ফিউদর দস্তয়েভস্কি (১১ নভেম্বর, ১৮২১ সাল — ৯ ফেব্রুয়ারি, ১৮৮১)
এক শীতল সন্ধ্যার গল্প ১৮৪৯ সালের ২২ ডিসেম্বর।
সেন্ট পিটার্সবার্গের সেমেনোভস্কি স্কোয়ার। দাঁতে দাঁত চেপে ধরা হাড়কাঁপানো শীত। বরফে ঢাকা
মাটিতে দাঁড়িয়ে আছে আটজন তরুণ। তাদের চোখ বাঁধা। তাদের সামনে সারিবদ্ধ ফায়ারিং স্কোয়াডের
সৈন্যরা। কমান্ডারের আদেশের অপেক্ষায় সবাই। সেই আটজনের মধ্যে একজন, আটাশ বছরের এক
যুবক— ফিউদর দস্তয়েভস্কি। তার প্রথম উপন্যাস ‘গরিব লোক’ (Poor Folk) প্রকাশিত হয়েছে
মাত্র তিন বছর আগে। সাহিত্যিক মহলে তিনি পরিচিত মুখ। কিন্তু এখন তিনি রাজদ্রোহীর অভিযোগে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
প্রথমে
বাঁধা হলো তিনজনকে। প্রস্তুত বন্দুকধারীরা। কমান্ডার চিৎকার করেন— ’তৈরি আছো?’ সমস্বরে
তারা জবাব দেয়, তৈরি আছে। এমন সময় হঠাৎ একজন ঘোড়সওয়ার এসে থামেন দৃশ্যপটে। তার হাতে
জারের সিলমোহরকৃত চিঠি। খুলে পড়া হয়। তারপর ঘোষণা— মৃত্যুদণ্ড রদ। শাস্তি কমিয়ে
দেওয়া হয়েছে। সাইবেরিয়ায় চার বছরের সশ্রম কারাদণ্ড। তারপর বাধ্যতামূলক সামরিক চাকরি।
১৮৪৯ সালে রাশিয়ার পেত্রাশেভ্স্কি চক্রের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির দৃশ্য। ঐতিহাসিক ঘটনাটির একটি স্কেচএই মুহূর্তটি—
মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই মুহূর্তটি— দস্তয়েভস্কির জীবনের সবচেয়ে বড় মোড়।
এই মুহূর্তটির কথা ভাবলে মনে হয়, যদি সেদিন সেই বার্তাবাহক না আসত বা পথে কোন দুর্ঘটনায়
আরেকটু দেরি হতো তার আসতে, তবে বিশ্বসাহিত্য ‘অপরাধ ও শাস্তি’, ‘দ্য ইডিয়ট’, ‘ডেমনস’,
‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর মতো মহাকাব্য থেকে থাকতো চিরবঞ্চিত। মানবসভ্যতা হারাতো
তার সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক এক অন্বেষককে।
পৃথিবীর দিকে একটি শিশুর প্রথম পলক
১৮২১
সালের ১১ নভেম্বর মস্কোর মেরিনস্কি হাসপাতালের একটি ছোট বাড়িতে জন্মগ্রহণ করেন ফিউদর
মিখাইলোভিচ দস্তয়েভস্কি। তার বাবা মিখাইল আন্দ্রেয়োভিচ ছিলেন এই হাসপাতালের চিকিৎসক—
একজন কঠোর, ধর্মভীরু এবং মিতব্যয়ী মানুষ। মা মারিয়া ফিওদোরোভনা ছিলেন আন্তরিক,সংস্কৃতিমনস্ক,ধর্মপ্রাণ—
যিনি ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই বাইবেল পড়ে শোনাতেন এবং ছড়া-গল্প-সাহিত্যের সঙ্গে
পরিচয় করিয়ে দেন।
দস্তয়েভস্কিরা
থাকতেন হাসপাতালের চত্বরেই— অর্থাৎ রুশ সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষদের যাতায়াতের
মধ্যেই। সাত ভাইবোনের মধ্যে দ্বিতীয় এই ছেলেটি প্রতিদিন দেখতেন— রোগী, ভিখারী, পাগল, অপরাধী,
মৃত্যুপথযাত্রী মানুষ। তিনি শুনতেন তাদের কান্না, আর্তনাদ, গল্প। হাসপাতালের বাইরে
ছিল অপরাধীদের কবরস্থান— যেখানে আত্মহত্যাকারী,ফাঁসির আসামী, নিঃস্ব মানুষের দেহ ফেলে
রাখা হতো। এই দৃশ্যগুলো— এই নিষ্ঠুর, করুণ, অমানবিক দৃশ্যগুলো—ছোট্ট ফিউদরের মনে পৃথিবীকে
এক অন্যায্য স্থান হিসেবে সেই শৈশবেই গেঁথে দেয়। এখান থেকেই তার সাহিত্যের মূল উপাদান—
দারিদ্র, নিপীড়ন,অপমানিত মানুষের প্রতি গভীর সহানুভূতি এবং সমাজের প্রান্তে থাকা মানুষের
মনস্তত্ত্বের প্রতি অসাধারণ কৌতূহলের যে জন্ম, সে বিষয়ে হাজারো সমালোচকরা একমত হয়েছেন।
রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির প্রতিকৃতি (১৮৪৭)মাত্র
তিন-চার বছর বয়স থেকে তার দাই আলেনা ফ্রোলভনা তাকে রূপকথা, বীরগাথা আর কিংবদন্তির
গল্প শোনাতেন। মা বাইবেল পড়তে শেখান। বাবা তাকে পুশকিন, কারামজিন, দেরঝাভিন, শিলার,
গ্যোটে, সার্ভান্তেস, ওয়াল্টার স্কট, হোমার— এসব পড়তে দেন। দস্তয়েভস্কি পরে স্বীকার
করেছিলেন—রাতে বাবা-মায়ের গল্প শোনার অভ্যাসই তার কল্পনাশক্তিকে জাগিয়ে তুলেছিল।
শৈশব শেষ না হতেই কৈশোরের আঘাত
১৮৩৭
সাল। দস্তয়েভস্কির বয়স ১৬। মা যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত্যুর আগে মা
