আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

ব্লগার আসাদ নূরকে বিয়ের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন সংগীতশিল্পী পারশা। স্বামীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আসাদের মতো এত যত্নবান, সাহসী, আন্তরিক, দায়িত্বশীল পুরুষ আমি আমার জীবনে আগে কখনো পাইনি আমার বাবা ব্যতীত।’ পারশার ভাষ্য, তার প্রতিটি কথা ও নীরবতার যত্ন নেন আসাদ। এমনকি তাঁর পছন্দ-অপছন্দ, কাজ এবং পোষা প্রাণীদেরও নিজের মতো করে আগলে রাখেন তিনি।
সম্প্রতি আসাদ নূরকে বিয়ে করেন সংগীতশিল্পী পারশা। বিয়ের পর তাঁদের সম্পর্ক, আসাদের ধর্মীয় বিশ্বাস এবং পারশার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এসবের জবাব দিতেই দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়েছেন এই সংগীতশিল্পী। সেখানে নিজের দাম্পত্য জীবন, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস এবং আসাদ নূরের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
পোস্টের শুরুতে পারশা লেখেন, ‘বিয়ে কি ইসলামের পেটেন্ট করা কোনো প্রথা? বিয়ের ইতিহাস তো ইসলামসহ বর্তমান পৃথিবীর বহু প্রচলিত ধর্মেরও হাজার হাজার বছর আগের। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায়, বিশেষ করে সুমেরীয় ও ব্যাবিলনীয় সমাজে বিবাহের সামাজিক ও আইনগত স্বীকৃতি ছিল।’
বিয়ের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিয়ের প্রধান উদ্দেশ্য আমি মনে করি সন্তানসন্ততি। আমি বাচ্চাকাচ্চা ভীষণ পছন্দ করি। তাই বিয়ে আমার জন্য লাক্সারি না, বরং নেসেসিটি। একদিন না একদিন করতেই হতো। হতে পারে আমার চিন্তাভাবনা আমি জেনজি হয়েও একটু সেকেলে। কিন্তু আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য আমি যেমন স্নেহশীল, দায়িত্ববান ও যত্নশীল একজন বাবা চেয়েছি, আসাদের মধ্যে ঠিক সেই মানুষটাকেই খুঁজে পেয়েছি।’
স্বামীকে নিয়ে নিজের ভালো থাকার কথা জানিয়ে পারশা লিখেছেন, ‘আমি ভালো আছি। খুব ভালো আছি। আর আসাদের মতো এত যত্নবান, সাহসী, আন্তরিক, দায়িত্বশীল পুরুষ আমি আমার জীবনে আগে কখনো পাইনি আমার বাবা ব্যতীত। এমন কিছু নেই যেখানে সে আমার সঙ্গে থাকে না। আমি যা চাই, যেভাবে চাই, তাই সে আমার জন্য করে।’
তিনি আরও লেখেন, ‘আমি তো এমন কাউকেই চেয়েছিলাম যে আমার বলা প্রতিটা শব্দের যত্ন করবে। আমার নীরবতা বুঝবে। আমার কাজকে সম্মান করবে। আমার নামানুষ বাচ্চা লিও, মোনালিসা, মিষ্টান্ন, পিকাসোকে নিজের বাচ্চার মতোই আগলে নেবে। আমার বাবা যেরকম আমি কিছু না বলতেই বোঝে আমার কী দরকার, আসাদও তাই। বাবার মতো আসাদও আমাকে ভাত খাইয়ে দেয়, কাপড় ধুয়ে-গুছিয়ে দেয়, আর কী না করে!’
আসাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে সমালোচনার জবাবে পারশা বলেন, ‘আপনারা তাঁর বিশ্বাসের সঙ্গে একমত না-ও হতে পারেন। তাঁর অনেক বক্তব্য আপনাদের অপছন্দ হতে পারে। আমারও তাঁর সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। কিন্তু তাই বলে মানুষটাকে শুধু ‘নাস্তিক’, ‘ধর্মহীন’ কিংবা আরও কিছু বিশেষণের মধ্যে আটকে রাখবেন? ওকে একজন মানুষ হিসেবে দেখুন। আপনাদের প্রিয় পারশার জামাই হিসেবেই দেখুন না!’
