবারের দাসীদের সঙ্গে তার সম্পর্ক ছিল। এমনই একটি সম্পর্ক থেকে তার কন্যা পলিনেতের জন্ম হয়। তিনি ছিলেন লম্বা ও চওড়া কাঁধের, কিন্তু ভীতু, সংযত ও মৃদুভাষী। তার বয়স যখন ১৯, জার্মানিতে একটি স্টিমবোটে ভ্রমণের সময় নৌকায় আগুন ধরে যায়। তার শত্রুদের গুজব অনুসারে তিনি ভীরুতার সঙ্গে প্রতিক্রিয়া দেখান। তিনি এই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু এই গুজব রাশিয়ায় ছড়িয়ে পড়ে এবং তার সমগ্র কর্মজীবনে তাকে অনুসরণ করে, যা তার ‘আ ফায়ার অ্যাট সি’ গল্পের ভিত্তি হয়ে ওঠে। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ রুশ পুরুষদের কাছে সর্বোচ্চ মূল্য হলো বীরত্ব। একবার একটি বিরোধে টলস্টয় তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলে তুর্গেনেভ অংশ নিতে অস্বীকার করেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ— রাশিয়ার দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব আলেকজান্ডার পুশকিন এবং মিখাইল লারমনটোভ দ্বন্দ্বযুদ্ধে, ডুয়েল লড়তে গিয়ে মারা যান, কারণ কেউ তাদের অপমান করেছিল। কিন্তু তুর্গেনেভ যেহেতু খুব বিবেকবান, তার ইউরোপীয় যুক্তিবাদী চিন্তাধারা সম্ভবত বিপদ ও ঝুঁকি এড়িয়ে চলত— এবং এটিই একটি কারণ কেন তাকে ‘সবচেয়ে অ-রুশ রুশ লেখক’ বলা হয়। তিনি যথেষ্ট কঠোর ছিলেন না। দস্তয়েভস্কি এবং টলস্টয় দুজনেই কিছু সময় রুশ সেনাবাহিনীতে ছিলেন, তাই তারা অনুভব করেছিলেন জীবন কত কঠিন হতে পারে।
তুর্গেনেভ ছিলেন খুব লম্বা— ১৯২ সেন্টিমিটার বা ৬ ফুট ৩ ইঞ্চি; তিনি টলস্টয় (১৮১ সেমি) এবং দস্তয়েভস্কি (১৬৯ সেমি)— দুজনের চেয়েই লম্বা ছিলেন। শুধু তা-ই নয়, তুর্গেনেভের মস্তিষ্কের ওজন ছিল ২ কিলোগ্রাম বা ৪ পাউন্ড ৭ আউন্স, যেখানে গড় মানুষের মস্তিষ্কের ওজন মাত্র প্রায় ১.৩ কিলোগ্রাম বা ৩ পাউন্ড। এত বড় মস্তিষ্ক বহন করার জন্য তুর্গেনেভের প্রতি দস্তয়েভস্কির সহানুভূতি থাকা উচিত ছিল— কারণ দস্তয়েভস্কি মনে করতেন, বড় মস্তিষ্কের মানুষ জীবনে বেশি কষ্ট পায়।
১৮৮৩ সালের জানুয়ারিতে তার সুপ্রাপিউবিক অঞ্চল থেকে একটি আক্রমণাত্মক ম্যালিগন্যান্ট টিউমার (লাইপোসারকোমা) অপসারণ করা হয়, কিন্তু ততদিনে টিউমারটি তার উপরের মেরুদণ্ডে ছড়িয়ে পড়েছে, যা জীবনের শেষ মাসগুলিতে তাকে তীব্র যন্ত্রণা দেয়। ১৮৮৩ সালের ৩ সেপ্টেম্বর প্যারিসের কাছে বুজিভালে তার বাড়িতে মেটাস্ট্যাটিক লাইপোসারকোমার জটিলতায় স্পাইনাল অ্যাবসেসে তার মৃত্যু হয়। তার মৃতদেহ রাশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেন্ট পিটার্সবার্গের ভলকোভো কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুশয্যায় তিনি টলস্টয়কে অনুরোধ করেছিলেন— ‘বন্ধু, সাহিত্যে ফিরে এসো!’ এরপর টলস্টয় ‘দ্য ডেথ অফ ইভান ইলিচ’ ও ‘দ্য ক্রয়েতজার সোনাটা’-র মতো রচনা লেখেন।
পলিন— এক জীবনের প্রেম, এক আজীবনের অপূর্ণতা