ছেলের হাতে একটি ছোট্ট বই দিয়ে যান— যেটি দস্তয়েভস্কি এরপর সারাজীবন নিজের হাতের
কাছে রাখতেন।
মায়ের
মৃত্যুর কয়েক মাস পরেই বাবা দুই ছেলেকে ভর্তি করিয়ে দেন সেন্ট পিটার্সবার্গের নিকোলায়েভ
মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ভবিষ্যতে ছেলেরা সামরিক প্রকৌশলী হবে— এটাই বাবার
ইচ্ছা। কিন্তু ফিউদরের মন পড়ে ছিল সাহিত্যে। ইনস্টিটিউটে থাকাকালীন তিনি শেক্সপিয়ার,
প্যাসকাল, বালজাক, গ্যোটে, ভিক্টর হুগো—সবকিছু গোগ্রাসে গিলতে থাকেন।
সামরিক প্রকৌশলী হিসেবে কর্মরত তরুণ ফিওদর দস্তয়েভস্কি১৮৩৯
সালের জুন। বাবার মৃত্যুর খবর আসে। কথিত আছে— বাবার নিজের অধস্তনরা তাকে হত্যা করেছিল।
এই খবর দস্তয়েভস্কির জীবনে আরও গভীরতর এক আঘাত হানে। এত গভীর যে— কথিত আছে, প্রথমবারের
মতো তার মৃগীরোগের লক্ষণ প্রকাশ পায়। এই পিতৃহত্যার ছায়া— এই অপরাধবোধ, এই রহস্যময়
ঘটনা— তার সাহিত্যে বারবার ফিরে এসেছে। যারা পড়েছেন, জানেন, ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর
মূল কাহিনি আবর্তিত পিতৃহত্যা ঘিরে।
গরিব লোকের প্রথম সাফল্য
ইনস্টিটিউট
শেষ করে দস্তয়েভস্কি সামরিক প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু এই চাকরিতে তার
মন টেকে না। ১৮৪৪ সালে চাকরি ছেড়ে দেন। এর আগে ১৮৪৩ সালে বালজাকের ‘ইউজেনি গ্র্যান্ডে’
অনুবাদ করে কিছুটা পরিচিতি পান লেখকসমাজে। কিন্তু ১৮৪৫ সালে তিনি লিখে ফেলেন তার প্রথম
উপন্যাস— ’বেডনিয়ে লিউদি’ বা ‘গরিব লোক’ বা (Poor Folk)। একটি চিঠি-উপন্যাস— দুই দরিদ্র
মানুষের মধ্যে চিঠির আদান-প্রদান। মাকার দেভুশকিন নামে এক বয়স্ক কেরানি এবং ভারভারা
দবরোসিওলোভা নামে এক তরুণী— দুজনেই দারিদ্র্যের সঙ্গে লড়ছে, দুজনেই একে অপরকে ভালোবাসে,
কিন্তু সামাজিক অবস্থান ও দারিদ্র্য তাদের এক হতে দেয় না। তাদের পরস্পরকে লেখা চিঠিতে
নিদারুণ দৈনন্দিনতাসহ জীবনের ক্লান্ত অভিঘাত উঠে আসে।
বেডনিয়ে লিউদি ও এর ইংরেজি অনুবাদ পুওর ফোকদস্তয়েভস্কির
বন্ধু দিমিত্রি গ্রিগরভিচ এই পাণ্ডুলিপি নিয়ে যান বিখ্যাত কবি ও সম্পাদক নিকোলাই নেক্রাসভের
কাছে। নেক্রাসভ রাতে পড়তে বসেন। ভোররাতে তিনি দস্তয়েভস্কির বাড়িতে ছুটে আসেন। দরজা
খুলে দস্তয়েভস্কিকে জড়িয়ে ধরেন এবং আবেগে বলতে থাকেন, ‘একজন নতুন গোগোলের জন্ম হয়েছে’।
এরপর
পাণ্ডুলিপি যায় বিখ্যাত সাহিত্য সমালোচক ভিসারিওন বেলিনস্কির কাছে। বেলিনস্কি এই উপন্যাসকে
রাশিয়ার প্রথম ‘সামাজিক উপন্যাস’ বলে অভিহিত করেন। ১৮৪৬ সালে প্রকাশিত হওয়ার পর উপন্যাসটি
ব্যবসায়িকভাবেও সফল হয়। মাত্র চব্বিশ বছর বয়সে দস্তয়েভস্কি সেন্ট পিটার্সবার্গের
সাহিত্যিক মহলে তারকাখ্যাতি পেয়ে যান। কিন্তু এই তারকাখ্যাতি দীর্ঘস্থায়ী হয়নি। তার
দ্বিতীয় রচনা ‘দ্য ডাবল’ (১৮৪৬) পাঠক ও সমালোচকদের কাছে তেমন পাত্তা পায়নি। অনেকেই
ধরে নেন— প্রথম উপন্যাসই হয়তো তার শেষ সেরা কাজ আর দস্তয়ভস্কি দুনিয়ার আরেকজন ওয়ান
বুক ওয়ান্ডার।
পেত্রাশেভস্কি
চক্র: পতনের শুরু
এই সময়ে
দস্তয়েভস্কি শার্ল ফুরিয়ে, এতিয়েন কাবে,পিয়েরে জোসেফ প্রুধোঁ, অঁরি দ্যা সাঁ-সিমোঁ—
এই ফরাসি সমাজতান্ত্রিক চিন্তাবিদদের লেখার সঙ্গে পরিচিত হন। বেলিনস্কির প্রভাবে তিনি
সমাজতন্ত্রের ধারণার প্রতি আকৃষ্ট হন। তবে ভিসারিয়ন বেলিনস্কির নাস্তিক্য দস্তয়েভস্কির
গোঁড়া রুশ অর্থোডক্স বিশ্বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তাদের সম্পর্কে ফাটল ধরে।
হেমার্কেটে রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কি (বাঁয়ে)এর মধ্যে
দস্তয়েভস্কি যোগ দেন ‘পেত্রাশেভস্কি চক্র’ নামের একটি গোপন পাঠচক্রগোষ্ঠীতে,যেখানে
ইউটোপিয়ান সমাজতন্ত্র, রাজনীতি, সাহিত্য নিয়ে আলোচনা হতো। ১৮৪৯ সালের ২৩ এপ্রিল সেই
অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নেওয়া হয় পিটার অ্যান্ড পল দুর্গে—যেখানে সে
সময়ের সবচেয়ে ভয়ংকর আসামীদের রাখা হতো। চার মাস তদন্তের পর সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ডের