নিজের পরিবারে ভিন্ন ধর্মীয় বিশ্বাস ও জীবনযাপনের মানুষের প্রতি শ্রদ্ধার পরিবেশ রয়েছে জানিয়ে তিনি লেখেন, ‘আমার বাবা-মা প্রথমে এই বিয়েতে রাজি ছিলেন না। তাঁরা আমাকে বুঝিয়েছেন, তাঁদের আশঙ্কার কথা বলেছেন। কিন্তু আমাকে আটকে রাখেননি। তাঁরা ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করেন।’
পারশা আরও বলেন, ‘আমার বড় ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম। বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। ইসলামের ওপর তাঁর লেখা বই আছে, গবেষণা আছে। আমার ভাবি নিকাব করেন। এমনকি পরিবারের ভেতরে আমার আপন ছোটভাইয়ের সামনেও তিনি নিজের পর্দার নিয়ম কঠোরভাবে মেনে চলেন। কিন্তু তারা কখনো আমার গানবাজনা, চলাফেরা নিয়ে কোনো মন্তব্য করে না। তারা নিতান্তই ভালো মানুষ। আমাকে ভীষণ ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি।’
ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিক মূল্যবোধকে বড় করে দেখেন জানিয়ে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘আমার পরিবার আমাকে ধর্মপরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। শিখিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়। আমার বন্ধুবান্ধবের মধ্যে সব ধর্ম ও বিশ্বাসের মানুষই রয়েছেন। ছোটবেলা থেকেই আত্মীয়স্বজন, শিক্ষক, প্রতিবেশী, বন্ধুবান্ধব, সবার অকৃত্রিম স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছি আমি। সেই ভালোবাসা পাওয়ার জন্য কখনো আমাকে কারও ধর্ম বা বিশ্বাসের সঙ্গে নিজের বিশ্বাস মিলিয়ে নিতে হয়নি।’
ধর্মের নামে নারীবিদ্বেষ ও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করে পারশা বলেন, ‘তাই ধর্ম পালন করা মানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার আপত্তি ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিল করার বিরুদ্ধে।’
নিজের শিল্পীসত্তা ও ব্যক্তিগত বিশ্বাসের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি। পারশার ভাষায়, ‘আমি চাইলেই গানবাজনা, ছবি আঁকা, অভিনয় করে একই সঙ্গে নিজেকে একজন আদর্শ ধর্মপ্রাণ মুসলিম হিসেবে দাবি করতে পারি না। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় সংগীত, চিত্রকলা ও অভিনয়ের ওপর বিধিনিষেধ রয়েছে। এসব বিষয়ে ধর্মীয় মতভিন্নতাও আছে। কিন্তু আমি জানি, আমার জীবনযাপন সেই কঠোর ব্যাখ্যাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিল্পকে বিসর্জন দেওয়ার অর্থ আমার কাছে নিজের সত্তাকেই অস্বীকার করা।’
আসাদ নূরের জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে পারশা জানান, তাঁদের দুজনের বেড়ে ওঠার পরিবেশ এক ছিল না। নিজের পারিবারিক ও শিক্ষাগত সুযোগ-সুবিধার কথা স্বীকার করে তিনি লেখেন, ‘আমি প্রিভিলেজড। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই।’
তিনি আরও লেখেন, ‘শিক্ষা, সংস্কৃতি, শিল্পচর্চা, বই, সংগীত, নিরাপত্তা, সব মিলিয়ে আমি এমন একটি পরিবেশে বড় হয়েছি, যেখানে নিজের চিন্তা প্রকাশ করার সাহস এবং স্বাধীনতা পেয়েছি। আমার বাবা আমাকে পৃথিবীটাকে জানতে শিখিয়েছেন। আমাকে ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সব কিছুর সঙ্গে পরিচয় করিয়েছেন। আমার মা ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছেন আমার পেছনে। যেন নিজেকে চিনতে পারি, দেশের জন্য মানুষের জন্য কিছু করতে পারি।’