তুর্গেনেভের প্রেমের গল্পটি শুরু হয় ১৮৪৩ সালে, সেন্ট পিটার্সবার্গের অপেরা হাউসে। তখন তার বয়স পঁচিশ, আর পলিন ভিয়ার্দোরের বাইশ। পলিন ছিলেন একজন ফরাসি অপেরা গায়িকা, যিনি তার অসাধারণ কণ্ঠে গোটা ইউরোপকে মুগ্ধ করছিলেন। কিন্তু তুর্গেনেভকে মুগ্ধ করেছিল তার কণ্ঠের চেয়েও বেশি কিছু— এক অদ্ভুত, অব্যক্ত আকর্ষণ, যা তিনি নিজেই কোনোদিন ব্যাখ্যা করতে পারেননি। পলিন বিবাহিত ছিলেন ফরাসি শিল্প-সমালোচক ও থিয়েটার পরিচালক লুই ভিয়ার্দোরের সঙ্গে। কিন্তু এই বিয়ে তুর্গেনেভকে থামাতে পারেনি। তিনি পলিনের পরিবারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েন যে জীবনের বাকি চল্লিশ বছর— মৃত্যুর আগ পর্যন্ত— তিনি পলিন, লুই এবং তাদের সন্তানদের সঙ্গেই বিভিন্ন ইউরোপীয় শহরে কাটিয়ে দেন। প্যারিস, বাডেন-বাডেন, লন্ডন— তার কোনো নিজস্ব ঠিকানা ছিল না। তিনি ছিলেন এক পরবাসী, যিনি অন্যের পরিবারের ছায়ায় নিজের অস্তিত্ব টেনে নিয়েছেন। তাকে অনেকে বলেছেন পলিনের ‘অনানুষ্ঠানিক স্বামী’, আবার কেউ কেউ বলেছেন ‘পরের বাসার ধারে বাস করা এক পরবাসী’।
কিন্তু এই সম্পর্কের সবচেয়ে মর্মান্তিক দিকটি হলো— এটি সম্ভবত কখনোই সম্পূর্ণ হয়নি। গবেষকদের মতে, তুর্গেনেভ ও পলিনের সম্পর্ক ছিল ‘প্রচলিত সম্পর্কের ধারণার বাইরে’, এবং এটি কখনো পূর্ণ হয়নি বলে সাধারণভাবে বিশ্বাস করা হয়। পলিন তার স্বামী লুইকে ভালোবাসতেন, এবং তার শিল্পের প্রতি ছিল একক নিবেদন। তুর্গেনেভ সেই প্রেমের ভেতরে ঢুকেছিলেন, কিন্তু কখনো তার সম্পূর্ণ অধিকার পাননি। তিনি পলিনকে লিখেছিলেন, ‘আপনার সঙ্গে আমার পথে দেখা হওয়া ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। হে ঈশ্বর, আমি আমার সমগ্র জীবন আপনার প্রিয় পায়ের নিচে নিজেকে কার্পেট হিসেবে বিছিয়ে দিতে চাই।‘ কিন্তু এই নিবেদন কখনো পলিনের পূর্ণ প্রতিদান পায়নি।
এই অপূর্ণতাই তাকে সারাজীবন তাড়া করেছে, এবং এই অপূর্ণতাই তার সাহিত্যের কেন্দ্রীয় আবেগ হয়ে উঠেছে। তার প্রায় প্রতিটি প্রেমের গল্পে যে শক্তিশালী, দুর্লভ নারী এবং দুর্বল, দ্বিধাগ্রস্ত পুরুষের সম্পর্ক দেখি, তার উৎস এই ব্যক্তিগত অভিজ্ঞতা। ‘প্রথম প্রেম’, ‘আসিয়া’, ‘বসন্তের স্রোত’— সবখানেই প্রেম আসে এক ঝড়ের মতো, যা মানুষের জীবনকে ওলটপালট করে দেয়, তারপর চলে যায়, রেখে যায় কেবল স্মৃতি ও শূন্যতা। ভালোবাসা এখানে কোনো সুখের বিষয় নয়, বরং এক ‘ধ্বংসাত্মক শক্তি’, যা সুখ আনে না, বরং ধ্বংস ডেকে আনে; ভালোবাসার ভেতরেই মৃত্যুর বিষ লুকানো।
এই প্রসঙ্গে একটি বিষয় লক্ষণীয়। তুর্গেনেভ পলিনের পরিবারের সঙ্গে থাকতেন, কিন্তু পলিনের স্বামী লুই ভিয়ার্দো ছিলেন তার বন্ধুও। এই অস্বাভাবিক ত্রিভুজ— এক নারী, তার স্বামী এবং এক প্রেমিক, যিনি কখনো প্রেমিকের মর্যাদা পাননি— তুর্গেনেভের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় আয়রনি হয়ে আছে। তিনি পলিনকে ভালোবেসেছিলেন, কিন্তু কখনো তাকে পাওয়ার দাবি করেননি। তিনি লুইয়ের বন্ধু ছিলেন, কিন্তু তার স্ত্রীকে ভালোবাসতেন। এই দ্বৈততা তাকে সারাজীবন বিভক্ত করেছে, এবং এই বিভক্তিই তার সাহিত্যের মূল সুর।
নিজের সঙ্গেই এক নীরব বিশ্বাসঘাতকতা, প্রতারণা