রায় দেয়। তারপর সেই ২২ ডিসেম্বরের ঘটনা— যা আমরা শুরুতেই বলেছি। মৃত্যুদণ্ড কমে হয়
সাইবেরিয়ায় নির্বাসন আর কঠোর শ্রম।
নরকে নতুন জীবনের জন্ম
সাইবেরিয়া।
যেন এক নরকযাত্রা। স্লেজ গাড়িতে চোদ্দো দিনের সফর। তারপর ওমস্ক কারাগার—সাইবেরিয়ার
সবচেয়ে নিষ্ঠুর কারাগারগুলোর একটি। এখানে তিনি চার বছর কাটাবেন। এই চার বছর—এই তীব্র
দুঃখ, এই নিষ্ঠুরতা, এই অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে—দস্তয়েভস্কি এমন কিছু শিক্ষা
আর উপলব্ধি অর্জন করেছেন যা কোনো বইয়ের পাতা থেকে শেখা যায় না।
কারাগারে
তিনি সাধারণ রুশ কৃষক, খুনি, চোর,ডাকাতের সঙ্গে থাকেন। তিনি আশা করেছিলেন—এরা হতাশাজনক
পরিস্থিতির শিকার, সমাজের প্রতি রাগান্ধ হয়ে এরা অপরাধ করেছে। কিন্তু তিনি আবিষ্কার
করেন—অনেকেই অপরাধ করেছে পছন্দের কারণে,প্রয়োজনের কারণে নয়। কেউ কেউ সহিংসতাকে নিজের
জন্য এমনকী উপভোগ করতো। কেউ আত্ম-প্রতিষ্ঠার জন্যও খুন করেছে। কেউ শুধু ‘সীমা অতিক্রম
করার’ অভিজ্ঞতা নিতে চেয়েছে। এই আবিষ্কার তাকে বিচলিত করে। কারণ এতে বোঝা যায়— মন্দ
কোনো সামাজিক সমস্যা নয়,মন্দ মানব হৃদয়ের ভেতরেই রয়েছে। আর এখান থেকেই দস্তয়েভস্কির
মন্দের মনোবিজ্ঞান শুরু।
কারাগারে
তিনি আরেকটি জিনিস আবিষ্কার করেন— সাধারণ রুশ মানুষের আধ্যাত্মিক গভীরতা। এই মানুষগুলো—যারা
সমাজের চোখে ‘অপরাধী’—তারা অন্যদের প্রতি সহানুভূতিশীল, ধর্মভীরু, নৈতিকভাবে সংবেদনশীল।
এই অভিজ্ঞতা থেকেই জন্ম নেবে দস্তয়েভস্কির ‘Notes from Underground’—সাধারণ মানুষের কাছে ফিরে যাওয়ার
দর্শন।
মারিয়া দিমিত্রিয়েভনাকারাগার
থেকে মুক্তির পর তাকে সাইবেরিয়াতেই সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সেমিপালাতিনস্কে
থাকাকালীন তিনি মারিয়া দিমিত্রিয়েভনার সঙ্গে পরিচিত হন। ১৮৫৭ সালে তাকে বিয়ে করেন।
কিন্তু এই বিয়ে সুখের ছিল না—দুইজনের স্বভাব চরিত্রে কোন মিল ছিল না। ১৮৫৯ সালে স্বাস্থ্যের
কারণে সামরিক চাকরি থেকে অবসর নিয়ে তিনি রাশিয়ায় ফিরে আসেন। এই সময়ে তার জীবনের
সবচেয়ে বড় দুঃখ আসে— প্রিয় ভাই মিখাইলের মৃত্যু। এর কিছুদিন পরেই প্রথম স্ত্রী মারিয়ারও
মৃত্যু হয়।
মহাকাব্যের যুগ শুরু
১৮৬০
সালে দস্তয়েভস্কি ভাইয়ের সঙ্গে মিলে ‘ভ্রেমিয়া’ নামে একটি পত্রিকা বের করেন। এই পত্রিকায়
প্রকাশিত হয় ‘নোটস ফ্রম হাউস অফ দ্য ডেড’ (১৮৬১-৬২)—কারাগারের অভিজ্ঞতার ফসল। এটিই
রুশ সাহিত্যে কারাগার নিয়ে প্রথম উপন্যাস। এরপর প্রকাশিত হয় ‘দ্য ইনসালটেড অ্যান্ড
হিউমিলিয়েটেড’ (১৮৬১), দস্তয়েভস্কির সম্ভবত সবচেয়ে বেশি পঠিত উপন্যাস, লাঞ্ছিত বঞ্চিত।
নোটস ফ্রম হাউস অফ দ্য ডেড ও এর মূল রুশ সংস্করণ১৮৬৪
সালে প্রকাশিত হয় ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড’—দস্তয়েভস্কির সবচেয়ে বৈপ্লবিক রচনাগুলোর
একটি। এই রচনার মাধ্যমে তিনি অস্তিত্ববাদী সাহিত্যের ভিত্তি তৈরি করেন। ভূগর্ভস্থ মানুষের
ডায়েরী যিনি লিখছেন— এই চরিত্রটি সাহিত্যে প্রথম সম্পূর্ণ আত্ম-সচেতন নিউরোটিক। সে সেন্ট
পিটার্সবার্গের একজন প্রাক্তন কেরানি। সে বুদ্ধিমান, আত্ম-সচেতন, কিন্তু সম্পূর্ণভাবে
দুঃখী। সে ঠিক জানে তার জীবন উন্নত করতে কী করা উচিত—কিন্তু তা করতে পারে না। কারণ
জানা আর করা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। সে নিজেকে বিশ্লেষণ করতে করতে এমনভাবে ভূগর্ভস্থ
খনিতে আটকে যায় যে কিছুই করতে পারে না। আমরা যাকে ‘বিশ্লেষণ-অক্ষম পক্ষাঘাত’ বলি— দস্তয়েভস্কি
এই শব্দটি তৈরি হওয়ার কয়েক দশক আগেই এর চিত্র সুনিপুণ তুলিতে যেন এঁকে ফেলেছিলেন।
‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ : বিশ্বসাহিত্যে
এক নতুন বিস্ফোরণ
১৮৬৬
সালে প্রকাশিত হয় ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ বা অপরাধ ও শাস্তি। এটি সেই উপন্যাস যা দস্তয়েভস্কিকে বিশ্বসাহিত্যের চূড়ায়
পৌঁছে দেয়, দস্তয়েভস্কিকে দস্তয়ভস্কি বানিয়ে তোলে। কাহিনিটি সহজ,কিন্তু এর গভীরতা?
