ছাত্রদল সভাপতি
‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

কনসার্ট ফর সলিডারিটিতে গান পরিবেশন করেন জেমস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর সলিডারিটি’। অনুষ্ঠানে নগরবাউল জেমস তার জনপ্রিয় ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন।
কনসার্টে জেমসের গান পরিবেশন প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিব বলেছেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশনের সময় বারবার শহীদ জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে গতকালের কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় আমরা শেখ মুজিবের অংশ বাদ দিতে তাকে বাধ্য করিনি। কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে সেটুকুকে আমরা কখনো অস্বীকার করি না।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই কনসার্টের আয়োজন করা হয়।
এ বিষয়ে গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
সভায় গানটির লিরিক্স— ‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার মুখে এ মন্তব্য করেন রাকিব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাকিব বলেছেন, ‘গত ১৫ বছর আমরা ৭ নভেম্বর উদ্যাপন করতে পারিনি। তবে এবার সমগ্র জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক এ দিনটি উদ্যাপন করতে দেখা গেছে। ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।’



