টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠক। ছবি: আগামীর সময়
দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে সাতটি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরে তারা লগি-বৈঠা নিয়ে মিছিল বের করেন।
পুলিশ মিছিলকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তারা টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় লগি-বৈঠা নিয়ে অবস্থান করে বিক্ষোভ করেন।
ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, গতকাল রাতের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আজ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