অসীম। রাসকলনিকভ নামে এক দরিদ্র ছাত্র সেন্ট পিটার্সবার্গে থাকে। তার কিছু থাক আর না
থাক একটি বিশ্বাস আছে—’অসাধারণ ব্যক্তিরা’ নৈতিক আইনের ঊর্ধ্বে। নেপোলিয়ন যেমন তার
যুগে নৈতিক সীমা অতিক্রম করেছেন, তেমনি কিছু মানুষ সমাজের মঙ্গলের জন্য নৈতিক সীমা
অতিক্রম করতে পারেন। এই তত্ত্ব প্রমাণ করতে সে এক বৃদ্ধা সুদখোরকে হত্যা করে। কিন্তু
হত্যার পর তার জীবনে যা ঘটে, তা এই তত্ত্বকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। তার বিবেক তাকে
এমনভাবে তাড়া করে যে শেষ পর্যন্ত সে সোনিয়ার কাছে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়—এবং
সাইবেরিয়ায় সাজা ভোগ করতে যায়।
ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রুশ, ইংরেজি ও বাংলা সংস্করণএই উপন্যাসে
দস্তয়েভস্কি দেখিয়েছেন—একজন বুদ্ধিজীবী কীভাবে যুক্তি দিয়ে নিজের অপরাধকে ন্যায্যতা
দেয়, কিন্তু তার মনস্তত্ত্ব তার সবকিছু ফাঁস করে দেয়। রাসকলনিকভের যুক্তিবাদী ন্যায্যতা
আসলে আত্ম-প্রতারণা। তার অপরাধের প্রকৃত প্রেরণা দার্শনিক নয়, মনস্তাত্ত্বিক—সে নিজের
ইচ্ছা ও ক্ষমতার চূড়ান্ত প্রকাশ অনুভব করতে চায়। এখানে আরেকটি চরিত্র—সোনিয়া মারমেলাদোভা।
দরিদ্র, যৌনকর্মে বাধ্য, সমাজের চোখে ‘পতিতা’। কিন্তু এই চরিত্রটিই উপন্যাসের আধ্যাত্মিক
কেন্দ্র। তার দুঃখকষ্ট তাকে তিক্ত করেনি—বরং তার ভালোবাসা ও ক্ষমার ক্ষমতাকে গভীর করেছে।
সে রাসকলনিকভের মতো একজন খুনির মধ্যেও ঐশ্বরিকতা দেখতে পায়। তার মাধ্যমেই রাসকলনিকভ
মুক্তি পায়। ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ প্রকাশের পর দস্তয়ভস্কির পাঠকসংখ্যা হুহু
করে বাড়তে থাকে।
‘দ্য ইডিয়ট’ : মানুষের ট্র্যাজেডি
১৮৬৮
সালে দস্তয়েভস্কি শুরু করেন ‘দ্য ইডিয়ট’। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রিন্স
মিশকিন— এক মৃগীরোগী, দয়ালু, নিষ্কলুষ মানুষ। দস্তয়েভস্কির ইচ্ছা ছিল— সবচেয়ে ভালো
মানুষকে কল্পনা করা। মিশকিনকে তিনি ‘যীশু’র মতো মানব হিসেবে তৈরি করেছেন। মিশকিন সবাইকে
ভালোবাসে, সবাইকে ক্ষমা করে, সবাইকে বিশ্বাস করে। কিন্তু এমন নিঃশর্ত ভালোবাসা এই পতিত
পৃথিবীতে টিকে থাকতে পারে না। মিশকিনকে ঘিরে নাস্তাসিয়া ফিলিপোভনা ও আগ্লায়া— দুই
নারীর টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত ট্র্যাজেডি।
দ্য ইডিয়টের রুশ, ইংরেজি ও বাংলা সংস্করণমিশকিন তার ভালোগিরি দিয়েও কাউকে
বাঁচাতে পারে না— বরং তার আগমনে সবকিছু আরও জটিল হয়ে পড়ে। দস্তয়েভস্কি এখানে দেখিয়েছেন—
খ্রিস্টের মতো সব ভালো দিয়েও এই পৃথিবীতে কেবল ধ্বংস আসতে পারে। কিন্তু সেই ধ্বংসের
মধ্যেও এক গভীর আধ্যাত্মিক সৌন্দর্য লুকিয়ে আছে। মিশকিনের মৃগীরোগের বর্ণনা দস্তয়েভস্কির
নিজের অভিজ্ঞতা থেকে এসেছে—খিঁচুনির আগের সেই মুহূর্ত, যখন মনে হয় সময় থেমে গেছে,পৃথিবী
নিখুঁত শান্তিতে ভরে উঠেছে, আর অস্তিত্বের সব রহস্য যেন এক মুহূর্তে উন্মোচিত হয়ে গেছে।
‘ডেমনস’: সর্বগ্রাসের পূর্বাভাস
১৮৭২
সালে প্রকাশিত হয় ‘ডেমনস’। রুশ নিহিলিস্ট ও বিপ্লবী আন্দোলনের এক ভয়াবহ চিত্র। নেচায়েভ
হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রচিত। এই উপন্যাসে দস্তয়েভস্কি দেখিয়েছেন— মানবতাবাদী আদর্শ
ধীরে ধীরে সন্ত্রাস ও নিপীড়নে রূপান্তরিত হয়। বিপ্লবী চরিত্ররা সামাজিক অন্যায় সম্পর্কে
প্রকৃত উদ্বেগ নিয়ে শুরু করে। কিন্তু আদর্শের প্রতি অন্ধ আনুগত্য তাদের মানবিক শালীনতাকে
গ্রাস করে ফেলে। তারা মিথ্যা বলে, চুরি করে, খুন করে—কারণ তারা নিজেদের বোঝিয়েছে,
‘বৃহত্তর ভালোর’ জন্য এসব প্রয়োজন।
ডেমনস ও এর মূল রুশ সংস্করণউপন্যাসের শিগালেভ চরিত্রটি দেখায়—’নিখুঁত সমতা’র
আদর্শ শেষ পর্যন্ত ব্যক্তিগত স্বাধীনতার সম্পূর্ণ বিলোপে পৌঁছে যায়। শিগালেভের মতে,
