বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে হাতটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। পরে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক লোকজন ভিড় করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরে মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের কাটা হাত পড়ে থাকার খবর পান তিনি। এমন দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতটি কার এবং কীভাবে সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানালেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করেছে। হাতটিতে ইতোমধ্যে পচন ধরেছে। তবে এটি কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করা হাতটির ফরেনসিকসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