কিন্তু এই ত্রিভুজের দ্বিতীয় বাহুটি— প্রতারণা— আরও জটিল। তুর্গেনেভ পলিনকে ভালোবেসেছিলেন, কিন্তু তিনি কি কখনো পলিনকে পুরোপুরি পেয়েছিলেন? না। আর এই না-পাওয়ার যন্ত্রণা থেকে তিনি যে প্রতারণাটি করেছেন, তা কাউকে নয়— নিজেকেই। তিনি নিজের প্রতিভাকে, নিজের সময়কে, নিজের সম্ভাবনাকে পলিনের পেছনে ব্যয় করেছেন। তার সমসাময়িকরা এই নিবেদনকে ভীরুতার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। তার শত্রুরা গুজব ছড়িয়েছিলেন যে ১৯ বছর বয়সে জার্মানিতে একটি স্টিমবোটে আগুন লাগলে তিনি ভীরুতার সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি এই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু এই গুজব তার সমগ্র কর্মজীবনে তাকে অনুসরণ করে।
কিন্তু আসল প্রতারণাটি ছিল আরও গভীরে। তুর্গেনেভ তার সমগ্র জীবন রাশিয়ার বাইরে কাটিয়েছেন— এক দেশের লেখক, যিনি নিজের দেশেই পরবাসী। তিনি রাশিয়াকে ভালোবাসতেন, কিন্তু রাশিয়ার বাস্তবতা— দাসপ্রথা, স্বৈরশাসন, পিতৃতান্ত্রিক নিষ্ঠুরতা— তাকে বিতৃষ্ণায় ভরিয়ে দিত। তিনি ইউরোপে আশ্রয় খুঁজেছিলেন, কিন্তু সেখানে কখনো সম্পূর্ণ ‘ঘর’ বানাতে পারেননি। এই দ্বিমুখী নির্বাসন— রাশিয়া ও ইউরোপের মধ্যে এক চিরন্তন পরবাসী জীবন— তার সাহিত্যে এক গভীর ঐতিহাসিক চেতনা তৈরি করেছে। কিন্তু ব্যক্তিগত জীবনে এই দ্বিমুখীতা তাকে এক নীরব প্রতারকের মতো করে তুলেছে— তিনি একই সঙ্গে দুই জায়গার মানুষ, অথচ কোথাও সম্পূর্ণ নন।
তবে এই প্রতারণার সবচেয়ে বড় শিকার ছিলেন তিনি নিজেই। ‘পিতা ও পুত্র’-এর প্রকাশের পর যখন উভয় পক্ষের সমালোচনার ঝড় ওঠে— রক্ষণশীলরা তাকে নিহিলিজমকে মহিমান্বিত করার অভিযোগ তোলেন, আর র্যাডিকালরা মনে করেন তিনি ব্যাকরভকে বিকৃত করেছেন— তখন তুর্গেনেভ এতটাই মোহভঙ্গ হন যে তিনি রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নেন এবং তার বেশিরভাগ পাঠককে হারান। এই প্রতারণার অনুভূতি— নিজের সৃষ্টির প্রতি নিজের দেশবাসীর অবিশ্বাস— তাকে জীবনের শেষ বছরগুলোতে আরও নিঃসঙ্গ করে তোলে।
এই নিঃসঙ্গতা ও মৃত্যুচেতনা তার সাহিত্যে এক গভীর দার্শনিক মাত্রা যোগ করেছে। তার চিঠিপত্রে পাওয়া যায় এমন বাক্য— ‘আমার আত্মা অন্ধকার রাতের চেয়েও অন্ধকার… কবর যেন আমাকে গিলে ফেলার জন্য তাড়াহুড়ো করছে; একটি দিন কেটে যায়— শূন্য, লক্ষ্যহীন, বর্ণহীন’। এই অন্ধকার কেবল ক্ষণিকের বিষণ্নতা ছিল না— এটি ছিল এক স্থায়ী অস্তিত্বগত অবস্থা। তার বিখ্যাত উক্তি— ‘আমি মুক্তি চাই না, আমি সত্য চাই’— এই অন্ধকারেরই আরেক রূপ। তিনি সান্ত্বনা চাননি, তিনি চেয়েছিলেন নির্মম সত্যকে মুখোমুখি হতে, এমনকি যদি সেই সত্য তাকে ধ্বংস করে দেয়। তুর্গেনেভ ছিলেন আরও রোমান্টিক লেখক— পুশকিন ও লারমনটোভের ছাঁচে— কিন্তু একই সঙ্গে হতাশাবাদী বাস্তববাদী, তার বন্ধু গুস্তাভ ফ্লবেয়ারের মতো, ‘মাদাম বোভারি’-র লেখক, যিনি রাজনীতির ঊর্ধ্বে শৈল্পিক ধরনকে গুরুত্ব দিতেন। তার আবেগের অভাব তার উপন্যাসগুলিকে সাহায্য করেনি, কারণ বেশিরভাগ পাঠক কিছুটা বিশ্বাসসম্পন্ন লেখক প্রত্যাশা করেছিলেন। দস্তয়েভস্কি ও টলস্টয় মুক্তি চেয়েছিলেন, তাই তাদের উপন্যাসে আরও আবেগপ্রবণ শক্তি রয়েছে। কিছু পাঠক টলস্টয় ও দস্তয়েভস্কিকে তাদের উপন্যাসে কিছুটা উপদেশমূলক মনে করেন, যা একটি নেতিবাচক দিকও হতে পারে।