মানবতাকে দুই ভাগে ভাগ করতে হবে—একটি ছোট অভিজাত শ্রেণি যারা সমস্ত সিদ্ধান্ত নেবে,
এবং একটি বড় জনসাধারণ যারা নিখুঁত সমতার কিন্তু সম্পূর্ণ অধীনতার অবস্থায় বাস করবে।
এই উপন্যাসটি বিংশ শতাব্দীর সর্বগ্রাসীবাদের একটি অত্যন্ত নির্ভুল পূর্বাভাস। দস্তয়েভস্কি
দেখেছিলেন—যে কোনো রাজনৈতিক দর্শন যা মানব মর্যাদা ও অতীন্দ্রিয় নৈতিক সত্য অস্বীকার
করে, তা শেষ পর্যন্ত স্বৈরাচারে পরিণত হবে।
১৮৮০
সালে প্রকাশিত হয় দস্তয়ভস্কির অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম ‘দ্য ব্রাদার্স কারামাজভ’।
অনেকে এটিকে বিশ্বসাহিত্যের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে মনে করেন। ফ্রয়েড এটিকে ‘সর্বকালের
সর্বশ্রেষ্ঠ উপন্যাস’ বলে অভিহিত করেছেন। কাহিনী আবর্তিত হয় কারামাজভ পরিবারের তিন
ভাইয়ের জীবন নিয়ে। দিমিত্রি— আবেগ ও ইন্দ্রিয়ের মানুষ। ইভান—যুক্তি ও বিদ্রোহের মানুষ।
আলিয়োশা—বিশ্বাস ও ভালোবাসার মানুষ। তাদের বাবা ফিওদর কারামাজভ— এক লোভী, কামুক, নিষ্ঠুর
মানুষ। উপন্যাসের কেন্দ্রে আছে এই বাবার হত্যাকাণ্ড। এই উপন্যাসে দস্তয়েভস্কি মানব
আত্মার তিনটি দিক তুলে ধরেছেন। ইভানের বিদ্রোহ—নিরপরাধ দুঃখকষ্টের সমস্যা নিয়ে। ইভান
বলে—যদি ঈশ্বর থাকেন, তবে তিনি কেন শিশুদের দুঃখকষ্টের অনুমতি দেন? ইভান কোনো ধর্মতাত্ত্বিক
ব্যাখ্যা গ্রহণ করতে রাজি নয়। সে এমন মহাবিশ্বের ‘টিকিট’ প্রত্যাখ্যান করে যেখানে
একটি শিশুর অশ্রুও বৃহত্তর ভালোর জন্য বলি দেওয়া হয়।
দ্য ব্রাদার্স কারামাজভের রুশ, ইংরেজি ও বাংলা সংস্করণএই উপন্যাসে আছে ‘গ্র্যান্ড
ইনকুইজিটর’ অধ্যায়—সম্ভবত সর্বকালের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক উপকথা। স্পেনের ইনকুইজিশনের
সময় যীশু পৃথিবীতে ফিরে এলে গ্র্যান্ড ইনকুইজিটর তাকে গ্রেপ্তার করে। ইনকুইজিটর যুক্তি
দেয়—মানুষ স্বাধীনতা সামলাতে পারে না। মানুষের আসলে প্রয়োজন রুটি (অর্থনৈতিক নিরাপত্তা),
অলৌকিকতা (নিশ্চয়তা), এবং কর্তৃত্ব (শক্তিশালী নেতৃত্ব)। ইনকুইজিটরের যুক্তি হিমশীতল
ও যুক্তিগতভাবে বাধ্যকর। যিশু কথায় তিনি সাড়া দেন না—তিনি কেবল বৃদ্ধ ইনকুইজিটরের
ঠোঁটে কোমলভাবে চুমু দেন। এই চুমুতে কোনো যুক্তি নেই, কোনো খণ্ডন নেই— এটি কেবল ভালোবাসারই
প্রকাশ।
দার্শনিক চিন্তার কেন্দ্রে আছে যা
যা
দস্তয়েভস্কিকে
পড়ার আসল আনন্দ তার দার্শনিক চিন্তাটা ধরে ফেলার মধ্যে নিহিত। তার উপন্যাসগুলোতে যে
প্রশ্নগুলো ঘুরেফিরে আসে,সেগুলো কোনো বিমূর্ত তত্ত্ব নয়— সেগুলো তার চরিত্রদের রক্তমাংসে
মূর্ত হয়ে ওঠা।
স্বাধীনতা
দস্তয়েভস্কির কাছে কোনো রাজনৈতিক ধারণা নয়। এটি মানব অস্তিত্বের অতীন্দ্রিয় ভিত্তি— যা
মানুষকে পশু ও যন্ত্র থেকে আলাদা করে। NOTES FROM UNDERGROUND দেখায়— মানুষ কখনও কখনও
সুখের চেয়ে দুঃখকষ্ট বেছে নেয়,শুধু এটা প্রমাণ করতে যে সে কোনো যন্ত্র নয়। দস্তয়েভস্কি
লিখেছেন— মানুষ নরকে যেতেও রাজি, যদি সে নিজেই নরক বেছে নিতে পারে, স্বর্গ তার উপর চাপিয়ে
দেওয়ার বিপরীতে। দুঃখকষ্ট সম্পর্কে তার ধারণা বিপ্লবাত্মক। তিনি দুঃখকষ্টকে নিছক ‘মন্দ
জিনিস যা দূর করতে হবে’ হিসেবে দেখেননি। তার মতে, দুঃখকষ্টই একমাত্র উপায় যার মাধ্যমে মানুষ
আধ্যাত্মিকভাবে পরিণত হতে পারে। তবে সব দুঃখকষ্টই মুক্তিদায়ক নয়— Notes From
Underground এর মানুষদের বেদনা তাকে তিক্ত করেছে, ইভানের যন্ত্রণা তাকে ঈশ্বরের বিরুদ্ধে
বিদ্রোহে নিয়ে গেছে। পার্থক্য হলো সেই বেদনা কীভাবে ব্যক্তি গ্রহণ করবে তাতে।
নৃবিজ্ঞানী শোকান উলিখানভ (বাঁয়ে) এবং রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কিমন্দের
মনোবিজ্ঞান নিয়ে তার অন্তর্দৃষ্টি সবচেয়ে উদ্বেগজনক। সাইবেরিয়ার কারাগারে তিনি দেখেছিলেন— অপরাধীরা
স্বীকৃতভাবে মানুষ। তাদের যুক্তি, আবেগ, নৈতিক বোঝার ক্ষমতা আইন মান্যকারী নাগরিকদের
