শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

ছবি: রয়টার্স
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছে রয়টার্স।
আজ সোমবার রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আবেদন জমা দিয়েছেন। এমন আবেদনের একটি চিঠি আজ রয়টার্স দেখেছে।
২০২৪ সালে ভারতে চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্টধারী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পর তার সেই পাসপোর্ট বাতিল করে। ফলে তিনি এখন পাসপোর্টবিহীন বলেই জানা যাচ্ছে।
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এরপরই তার পাসপোর্ট চেয়ে আবেদন করার খবর এল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক আইনি সহায়তার প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লেখা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় সরকারের মুখপাত্রদের কাছে মন্তব্যের অনুরোধে জানিয়েও সাড়া পায়নি বলে জানিয়েছে রয়টার্স।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করছে বাংলাদেশ সরকার।
অন্তর্বর্তী সরকার আমলে এবং পরে তারেক রহমানের সরকারের সময়ও একাধিকবার কূটনৈতিক পত্র পাঠানো হয়। তবে ভারত সরকার তাতে সাড়া দেয়নি।
শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে তাকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হবে কি না, তা গত ৫ নভেম্বর ঢাকার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে।
জবাবে তিনি বলেছিলেন, ‘সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে এসেছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না।’
শেখ হাসিনাকে দণ্ডিত আসামি হিসেবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়ার কথা বলছে বিএনপি সরকার।
হুমায়ুন কবির সেদিন বলেছিলেন, ‘আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও গতকাল সাংবাদিকদের বলেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে নয়া দিল্লিকে অনুরোধ করেছেন তারা। তারা হস্তান্তর করলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।






