আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ—ফাইল ছবি
দেশে কোনো অস্থিরতা-স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
এ সময় রাতের অন্ধকারে দু-একটা গাড়িতে আগুন দিলে কিংবা দু-একটা ককটেল বিস্ফোরণ হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, ‘এই দু-একটা সিম্বলিক ঘটনাকে একত্র করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলা হয়— আমার মনে হয় এটা যৌক্তিক না।’
মন্ত্রী বলছিলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি— সেই বিষয়ে যদি আমাকে স্টেটমেন্ট দিতে হয়, আমি আগামীকাল দিই, ৩০০ বিধিতে দিই। আজ শুধু কয়েকটা কথা বললাম। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই— কারও যেকোনো রকমের ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক— কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ। গণঅভ্যুত্থানের মুখে যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো কোনো পরিস্থিতি যে কেউ করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে— আমরা উন্মোচিত করব, এর বেশি বলতে চাই না। কারা কাদের সঙ্গে ষড়যন্ত্র করছে— এসব বিষয়ে বলব না। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেব বিশ্বাসযোগ্যভাবে, যদি কোনো সম্মিলিত ষড়যন্ত্র থাকে।’
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির সামনে একটা গাড়ির ছাদের ওপরে ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না। অন্য কোথাও, রাতের অন্ধকারে অথবা ভোররাতে, কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়ির চালক-হেলপার থাকেন না, ওই রকম আনএটেন্ডেড কোনো ভেহিক্যালে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না’—যোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের সেই অপচেষ্টা ও নীলনকশা ভণ্ডুল করে দিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে- তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে— বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘কিছুদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে কিছু চক্রান্ত হচ্ছে, এটা দৃশ্যমান। দেশে যারাই বসবাস করেন, ন্যূনতম রাজনৈতিক সচেতন— তারা এটা বুঝতে পারেন, উদ্দেশ্যটা কী। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে, যারা পালিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের আইনগত বৈধতা কী এবং ওখান থেকে পলিটিক্যাল অপারেশন কীভাবে করছে— এসব প্রশ্ন আমাদের কাছে লোকে করে। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে এর সঙ্গে কারা কারা জড়িত, কারা কারা ইন্ধন দিচ্ছে— সেটাও আমি খোলাসা করে বলব।’