মতোই। রাসকলনিকভের যুক্তিবাদী ন্যায্যতা আসলে আত্ম-প্রতারণা। মন্দ প্রায়শই ছোট ছোট
আপস ও ধীর আধ্যাত্মিক অবনতি থেকে জন্ম নেয়—বেশিরভাগ মানুষ একদিন সকালে জেগে উঠে অপরাধী
হয়ে যায় না।
তুর্গেনেভ,
তলস্তয় ও দস্তয়েভস্কি : তিন মহীরুহের জটিল সম্পর্ক
রুশ সাহিত্যের
ঊনবিংশ শতাব্দীর তিন মহীরুহ— তুর্গেনেভ, তলস্তয় ও দস্তয়েভস্কি। তারা তিনজনই প্রায়
একই সময়ে বেঁচে ছিলেন, তিনজনই রুশ সাহিত্যকে বিশ্বসাহিত্যের শিখরে পৌঁছে দিয়েছেন।
কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল জটিল, কখনও উষ্ণ, কখনও শীতল, কখনও তীব্র বিরোধপূর্ণ।
ইভান সার্গেইভিচ তুর্গেনেভ ছিলেন দস্তয়েভস্কির চেয়ে এক বছরের বড়। তুর্গেনেভ ছিলেন
উদারনৈতিক পশ্চিমমুখী— তিনি বিশ্বাস করতেন রাশিয়ার উচিত পশ্চিম ইউরোপের পথ অনুসরণ
করা, বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে অগ্রসর হওয়া। দস্তয়েভস্কি ছিলেন রক্ষণশীল স্লাভোফিল—তিনি
বিশ্বাস করতেন রাশিয়ার নিজস্ব আধ্যাত্মিক পথ আছে, অর্থোডক্স খ্রিস্টধর্ম ও সাধারণ
মানুষের প্রজ্ঞাই রাশিয়ার মুক্তির পথ।
রুশ সাহিত্যের ঊনবিংশ শতাব্দীর তিন মহীরুহ— তুর্গেনেভ, তলস্তয় ও দস্তয়েভস্কিদুইজনের
প্রথম সাক্ষাৎ ১৮৪৫ সালে, যখন দুজনেই তরুণ লেখক। শুরুতে সম্পর্ক ভালোই ছিল। কিন্তু ১৮৬০-এর
দশকে ‘ভ্রেমিয়া’ পত্রিকায় তুর্গেনেভের ‘ফাদারস অ্যান্ড সন্স’ নিয়ে একটি সমালোচনা
প্রকাশিত হলে সম্পর্কের অবনতি শুরু হয়। এরপর ১৮৬৭ সালে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়— যা
প্রায় দ্বন্দ্বযুদ্ধে রূপ নিতে যাচ্ছিল। তুর্গেনেভের মতে, দস্তয়েভস্কি তার ‘ধোঁয়া’
উপন্যাস নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। এরপর তারা প্রায় দশ বছর কথা বন্ধ বলেননি।
তুর্গেনেভ
দস্তয়েভস্কির প্রতিভাকে স্বীকৃতি দিলেও তার ‘মনস্তাত্ত্বিক অতলচর্চা’-কে কঠোর ভাষায়
নিন্দা করেছেন। তিনি দস্তয়েভস্কির উপন্যাসকে ‘হাসপাতালের দুর্গন্ধ’ এবং ‘মনস্তাত্ত্বিক
খোঁচাখুঁচি’ বলে অভিহিত করেছেন। তুর্গেনেভ একবার তাকে ‘সাহিত্যের নাকে একটি ব্রণ’ বলেও
উপহাস করেছিলেন। তবে এই তীব্র সমালোচনার মধ্যেও তুর্গেনেভ দস্তয়েভস্কির গভীরতা সম্পর্কে
সচেতন ছিলেন। তিনি একবার স্বীকার করেন—‘ফাদারস অ্যান্ড সন্স’-এর বাজারভ চরিত্রের উদ্দেশ্য
কেবল দুজন মানুষই সঠিকভাবে বুঝেছেন,তাদের একজন দস্তয়েভস্কি। ১৮৮০ সালে পুশকিনের স্মৃতিতে
দেওয়া দস্তয়েভস্কির বিখ্যাত ভাষণের পর তুর্গেনেভ স্বীকার করেন যে সেই ভাষণ তার জীবনে
গভীর প্রভাব ফেলেছে। দুজনের সম্পর্ক শেষ পর্যন্ত একটি জটিল সহাবস্থানে পৌঁছায়—একদিকে
প্রকাশ্য সমালোচনা, অন্যদিকে গোপন শ্রদ্ধা।
লিও তলস্তয়
(১৮২৮–১৯১০) ছিলেন দস্তয়েভস্কির চেয়ে সাত বছরের ছোট। আশ্চর্যজনকভাবে,এই দুই মহান
লেখক কখনও ব্যক্তিগতভাবে দেখা করেননি। কিন্তু তারা একে অপরের কাজ গভীরভাবে পড়তেন এবং
শ্রদ্ধা করতেন।
জার্মানির বাডেন-বাডেনে দস্তয়েভস্কির স্মৃতিফলকতলস্তয়
দস্তয়েভস্কির মৃত্যুর পর ১৮৮১ সালে এক বন্ধুকে লেখা চিঠিতে স্বীকার করেন,‘আমি কখনও
দস্তয়েভস্কির সঙ্গে দেখা করিনি এবং তার সঙ্গে কখনও সরাসরি সম্পর্ক ছিল না। হঠাৎ তিনি
মারা গেলেন... এবং আমি অনুভব করলাম যে আমি তার প্রতি সেই সমস্ত ভালোবাসা এবং শ্রদ্ধা
হারিয়েছি যা আমার থাকা উচিত ছিল। আমি অনুভব করলাম যে তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের,
সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রয়োজনীয় মানুষ—একজন সহচর যার প্রতি আমার ভালোবাসা কেবল
বন্ধুত্বের নয়, বরং অনেক গভীর কিছু’। দস্তয়েভস্কিও তলস্তয়কে গভীরভাবে সম্মান করতেন।
তিনি তলস্তয়ের ‘আন্না কারেনিনা’ পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন, ‘তলস্তয় এমন
একজন লেখক যার কাজ থেকে আমি সবসময় কিছু না কিছু শিখি’।
