‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিব আল ইসলামকে উদ্দেশ করে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে বিভিন্ন মন্তব্য করছেন। একপর্যায়ে ওই ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়লে তিনি অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে চাপাতি দেখা যায়। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি তাকে চাপাতি দিয়ে আঘাত করেন।
তবে হামলার কারণ এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বালিশিরা রিসোর্টের এক কর্মচারী আগামীর সময়কে বললেন, ‘তিন দিন আগে এক নারীকে সঙ্গে নিয়ে হাসিবুল ইসলাম ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় রিসোর্টের সামনে তিনি হামলার শিকার হন। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখতে পান কর্তৃপক্ষ। এরপর রিসোর্টের পক্ষ থেকে তার হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়।’
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরীর ভাষ্য, এ ধরনের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন আগামীর সময়কে বলেছেন, ঘটনার কথা শুনে তারা হাসপাতালে খোঁজ নিয়েছেন। তবে হাসিবুল সেখানে যাননি। তাকে ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ওসি আরও বললেন, এনসিপির একজনের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, তিনি শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ দৈনিক আগামীর সময়কে জানালেন, হাসিবুল তার স্ত্রীকে কুমিল্লায় শ্বশুরবাড়িতে রেখে আবার শ্রীমঙ্গলে ফিরবেন। এরপর তিনি শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলা করবেন।



