কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

ছবি ভিডিও থেকে
আসাদুজ্জামান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন মৌলভীবাজারের কুলাউড়া শহরে। ভাটেরা বাজার থেকে সহকর্মী সঞ্জয়ের সঙ্গে ফিরছিলেন কুলাউড়া শহরে। বরমচাল পেট্রোলপাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুজনই গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে আসাদুজ্জামান আর ফিরে আসেননি।
পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। শোকের পাশাপাশি আসন্ন দিনগুলোর কথা ভেবে দুশ্চিন্তায় ডুবে যায় স্বজনেরা। ঘটনাটি গত আগস্ট মাসের। সেই আগস্টেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, একজন মানুষ মারা গেছেন। খাটিয়ায় শুয়ে আছেন তিনি। তাকে দাফন করতে নিয়ে যাওয়ার আগে হচ্ছে জানাজা। সেই জানাজায় একজন ব্যক্তি এগিয়ে এলেন। যিনি এগিয়ে এলেন, তিনি মারা যাওয়া ব্যক্তির প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি কথা বলতে শুরু করলেন। উপস্থিত সবার চোখ তখন তার দিকে নিবদ্ধ। তিনি বললেন, ‘আসাদুজ্জামানের চাকরির মেয়াদ এখনো শেষ হয়নি। আরও ২৯ বছর চাকরির মেয়াদ রয়েছে। তিনি মারা গেছেন, কিন্তু তার পরিবার আগামী ২৯ বছর নিয়মিত বেতন ও বোনাস পেয়ে যাবে।’
এমন কথা শুনে জানাজায় উপস্থিত সবাই বিস্মিত হন। ভিডিওটি কিছুদিন আগে একটি ফেসবুক পেজে শেয়ার করা হলেও গতকাল রোববার ফেসবুকে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দুই বছর চাকরি করার পর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন কর্মী আসাদুজ্জামান। তার চাকরির পূর্ণ মেয়াদ, অর্থাৎ আগামী ২৯ বছর নিয়মিত বেতন দিয়ে যাবে কোম্পানি। সামাজিক মাধ্যমে এমন লেখা ও ছবি দিয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের প্রতিক্রিয়া আর কোম্পানির প্রতি প্রশংসাসূচক মন্তব্যে ভরে ওঠে সামাজিক মাধ্যম।
আসলেই কি একটি পরিবারকে ২৯ বছর ধরে বেতন-বোনাস দিয়ে যাবে কোম্পানিটি?
সামাজিক মাধ্যম ঘেঁটে দেখা যায়, দুই চিকিৎসক নিজেদের ফেসবুক হ্যান্ডেলে রেনাটা ফার্মাসিউটিক্যালসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারির অধ্যাপক সাকলায়েন রাসেল গতকাল নিজের ফেসবুকে পোস্টটি দেন। এরপর সেটি ছড়িয়ে পড়তে থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসক সাকলায়েন রাসেলের আগে গত ২২ আগস্ট এমন একটি পোস্ট দিয়েছিলেন মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এম.এ.বি. ছিদ্দিক মজুমদার (জাবের)।
আসাদুজ্জামান আমাদের বিক্রয়কর্মী ছিলেন। তিনি ডিউটিতে থাকা অবস্থায় মারা গিয়েছেন। জানাজার যে ভিডিওটি আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন, সেটি সত্য
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আগস্টের ভিডিওটি সত্য। যিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি রেনাটা ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন। ৩৫ বছর বয়সী মো. আসাদুজ্জামান কুলাউড়ায় মারা যান গত ১৯ আগস্ট। পরিবার নিয়ে কুলাউড়ায় থাকলেও তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যালসের পরিচালক (বিপণন) মনোয়ারুল ইসলাম।
সোমবার দুপুরে আগামীর সময়ের সঙ্গে আলাপকালে মনোয়ারুল ইসলাম বলেন, ‘আসাদুজ্জামান আমাদের বিক্রয়কর্মী ছিলেন। তিনি ডিউটিতে থাকা অবস্থায় মারা গিয়েছেন। জানাজার যে ভিডিওটি আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন, সেটি সত্য। আমাদের জেনারেল ম্যানেজার (বিক্রয়) সাখাওয়াত হোসেন সেখানে কথা বলছিলেন।’
দেশের প্রতিষ্ঠিত এই ওষুধ কোম্পানির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কোনো অফিশিয়াল পলিসি নেই যে কোনো কর্মী মারা গেলে আমরা তাঁর পরিবারকে চাকরির মেয়াদ অনুযায়ী বেতন দিয়ে যাব। কিন্তু এটা আমরা করি। এর আগেও আমাদের একাধিক কর্মীর ক্ষেত্রে এটা করেছি। প্রয়াত আসাদুজ্জামানও ডিউটিতে ছিলেন। তাঁর পরিবার আগামী ২৯ বছর ধরে বেতন-বোনাস সব পাবে। ইনক্রিমেন্ট হলে সেটাও পাবে।’