কিন্তু এই দুই সাহিত্যিকের পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তলস্তয় ছিলেন মহাকাব্যিক—তিনি
জীবনের সমগ্রতা, সমাজের বিস্তৃত পরিসর, ইতিহাসের গতিধারা তুলে ধরতেন। দস্তয়েভস্কি
ছিলেন গভীর—তিনি একজন মানুষের মনস্তত্ত্বের ভেতরে ঢুকে যেতেন, মানুষের আত্মার অন্ধকারতম
কোণগুলো অন্বেষণ করতেন। তলস্তয় ছিলেন যুক্তি ও নৈতিকতার সন্ধানী, দস্তয়েভস্কি ছিলেন
বিশ্বাস ও মুক্তির সন্ধানী।
তলস্তয়
তার ‘আমার ধর্ম কী?’ গ্রন্থে দস্তয়েভস্কির প্রভাব স্বীকার করেছেন। আবার দস্তয়েভস্কির
মৃত্যুর পর তলস্তয়ের লেখায় এক নতুন গভীরতা ও অস্তিত্ববাদী মাত্রা আসে। অনেক সমালোচকের
মতে, এই দুই লেখক একে অপরের পরিপূরক—তলস্তয় দেখান কীভাবে মানুষ সমাজে বাঁচবে, দস্তয়েভস্কি
দেখান কীভাবে মানুষ নিজের ভেতরে বাঁচবে।
জীবনের শেষ পারানীর তরী
১৮৬৭
সালে দস্তয়েভস্কি তার সেক্রেটারি আন্না গ্রিগোরিয়েভনাকে বিয়ে করেন। আনা কেবল তার
স্ত্রী ছিলেন না—তিনি ছিলেন তার প্রকাশক,ব্যবস্থাপক,আর্থিক উপদেষ্টা। দস্তয়েভস্কির
জুয়া আসক্তি ও ঋণের বোঝা থেকে তাকে উদ্ধার করতে আনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই বিবাহ তার জীবনকে স্থিতিশীলতা দেয়। এরপরই তিনি একের পর এক মাস্টারপিস উপহার দেয়া
শুরু করেন।
দস্তয়েভস্কির স্ত্রী আন্না গ্রিগোরিয়েভনা তাদের দুই সন্তান ফিওদর ফিওদোরোভিচ ও লিউবভ ফিওদোরোভনাকে সঙ্গে১৮৭৩
সালে তিনি ‘দ্য ডায়েরি অফ আ রাইটার’ নামে একটি একক সাময়িকী প্রকাশ শুরু করেন দস্তয়ভস্কি।
এখানে তিনি সমসাময়িক রাজনীতি, সমাজ ও সাহিত্য নিয়ে নিজের রক্ষণশীল-স্লাভোফিল মতামত
ব্যক্ত করেন। এই ডায়েরি তার জীবদ্দশায় ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৮৮০ সালে মস্কোতে
পুশকিনের স্মৃতিতে প্রদত্ত তার বিখ্যাত ভাষণ রুশ সাহিত্যিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি
করে। এই ভাষণে তিনি রুশ জাতির ‘সর্বজনীন মানবতা’র ধারণাকে উদযাপন করেন। ১৮৮১ সালের
৯ ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবার্গে মাত্র ৫৯ বছর বয়সে তার মৃত্যু হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ায়
হাজার হাজার মানুষ অংশ নেয়—যা তৎকালীন রাশিয়ায় একজন লেখকের প্রতি জনগণের গভীর শ্রদ্ধার
প্রমাণ।
কেন দস্তয়েভস্কিকে পড়তেই হবে
দস্তয়েভস্কির
প্রভাব কেবল রুশ সাহিত্যে সীমাবদ্ধ নয়। তিনি বিশ্বসাহিত্যের গতিপথ বদলে দিয়েছেন।
ফ্রেডরিখ নিটশে ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড’-কে ‘মনস্তাত্ত্বিক ক্লাসিক’ বলে অভিহিত
করেছেন এবং দস্তয়েভস্কিকে তার জীবনের ‘সর্বাধিক আনন্দদায়ক আবিষ্কার’ হিসেবে তুলে
ধরেছেন। ফ্রেডরিখ নিটশে লিখেছেন, ‘আপনি কি দস্তয়েভস্কিকে চেনেন? স্টেন্ডহাল ছাড়া
অন্য কেউ আমাকে এতটা বিস্মিত করেনি, কেউ আমাকে এত আনন্দ দেয়নি। তিনি এমন একজন মনোবিজ্ঞানী
যার সঙ্গে আমি একটি সাধারণ সমতার ভিত্তি খুঁজে পেয়েছি’।
সিগমুন্ড
ফ্রয়েড স্বীকার করেছেন—তার সাইকোঅ্যানালাইসিস পদ্ধতি দস্তয়েভস্কির চরিত্রগুলোর ক্ষেত্রে
প্রযোজ্য নয়—কারণ দস্তয়েভস্কি ইতিমধ্যেই সেই গভীরতা পর্যন্ত পৌঁছে গেছেন যা ফ্রয়েড
পরে তত্ত্বে রূপ দিয়েছেন। ফ্রয়েড দস্তয়েভস্কিকে শেক্সপিয়ারের পরেই স্থান দিয়েছেন।
১৯২৮ সালে ‘দস্তয়েভস্কি অ্যান্ড প্যারিসাইড’ প্রবন্ধে তিনি দস্তয়েভস্কির ইডিপাস কমপ্লেক্স
ও পিতৃহত্যার থিম বিশ্লেষণ করেন।
ফিওদর দস্তয়েভস্কির দ্য ব্রাদার্স কারামাজভ উপন্যাসের পাণ্ডুলিপির খসড়া (১৮৮০ সাল)ফ্রাঞ্জ
কাফকা দস্তয়েভস্কির ‘দ্য র’ ইয়ুথ’ পড়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার বন্ধু
ম্যাক্স ব্রডকে উৎসাহের সঙ্গে অংশগুলো পড়ে শোনাতেন। জেমস জয়েস বলেছিলেন—দস্তয়েভস্কি