অন্যদিকে আসাদের শৈশব ও বেড়ে ওঠার অভিজ্ঞতা ছিল ভিন্ন। পারশা জানান, আসাদের বাবা একজন হাইস্কুল শিক্ষক এবং তাঁর পরিবার অত্যন্ত ধার্মিক। দাদার ইচ্ছায় আসাদকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন তিনি। মাদ্রাসায় পড়ার সময় শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতাও ছিল তাঁর।
আসাদের ধর্মবিশ্বাস পরিবর্তনের পেছনের অভিজ্ঞতা তুলে ধরে পারশা লেখেন, ‘সেই ছেলেটা কিন্তু জন্ম থেকেই ধর্মবিরোধী ছিল না। আসাদের কাছ থেকে যতটুকু জেনেছি, মাদ্রাসায় পড়ার সময় সে গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়। বিষয়টি জানতে পেরে তার বাবা বিস্মিত হন এবং তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন।’
পরবর্তী সময়ে ধর্মীয় বিধিনিষেধের কারণে আসাদের ব্যক্তিগত জীবনেও নানা সংকট তৈরি হয় বলে জানান পারশা। তাঁর ভাষ্য, এসব অভিজ্ঞতার পর ধর্ম নিয়ে আসাদের মনে প্রশ্ন তৈরি হয়। দীর্ঘদিন পড়াশোনা ও নিজের মতো করে জানার চেষ্টার পর একসময় তিনি নিজেকে ধর্মবিশ্বাসের বাইরে খুঁজে পান।
আসাদের অতীতের সামাজিক ও আইনি অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে পারশা লেখেন, ‘মাদ্রাসায় শিশু বলাৎকারের প্রতিবাদ করে ফেসবুকে লেখার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে মামলা করা হলো, বছরের পর বছর ধরে জেল খাটলো আসাদ। আপনাদের উগ্র বিশ্বাসের জন্যই আসাদকে পরিবার থেকে বিচ্যুত হতে হয়। আসাদ তার মাকে দেখেনি আজ দশ বছর হবে।’
আসাদের পরিবর্তিত জীবন ও নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তবে এখন যে আসাদকে আপনারা দেখছেন, সে সম্পূর্ণরূপে ভিন্ন একজন মানুষ। তার জীবন থেকে যে আপনারা অনেকগুলো বছর কেড়ে নিয়েছেন, সেগুলো এখন বুঝতে পারছে সে। সে জানছে, শিখছে। জীবনকে নতুন করে দেখছে। তাকে কি সেই সুযোগটুকুও দেবেন না? সে তো আপনাদেরই মানুষ।’
পোস্টের শেষ দিকে নিজের দেশ, সংস্কৃতি ও শেকড়ের প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন পারশা। তিনি লেখেন, ‘বাংলাদেশ আমার দেশ। এই দেশের মানুষ আমার, নদী-নালা আমার, পশুপাখি আমার, গানবাজনা, ভাষা, সংস্কৃতি, সবই আমার অস্তিত্বের অংশ। এই মাটির সঙ্গে আমার সম্পর্ক কোনো ধর্মীয় পরিচয় কিংবা কারও অনুমতির ওপর নির্ভর করে না। আমাকে আমার শেকড় থেকে বিচ্ছিন্ন করার অধিকার কারও নেই।’
ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে পারশা বলেন, ‘মনে রাখবেন, শেকড় উপড়ে ফেলা যদি এতই সহজ হতো, তাহলে চাপিয়ে দেওয়া উর্দুর কাছে বাংলা ভাষা কবেই আত্মসমর্পণ করত। যে জাতি নিজের ভাষা ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষায় বুকের রক্ত দিয়েছে, সেই জাতির একজন সন্তানকে তার নিজের দেশেই পরবাসী বানানোর দুঃসাহস নিছক নির্বুদ্ধিতা।’
পারশা জুলাই আন্দোলনের তার একটি গান দিয়ে ব্যাপক পরিচিতি পান। সেই গান আন্দোলনকে প্রভাবিত করতে ভূমিকা রাখে।