প্রতিভা— যে শিল্প যন্ত্রণাকে জয় করেছে
কিন্তু এই দুই বাহুর মাঝখানে যে তৃতীয় বাহুটি— প্রতিভা— সেটিই তুর্গেনেভকে মহান করেছে। তার প্রতিভা ছিল এক বিরল মিশ্রণ— গীতিকবিতার সুর, বাস্তববাদের নির্মোহতা এবং মনস্তাত্ত্বিক সূক্ষ্মতার। তিনি নিজেই বলেছেন, ‘কবিকে মনোবিজ্ঞানী হতে হবে, কিন্তু গোপন মনোবিজ্ঞানী। তাকে ঘটনার মূল জানতে ও অনুভব করতে হবে, কিন্তু তিনি কেবল ঘটনাগুলিই উপস্থাপন করবেন— তাদের বিকাশ ও ক্ষয়ের মধ্যে।’ এই ‘গোপন মনোবিজ্ঞান’ পদ্ধতিই তার শিল্পের মূল সূত্র। তিনি চরিত্রের আবেগের উৎস ব্যাখ্যা করেন না, কেবল তার প্রকাশ— একটি শব্দ, একটি নীরবতা, একটি দৃষ্টি— দিয়ে যান, আর পাঠককে সেই আবেগের গভীরে পৌঁছানোর দায়িত্ব দেন।
তুর্গেনেভের সাহিত্যজীবন শুরু হয়েছিল মূলত একজন কবি হিসেবে, এবং এই প্রাথমিক শৃঙ্খলা তাকে একটি গীতিধর্মী সুর ও শৈলীগত সৌন্দর্য বিকাশে সহায়তা করেছিল, যা তার লেখার স্থায়ী গুণে পরিণত হয়। তার প্রথম বড় সাফল্য ‘এক শিকারীর ডায়েরি’ (A Hunters Note), যা ১৮৪৭ থেকে ১৮৫২ সালের মধ্যে উদারপন্থী পত্রিকা ‘সোভরেমেন্নিক’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৮৫২ সালে একক খণ্ডে প্রকাশিত হয়। এই গল্পগুলিতে তিনি শিকারের আড়ালে রুশ গ্রামীণ জীবনের বাস্তব চিত্র— কৃষক, ভূস্বামী ও দাসদের পারস্পরিক সম্পর্ক— এতটাই নিখুঁতভাবে তুলে ধরেন যে এই সংকলনকে ১৮৬১ সালে দাসপ্রথা বিলোপের পক্ষে জনমত গঠনে সহায়ক হিসেবে গণ্য করা হয়। গুস্তাভ ফ্লবেয়ার এই বই পড়ে তুর্গেনেভকে লিখেছিলেন, ‘তোমার এক শিকারীর ডায়েরি পড়ে আমার ইচ্ছে করে একটা ঝাঁঝালো গাড়িতে চড়ে বরফে ঢাকা মাঠের মধ্য দিয়ে নেকড়ের ডাক শুনতে যাই।’ এই সংকলনের বিশেষত্ব হলো, তুর্গেনেভ কৃষককে করুণার পাত্র বা আদর্শায়িত প্রতীক হিসেবে আঁকেননি; তিনি তাদের ব্যক্তিগত গর্ব, স্বপ্ন, হাসি, কষ্ট, নিষ্ঠুরতা ও মানবিক জটিলতা— সবকিছুর সঙ্গে জীবন্ত করে তুলেছেন। এই গল্পগুলিতে তিনি ‘সাংবাদিকতার ধাঁচে’ লিখেছেন— এক দেশি ভূস্বামী কৃষকদের নিজেদের গল্প বলতে দেন কোনো হস্তক্ষেপ বা বিচার ছাড়াই।
১৮৫২ সালে, যখন তার রুশ সমাজ সম্পর্কিত প্রথম প্রধান উপন্যাসগুলি তখনও আসেনি, তুর্গেনেভ নিকোলাই গোগোলের জন্য একটি শোকবক্তৃতা লেখেন, যা ‘সেন্ট পিটার্সবার্গ গেজেট’-এ প্রকাশের উদ্দেশ্যে ছিল। মূল অংশে লেখা ছিল: ‘গোগোল মারা গেছেন!... কোন রুশ হৃদয় এই তিনটি শব্দে আন্দোলিত হয় না?... তিনি চলে গেছেন, সেই মানুষ, যাঁকে আমরা এখন মহান বলার অধিকার পেয়েছি।’ সেন্ট পিটার্সবার্গের সেন্সর এটি অনুমোদন করেননি এবং প্রকাশ নিষিদ্ধ করেন, কিন্তু মস্কোর সেন্সর এটিকে প্রকাশের অনুমতি দেন। সেন্সর বরখাস্ত হন; কিন্তু তুর্গেনেভকে এই ঘটনার জন্য দায়ী করা হয়, এক মাস কারারুদ্ধ করা হয় এবং প্রায় দুই বছর তার গ্রামের এস্টেটে নির্বাসিত করা হয়। এই সময়েই তিনি ১৮৫৪ সালে ‘মুমু’ (MUMU) ছোটগল্প লেখেন। গল্পটি একজন বধির ও মূক কৃষকের কথা বলে, যাকে পৃথিবীতে তার একমাত্র সুখ— তার কুকুর মুমু— ডুবিয়ে মারতে বাধ্য করা হয়। ‘এক শিকারীর ডায়েরি’-র মতো এই কাজটিও দাস সমাজের নিষ্ঠুরতার বিরুদ্ধে লক্ষ্য স্থির করে। এই কাজটিকে পরে জন গলজওয়ার্দি প্রশংসা করেন এবং দাবি করেন, ‘স্বৈরাচারী নিষ্ঠুরতার বিরুদ্ধে এত তীব্র প্রতিবাদ শিল্পের পরিভাষায় কখনো লেখা হয়নি।’