আধুনিক গদ্যের স্রষ্টা। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও হারুকি মুরাকামি তাদের যৌবনে
দস্তয়েভস্কির ভক্ত ছিলেন। আলবেয়ার কামু তার ‘দ্য রেবেল’ গ্রন্থে দস্তয়েভস্কির ‘নোটস
ফ্রম আন্ডারগ্রাউন্ড’-এর বিশদ বিশ্লেষণ করেছেন। অস্তিত্ববাদী দর্শনে দস্তয়েভস্কির
প্রভাব অপরিসীম। সার্ত্র, কামু, কিয়ের্কেগার্দ—সবাই তার কাছে ঋণী। ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড’-কে
অনেকে অস্তিত্ববাদী সাহিত্যের প্রথম গ্রন্থ বলে মনে করেন। দস্তয়েভস্কি তার উপন্যাসে
‘পলিফোনিক’ (বহুস্বরিক) আখ্যান তৈরি করেছেন—যেখানে একাধিক চরিত্রের স্বাধীন কণ্ঠস্বর
একইসঙ্গে বেজে ওঠে,কোনো একটি কণ্ঠকে লেখকের মুখপাত্র বানানো হয় না। এই কৌশল পরবর্তীতে
মিখাইল বাখতিনের সাহিত্যতত্ত্বের কেন্দ্রীয় ধারণায় পরিণত হয়।
আমরা
এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু অর্থের অভাব প্রকট। আমরা জানি
কীভাবে আরও উৎপাদনশীল হতে হয়, আরও দক্ষ হতে হয়, আরও ‘সফল’ হতে হয়—কিন্তু কেন বাঁচব,
সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। দস্তয়েভস্কি এই প্রশ্নটিকেই তার সাহিত্যের কেন্দ্রে
রেখেছেন। তিনি আমাদের দেখান—মানুষ কেবল যুক্তিবাদী প্রাণী নয়। সে আবেগপ্রবণ, আত্মবিধ্বংসী এবং
প্রায়শই নিজের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তিনি দেখান—স্বাধীনতা কেবল অধিকার নয়, একটি
ভয়ংকর বোঝাও। এবং বেশিরভাগ মানুষ এই বোঝা এড়াতে সবকিছু করতে রাজি। তিনি দেখান— দুঃখকষ্ট
কেবল ‘নেতিবাচকতা’ নয়, এটি আধ্যাত্মিক গভীরতার একমাত্র পথ হতে পারে। এবং তিনি দেখান— ভালোবাসা
কেবল একটি আবেগ নয়, এটি সেই শক্তি যা মহাবিশ্বকে একত্রে ধরে রাখে।
১৮৩৮ সালে দস্তয়েভস্কির লেখা একটি চিঠিআমার
মনে হয়, দস্তয়েভস্কি পড়া মানে নিজের ভেতরের অন্ধকারতম কোণগুলোর মুখোমুখি হওয়া। এটি
সহজ রাস্তা না কিন্তু যারা এই পথে নামেন, তারা শেষ পর্যন্ত আবিষ্কার করেন— সেই অন্ধকারের
মধ্যেও একটি অনির্বাণ আলো আছে। এবং সেই আলোটি হলো ধ্রুপদি বা ক্লাসিক হওয়ার সম্ভাবনা।
তার চরিত্ররা আমাদের আয়নায় ধরা পড়ে— রাসকলনিকভের যুক্তিবাদী অহংকার, ভূগর্ভস্থ মানুষের
আত্ম-বিধ্বংসী বুদ্ধিমত্তা, ইভানের নৈতিক ক্রোধ, মিশকিনের অতিশয় ভালোগিরি— এগুলোর
প্রতিটি আমাদের নিজের ভেতরের কিছু না কিছু প্রতিফলিত করে। আর সেই কারণেই ফিউদর দস্তয়েভস্কি
কেবল ঊনবিংশ শতাব্দীর রুশ লেখক নন, তিনি প্রতিটি যুগের,প্রতিটি সমাজের একজন সমকালীন
লেখক, যার উপন্যাস পড়া মানে নিজেকে পড়া। একবার দস্তয়েভস্কি পড়া শুরু করলে তাকে
ভুলে যাওয়া অসম্ভব— কারণ তিনি আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শেখান যা আমরা জানতাম
না যে আমরা জিজ্ঞাসা করতে চাই।
তিনি
আমাদের চ্যালেঞ্জ করেন— মায়া ছাড়া বাস্তবতার মুখোমুখি হতে,সরলতা ছাড়া আশা ধরে রাখতে,
শর্তহীনভাবে ভালোবাসতে এবং অজুহাত প্রকাশ ছাড়া দায়িত্ব নিতে। সেদিন সেই শীতল সেমেনোভস্কি
স্কোয়ারের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ানো সেই আটাশ বছরের যুবকটি যদি মারা যেতেন,তবে
আজ আমরা এই চ্যালেঞ্জটুকুও পেতাম না। সৌভাগ্যক্রমে, তিনি বেঁচেছিলেন এবং বেঁচে থেকে
তিনি মানবজাতিকে দিয়ে গেছেন এমন এক সাহিত্যভান্ডার—যা আজও আমাদের মনস্তত্ত্ব, আমাদের
দর্শন, আমাদের আত্মা— সবকিছুকে আলোকিত করে চলেছে। তার উপন্যাসগুলো আজও সারা বিশ্বে কোটি
কোটি পাঠক পড়ছেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে পড়ানো হচ্ছে, চলচ্চিত্র ও নাটকে রূপান্তরিত
হচ্ছে— কারণ তিনি যে প্রশ্নগুলো তুলেছেন, সেগুলো কোনো নির্দিষ্ট সময় বা সমাজের নয়,
সেগুলো চিরকালের। এই কারণেই দস্তয়েভস্কি কেবল একজন লেখক নন— তিনি মানব আত্মার এক অনন্ত
আয়না, যেখানে প্রতিটি যুগের মানুষ নিজেকে দেখতে পায়, নিজের অন্ধকার ও আলো— দুটোই।