ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ
- ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব ও বেড়িবাঁধে ককটেল উদ্ধার
- ঢাবিতে বিস্ফোরণে আহত চালক
- ফরিদপুরে প্রাণ গেল ঘুমন্ত চালকের
- চট্টগ্রামে নাশকতা ঠেকাতে এনসিপির পাহারা, জামায়াতের র্যালি
- গোপালগঞ্জে লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন
- নেত্রকোনায় ট্রেনে আগুন
- ৩৩ জন গ্রেপ্তার

ফাইল ছবি
ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার, যানবাহনে অগ্নিসংযোগ, স্কুল-কলেজে তালা এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি বাসে আগুন ও অন্তত ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় একজন নিহতসহ প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
আলোচ্য সময়ে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ১৭টি, ঢাকার বাইরে ১৩টি। এ ছাড়া বাসে দেওয়া আগুনে ফরিদপুরে প্রাণ গেছে ঘুমন্ত এক চালকের। নেত্রকোনায় আগুন দেওয়া হয়েছে ট্রেনে। গোপালগঞ্জে আক্রান্ত হয়েছে পুলিশ, গাড়িতে দেওয়া হয়েছে আগুন ও রাস্তায় টায়ার জ্বালিয়ে করা হয়েছে লগি-বৈঠার বিক্ষোভ।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর, সায়েন্স ল্যাব ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সামনে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক চালক। গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা) নাশকতার চেষ্টাকালে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলের সঙ্গে একটি চিরকুটও পাওয়া যায়। এতে লেখা ছিল— ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’।
একই দিন দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের পাশে মিরপুর সড়ক থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এসআরইউর বম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে। গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনেও একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি ঘিরে রাখে। পরে নিষ্ক্রিয় করার জন্য এসআরইউর বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।
এ ছাড়া দুপুর ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস) ও কলা ভবনের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরেফিন সেলিম ও গাড়িচালক সোহেল। তাদের মধ্যে গাড়িচালক সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে গত সোমবার রাতে টিএসসিতে ১টি, মালিবাগে ১টি, আদাবরে ৪টি, তেজগাঁও শিল্পাঞ্চলে দুটি, মিরপুর ১৩ নম্বরে একটি, টেকনিক্যাল মোড়ে একটি, তিতুমীর কলেজের সামনে একটি, বনানীতে একটি, বকশীবাজারে দুটি, ইন্টারকন্টিনেন্টালের সামনে একটি এবং গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাবিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল ধানমন্ডি ৩২-এ দুটি, সায়েন্স ল্যাব সিটি কলেজের সামনে দুটি ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফরিদপুরে প্রাণ গেল ঘুমন্ত চালকের
গত সোমবার রাত ৩টায় ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত কালাচান শেখ শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানিয়েছেন, রাত আনুমানিক ৩টার দিকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে বাসস্ট্যান্ডের লোকজন কালাচান শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
চট্টগ্রামে নাশকতা ঠেকাতে এনসিপির পাহারা, জামায়াতের র্যালি
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। একই দিনে আনোয়ারার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে বলেও জানা যায়।
অন্যদিকে নগরীতে রাতে লাঠি হাতে পাহারা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একই দাবিতে সকালে মোটরসাইকেল র্যালি করেছে জামায়াতে ইসলামী। দলগুলোর নেতারা জানিয়েছেন, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।
গত সোমবার রাতে ফটিকছড়ি থানাধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও সাঁটানো হয়। তালাবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়।
গোপালগঞ্জে লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এর আগে গত সোমবার ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটান।
নেত্রকোনায় ট্রেনে আগুন
মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে। ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রেনটি যথাসময়ে সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ডিএমপিতে নাশকতায় জড়িত ৩৩ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর ১২টা থেকে গতকাল পর্যন্ত ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার
চলমান নাশকতার ঘটনায় সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু রাজধানীতে স্বাভাবিক সময়ের তুলনায় ১৬০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ডিএমপিতে।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি এসআরবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন নাশকতাকারীদের শনাক্তকরণ, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।