‘এক শিকারীর ডায়েরি’-র পর তুর্গেনেভের ছোটগল্প ও নভেলার ধারায় আসে একের পর এক মাস্টারপিস। ‘আসিয়া’ (১৮৫৮), ‘প্রথম প্রেম’ (১৮৬০) এবং ‘বসন্তের স্রোত’ (১৮৭২)— এই তিনটি নভেলা একসূত্রে গাঁথা, কারণ এগুলির প্রতিটিতেই ভালোবাসাকে এক ‘ধ্বংসাত্মক শক্তি’ হিসেবে দেখানো হয়েছে, যা সুখ আনে না, বরং ধ্বংস ডেকে আনে। ‘প্রথম প্রেম’-এ তিনি তার নিজের পিতার সঙ্গে এক তরুণীর সম্পর্কের আত্মজীবনীমূলক ছায়া এঁকেছেন— তাদের সম্পর্কের বর্ণনা আছে এই উপন্যাসেই। ‘বসন্তের স্রোত’-এ দেখানো হয়েছে কীভাবে এক দুর্বলচিত্ত পুরুষ মুহূর্তের আকর্ষণে তার বিশুদ্ধ প্রেমকে বিসর্জন দেন। এই নভেলাগুলিতে তুর্গেনেভের সেই বিখ্যাত ‘গোপন মনোবিজ্ঞান’ পদ্ধতির পূর্ণ বিকাশ ঘটে।
কিন্তু তার প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে তার ছয়টি উপন্যাসে— ‘রুদিন’ (১৮৫৬), ‘এক সম্ভ্রান্তের বাসা’ (১৮৫৯), ‘সন্ধিক্ষণে’ (১৮৬০), ‘পিতা ও পুত্র’ (১৮৬২), ‘ধোঁয়া’ (১৮৬৭) এবং ‘নতুন ভূমি’ (১৮৭৭)। এই উপন্যাসগুলির প্রতিটি রুশ সমাজের একটি নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তের প্রতিচ্ছবি। তুর্গেনেভের খ্যাতি মূলত তার চারটি উপন্যাসের ওপর প্রতিষ্ঠিত: ‘রুদিন’, ‘এক সম্ভ্রান্তের বাসা’, ‘সন্ধিক্ষণে’ এবং ‘পিতা ও পুত্র’। ‘রুদিন’-এর কেন্দ্রীয় চরিত্র দিমিত্রি রুদিন— এক ‘অতিরিক্ত মানুষ’, যিনি অসাধারণ বাগ্মী, কিন্তু যখন নাতালিয়া তাকে বাস্তবে সেই আদর্শ অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানায়, তখন তিনি পিছু হটে যান। রুদিন ‘কথায় দৈত্য, কর্মে বামন’— এই বৈপরীত্যই তার ট্র্যাজেডি। ‘এক সম্ভ্রান্তের বাসা’-র লাভরেতস্কি রুদিনের বিপরীত মেরু— তিনি কম কথা বলেন, বেশি কাজ করতে চান, কিন্তু তার সংস্কারের প্রতিজ্ঞা ব্যর্থ হয়, ভালোবাসাও ব্যর্থ হয়।
তবে তুর্গেনেভের সর্বশ্রেষ্ঠ চমকপ্রদ কাজটি হলো ‘পিতা ও পুত্র’ (১৮৬২)। এই উপন্যাসে তিনি ব্যাকরভ নামক এক তরুণ ‘নিহিলিস্ট’ চরিত্র সৃষ্টি করেন, যিনি প্রথা, ধর্ম, শিল্প ও প্রেম— সবকিছুকেই যুক্তির কাঠগড়ায় বিচার করেন। ব্যাকরভ ঘোষণা করেন যে নিহিলিজম মানে অস্বীকৃতি, এবং তার লক্ষ্য সবকিছু ধ্বংস করে নতুন করে শুরু করা। কিন্তু তুর্গেনেভ ব্যাকরভকে শুধু একটি ধারণার প্রতীক হিসেবে আঁকেননি; তিনি তার মধ্যে এক গভীর মানবিক দ্বন্দ্ব স্থাপন করেছেন। ব্যাকরভ প্রেমকে অস্বীকার করেন, কিন্তু আন্না ওদিনৎসোয়ার প্রতি তার আকর্ষণে সেই অস্বীকার ভেঙে পড়ে; তিনি মৃত্যুকে তুচ্ছ করেন, কিন্তু টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে তিনি স্বীকার করেন, ‘আমি যে কাজের জন্য এসেছিলাম, তা করিনি।’ ‘পিতা ও পুত্র’-এর পটভূমি ছিল ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় থেকে দাসদের মুক্তি পর্যন্ত ছয় বছরের সামাজিক গাঁজন। ‘পিতা ও পুত্র’-এর প্রতি শত্রুতাপূর্ণ প্রতিক্রিয়া তুর্গেনেভকে রাশিয়া ছাড়ার সিদ্ধান্তে প্ররোচিত করে। ফলস্বরূপ তিনি তার বেশিরভাগ পাঠকও হারান। তৎকালীন অনেক রেডিক্যাল সমালোচক (উল্লেখযোগ্য ব্যতিক্রম দিমিত্রি পিসারেভ) ‘পিতা ও পুত্র’-কে গুরুত্বের সঙ্গে নেননি; এবং তার কালজয়ী কাজটির তুলনামূলক সমালোচনামূলক ব্যর্থতার পর তুর্গেনেভের মোহভঙ্গ হয় এবং কম লেখা শুরু করেন।
