ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

ধামরাইয়ে বাসে আগুন। ছবি: আগামীর সময়
ঢাকার ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মহিউদ্দিন, সূতিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সানোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যাদবপুর ইউনিয়ন যুবলীগের নেতা মো. সোহেল রানা এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতা মো. আবু বক্কর সিদ্দিক রনি। তারা সবাই ধামরাই উপজেলার বাসিন্দা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানিয়েছেন, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চার দিনের ব্যবধানে ধামরাইয়ের বিভিন্ন স্থানে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




