ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১
ঢাবি প্রতিনিধি

সোমবার সন্ধ্যায় ঢাবিতে ককটেল বিস্ফোরণ করার অভিযোগে এক যুবককে আটক করে জনতা
দ্বিতীয় দিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় দিয়েছে জনতা।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করেন ঘটনাস্থলের আশপাশে উপস্থিত থাকা ব্যক্তিরা।
তবে, তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।




