মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি

ছবি: আগামীর সময়
মানুষের কষ্ট সহ্য করতে পারেন না মো. তোফায়েল আহমেদ (২৫)। অন্যের ঘরে খাবারের অভাবের কথা জানতে পারলে ছুটে যান তিনি। কারও মুখে খাবার তুলে দিতে, কারও শীত নিবারণে বস্ত্রের ব্যবস্থা; কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দিতে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের পড়াশোনা, শিক্ষকতা ও কর্মব্যস্ততার মধ্যেও মানুষের কষ্ট দেখে নীরব থাকতে পারেন না।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও মোছা. আরজু বেগমের সন্তান তোফায়েল নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং ভিডিওগ্রাফারের কাজ করে উপার্জন করেন। সাত বছর ধরে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
২০১৯ সালে শুরু হওয়া তার এই মানবিক পথচলায় এ পর্যন্ত অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, কম্বল, শাড়ি ও হুইলচেয়ার।
সামর্থ্য অনুযায়ী তিনি একেকজনকে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেন। এ পর্যন্ত ২৫ জনকে প্রায় ২ লাখ টাকা সহায়তা দিয়েছেন। তবে তার উদ্যোগের বড় অংশ জুড়ে রয়েছে খাদ্যসহায়তা। কোনো পরিবার খাবারের সংকটে রয়েছে জানতে পারলে দেরি না করে তাদের কাছে পৌঁছে দেন চাল, ডাল, তেল, চিনি, লবণ, আটা, আলু, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। একটি পরিবারের সাত দিনের খাবারের জন্য ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকার খাদ্যপণ্য দেন তিনি। এ পর্যন্ত প্রায় ৬০০ জনকে এমন সহায়তা দিয়েছেন। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজনকে হুইলচেয়ার এবং শীতার্ত ৬০ জনকে কম্বল দিয়েছেন। ঈদে অসচ্ছল নারীদের হাতে তুলে দেন নতুন শাড়ি। এসব মানবিক কাজে প্রতি মাসে তার ব্যয় হয় ১০ থেকে ১২ হাজার টাকা। নিজের উপার্জনের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সহযোগিতা নিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
উপজেলার পাইকপাড়া গ্রামের বৃদ্ধা মোছা. আবিরন বেগমের ভাষ্য, ‘তোফায়েল আমাকে গত তিন বছরে অনেক কিছু দিয়েছে। তিন দিন আগেও আমাকে চাল, ডাল, তেল, লবণ, চিনি, কালাই ও ডিম দিয়েছে। এ ছাড়া একবার ৬ হাজার টাকাও দিয়েছে।’
তোফায়েল সম্পর্কে বলছিলেন তার প্রতিবেশী বাবর উদ্দিন, ‘গ্রামের কেউ কষ্টে থাকলে তোফায়েল সবার আগে তার খোঁজ নেয়, সাহায্য-সহযোগিতা দেয়। গ্রামের বাইরের মানুষকেও সে সাহায্য করে।’
তোফায়েলের বাবা রফিকুল ইসলাম জানালেন, ছেলেকে এসব কাজে তিনি উৎসাহ দেন; টাকা চাইলে দেন। তোফায়েল নিজের উপার্জনের প্রায় সব অর্থই মানুষের সহায়তায় ব্যয় করে।
তোফায়েল বললেন, ‘আমার সামনে কেউ কষ্টে থাকলে অথবা কেউ না খেয়ে থাকলে খারাপ লাগে। মানুষের পাশে দাঁড়ালে তাদের মুখে যে হাসি ফুটে ওঠে, তা দেখে আমি তৃপ্তি পাই।