তুর্গেনেভের নারীচরিত্রগুলি— যাদের রুশ সাহিত্য-তত্ত্বে ‘তুর্গেনেভের কন্যা’ নামে অভিহিত করা হয়— তার শিল্পের আরেক অনন্য সম্পদ। ‘রুদিন’-এর নাতালিয়া, ‘এক সম্ভ্রান্তের বাসা’-র লিজা, ‘সন্ধিক্ষণে’-র ইয়েলেনা— সকলেই ‘অতিরিক্ত মানুষ’-এর বিপরীতে দাঁড়িয়ে থাকা শক্তিশালী নারী, যাঁরা আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তার মাধ্যমে পুরুষ চরিত্রগুলির দুর্বলতা ও দ্বিধাকে উন্মোচিত করেন। চেখভ বলেছেন, ‘তুর্গেনেভ নারীদের যে বিস্ময়কর প্রতিকৃতি এঁকেছেন, তা তার এক মহান কাজ। সম্ভবত তিনি যেভাবে এঁকেছেন, সেরকম নারীরা ছিলেন না, কিন্তু তিনি যখন এঁকে ফেললেন, তখন তারা আবির্ভূত হলেন।’
ছোটগল্প, নাটক ও ‘গদ্য কবিতা’: প্রতিভার অন্য তিন মুখ
তুর্গেনেভ নাটকও লিখেছেন— প্রায় দশটি। এর মধ্যে ‘গ্রামে এক মাস’ (১৮৫০) সবচেয়ে উল্লেখযোগ্য। এই নাটকে তিনি বাহ্যিক সংঘাতের বদলে চরিত্রের অন্তর্জগতের জটিলতাকে প্রাধান্য দিয়েছেন। এটিকে প্রথম রুশ মনস্তাত্ত্বিক নাটক হিসেবে গণ্য করা হয় এবং এটি পরবর্তীতে চেখভের নাট্যশৈলীকে গভীরভাবে প্রভাবিত করেছে। তবে তার প্রধান পরিচয় উপন্যাস ও ছোটগল্পেই; নাটক তার প্রতিভার একটি গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে গৌণ শাখা।
তার শেষ জীবনের অন্যতম শ্রেষ্ঠ অবদান ‘গদ্য কবিতা’ (১৮৮২), যেখানে ক্ষুদ্র গদ্যাংশের মধ্যে তিনি জীবনের ক্ষণস্থায়িত্ব, সৌন্দর্য, প্রেম ও মৃত্যু নিয়ে ধ্যান রচনা করেছেন। এই রচনাগুলি রুশ সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করে এবং পরবর্তী লেখকদের— বিশেষত ইভান বুনিন ও আন্তন চেখভকে— গভীরভাবে প্রভাবিত করে।
বিশ্বসাহিত্যে প্রভাব ও উত্তরাধিকার
তুর্গেনেভ প্রথম রুশ লেখক, যিনি ইউরোপে ব্যাপক স্বীকৃতি অর্জন করেন এবং রুশ সাহিত্যকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেন। তিনি ফরাসি সাহিত্যিক গুস্তাভ ফ্লবেয়ার, গি দ্য মোপাসাঁ, এডমন্ড দ্য গনকুর এবং ইংরেজ লেখক হেনরি জেমসের ঘনিষ্ঠ বন্ধু হয়ে রুশ সাহিত্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৮৭৮ সালে তিনি প্যারিস আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হন, এবং ১৮৭৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। ১৮৯০ সালের মধ্যে তার বেশিরভাগ প্রধান কাজ ইংরেজিতে প্রকাশিত হয়, এবং সি. গারনেটের অনুবাদের মাধ্যমে তিনি গলজওয়ার্দি, কনরাড এবং ভার্জিনিয়া উলফের মতো লেখকদের ওপর প্রভাব বিস্তার করেন। ভ্লাদিমির নাবোকভ তার ‘প্লাস্টিক বাদ্যযন্ত্রসদৃশ প্রবাহী গদ্য’র প্রশংসা করেছেন, যদিও তিনি তাকে ‘মহান লেখক নন, যদিও আনন্দদায়ক’ বলে মন্তব্য করেছেন এবং উনিশ শতকের রুশ গদ্য লেখকদের মধ্যে চতুর্থ স্থানে রেখেছেন— টলস্টয়, গোগল ও চেখভের পরে, কিন্তু দস্তয়েভস্কির আগে। আইজায়া বার্লিন তুর্গেনেভের মানবতাবাদ, বহুত্ববাদ এবং সহিংস বিপ্লবের চেয়ে ধীরে ধীরে সংস্কারের প্রতি অঙ্গীকারকে রুশ উদারনীতির সেরা দিক হিসেবে প্রশংসা করেছেন।
টলস্টয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল টানাপোড়েনে ভরা। প্যারিসে একসঙ্গে ভ্রমণের সময় টলস্টয় তার ডায়েরিতে লিখেছিলেন, ‘তুর্গেনেভ একজন বিরক্তিকর মানুষ।’ ১৮৬১ সালে তাদের বন্ধুত্ব এমন শত্রুতায় পরিণত হয় যে টলস্টয় তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন, পরে ক্ষমা চান। তারা ১৭ বছর কথা বলেননি, কিন্তু ১৮৭৮ সালে টলস্টয় চিঠি লিখে ক্ষমা চান এবং বন্ধুত্ব পুনর্নবীকরণের প্রস্তাব দেন। দস্তয়েভস্কি তার ‘দ্য ডেভিলস’ উপন্যাসে ‘কারমাজিনভ’ চরিত্রের মাধ্যমে তুর্গেনেভের ব্যঙ্গচিত্র তৈরি করেন, তবে ১৮৮০ সালে পুশকিন স্মৃতিস্তম্ভে দস্তয়েভস্কির বক্তৃতা তাদের মধ্যে এক ধরনের পুনর্মিলন ঘটায়।
তুর্গেনেভ সেন্ট পিটার্সবার্গে একটি বিখ্যাত বক্তৃতায়— যেখানে দস্তয়েভস্কি উপস্থিত ছিলেন— হ্যামলেটকে তুলনা করেন, একজন চিন্তাশীল মানুষ, নিষ্ক্রিয় ও হতাশাবাদী, ডন কিহোতের সঙ্গে, একজন উদার আশাবাদী, কর্মমুখর মানুষ। প্রসঙ্গত, তুর্গেনেভ ডন কিহোতেকে রুশ ভাষায় অনুবাদ করেছিলেন। এই ‘অপ্রয়োজনীয় মানুষ’ তার প্রথম উপন্যাস ‘রুদিন’-এও আবির্ভূত হয়, যার নায়ককে বর্ণনা করা হয় ‘কথায় দৈত্য এবং কর্মে বামন’ হিসেবে।
প্রতিভার অন্ধকার দিক
কিন্তু এই মহান প্রতিভার একটি অন্ধকার দিকও আছে, যা আমরা এড়িয়ে যেতে পারি না। তুর্গেনেভ তার ইহুদি চরিত্রগুলির নিষ্ঠুর বর্ণনার জন্যও পরিচিত ছিলেন, উদাহরণস্বরূপ তার গল্প ‘দ্য জিউ’ (১৮৪৭)-এ। গল্পটির রুশ শিরোনাম ‘жид’ (ঝিদ) একটি অবমাননাকর শব্দ। গল্পে ‘ঝিদ’ নামের এক চরিত্রকে ছোট এবং পাতলা, লাল চুল, লালচে চোখ এবং একটি লম্বা ও বাঁকা নাকের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে;তাকে লোভী, বিশ্বাসঘাতক এবং হাস্যকর হিসেবে চিত্রিত করা হয়েছে। এই তথ্য তুর্গেনেভের মানবতাবাদী ভাবমূর্তির সঙ্গে অস্বস্তিকরভাবে বিরোধপূর্ণ এবং তার সাহিত্যিক উত্তরাধিকারের এক জটিল দিক। এই দ্বন্দ্বই তুর্গেনেভকে আরও মানবিক করে তোলে— তিনি কোনো নিখুঁত মানুষ বা দেবতা নন, তিনি তার সময়ের কুসংস্কার থেকেও মুক্ত নন।
বাংলা ভাষায় তুর্গেনেভ
বাংলা ভাষায় তুর্গেনেভের অনুবাদ তুলনামূলকভাবে সীমিত। তার ‘সন্ধিক্ষণে’ বাংলায় ‘পূর্বক্ষণ’ নামে অনূদিত হয়েছে। ‘এক সম্ভ্রান্তের বাসা’ বাংলায় ‘বাবুদার বাসা’ নামে এবং ‘পিতা ও পুত্র’ বাংলায় ‘জনক ও জাতক’ ও ‘পিতা পুত্র’ নামে অনূদিত হয়েছে। ‘মুমু’ ও ‘প্রথম প্রেম’-এর বাংলা অনুবাদও রয়েছে। তবে ‘রুদিন’, ‘ধোঁয়া’, ‘নতুন ভূমি’, ‘গদ্য কবিতা’ এবং তার নাটকসমূহের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ সহজলভ্য নয়। রুশ সাহিত্যের অন্যান্য মহীরুহ— টলস্টয় ও দস্তয়েভস্কির— তুলনায় বাংলা ভাষায় তুর্গেনেভের অনুবাদের পরিমাণ কম, যদিও তার প্রধান উপন্যাসগুলি বাংলায় পাঠকের কাছে পৌঁছেছে। এটি একটি শূন্যতা, যা বাংলা ভাষার পাঠক ও প্রকাশকদের পূরণ করা উচিত।
বাংলাদেশের পাঠকের কাছে তুর্গেনেভ কেন প্রাসঙ্গিক? প্রথমত, তার ‘পিতা ও পুত্র’ আজও প্রজন্মের সংঘাতের সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যিক দলিল। আজকের বাংলাদেশে যেখানে প্রজন্মের ব্যবধান, আদর্শের সংঘাত ও রাজনৈতিক মেরুকরণ প্রতিদিন নতুন রূপ নিচ্ছে, সেখানে ব্যাকরভ ও আর্কাদির বাবার সেই সংলাপ আজও প্রাসঙ্গিক— কারণ তুর্গেনেভ কোনো পক্ষকে বিচার করেন না, তিনি কেবল দেখান যে মানুষ তার নিজের বিশ্বাসেরও বন্দি। দ্বিতীয়ত, তার ‘গোপন মনোবিজ্ঞান’ আমাদের শেখায় কীভাবে মানুষকে বুঝতে হয়— কীভাবে একটি নীরবতা, একটি দৃষ্টি বা একটি অসম্পূর্ণ বাক্যের মধ্যে গোটা একটি অন্তর্জগৎ লুকিয়ে থাকে। বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রে যে ‘মিনিমালিস্ট’ আখ্যানকৌশল ক্রমশ জনপ্রিয় হচ্ছে, তার ভিত্তি তুর্গেনেভের সেই পদ্ধতিতে নিহিত।
তৃতীয়ত, তার ‘এক শিকারীর ডায়েরি’ আজও মানবাধিকার ও সামাজিক ন্যায়ের পাঠ হিসেবে প্রাসঙ্গিক; ‘মুমু’ আজও স্বৈরাচারের বিরুদ্ধে শিল্পের প্রতিবাদের সর্বোত্তম উদাহরণ। বাংলাদেশের শ্রমজীবী মানুষ, প্রান্তিক কৃষক ও নিপীড়িত মানুষের অভিজ্ঞতার সঙ্গে তুর্গেনেভের কৃষকচরিত্রগুলির মানবিক মর্যাদার সংগ্রামের একটি গভীর সম্পর্ক রয়েছে।
কিন্তু সবচেয়ে বড় কারণটি হলো তুর্গেনেভের মানবিক দৃষ্টিভঙ্গি। তিনি কোনো চরিত্রকেই ঘৃণা করেন না— ব্যাকরভের নিহিলিজম, রুদিনের দুর্বলতা, লাভরেতস্কির ব্যর্থতা, ইয়েলেনার আত্মত্যাগ— সবকিছুতেই তিনি সেই মানবিক সত্যকে খুঁজে বের করেন, যা কোনো আদর্শের চেয়ে বড়। তার সাহিত্য আমাদের শেখায় ধৈর্য, সহানুভূতি এবং সেই সততা— যা নিজের অন্তর্গত অন্ধকারকেও স্বীকার করতে পারে।
যবনিকা
তুর্গেনেভ নিজে লিখেছিলেন, ‘আমি মুক্তি চাই না, আমি সত্য চাই।’ এই সত্যই তার শেষ উত্তরাধিকার— এক এমন সত্য, যা সান্ত্বনা দেয় না, কিন্তু মানুষকে নিজের এবং অপরের অন্তর্গত জটিলতার সঙ্গে বাঁচতে শেখায়। তার জীবন ছিল প্রেম, প্রতারণা ও প্রতিভার এক ত্রিভুজ— এক অপূর্ণ প্রেম, যা তাকে সারাজীবন তাড়া করেছে; এক নীরব প্রতারণা, যা তিনি নিজের সঙ্গেই করেছেন;এবং এক অসামান্য প্রতিভা, যা এই দুই যন্ত্রণাকে অমর শিল্পে রূপান্তরিত করেছে। রুশ সাহিত্যের ইতিহাসে তুর্গেনেভ এক অমর নাম— যিনি তার শিল্পের মাধ্যমে রাশিয়াকে বিশ্বের কাছে উন্মোচিত করেছেন, এবং বিশ্বসাহিত্যকে রুশ আত্মার এক গভীর, দ্বন্দ্বময় ও মানবিক পরিচয় দান করেছেন। বাংলাদেশের পাঠকের কাছে তিনি সেই লেখক, যিনি আমাদের শেখান কীভাবে নিজের ভেতরের দ্বন্দ্বকে অস্বীকার না করে, তাকে শিল্পে রূপ দিতে হয়। তার ‘গোপন মনোবিজ্ঞান’ আমাদের শেখায় নীরবতা পড়তে, তার ‘এক শিকারীর ডায়েরি’ আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, আর তার ‘পিতা ও পুত্র’ আমাদের শেখায় প্রজন্মের সংঘাতে সহানুভূতি রাখতে। এই কারণেই তুর্গেনেভ কেবল রুশ সাহিত্যের সম্পদ নন— তিনি সমগ্র মানবতার এক অমূল্য উত্তরাধিকার। আর এসব কারণেই সেলিম আল দীন স্যার সম্ভবত তুর্গেনেভের এত ভক্ত ছিলেন।

















