‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়
একটি চিরকুট, তাতে লেখা ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’; সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে এমন চিরকুট রেখে যাওয়ার পর পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দৌলতপুরের গ্রামের বাড়িতে ‘পেট্রলবোমা’ মেরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার মধ্যে দুটি বাড়িতে চিরকুট পাওয়ার খবর প্রকাশ পেল।
এমন চিরকুট কারা রেখে গেছে, তা জানা যায়নি। পুলিশ বলেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তারা।
গতকাল বুধবার মধ্যরাতে নুসরাতের বাড়িতে আগুন লাগে। তার আগে সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে চিরকুট পাওয়া যায়।
স্থানীয়রা জানালেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন উঠান বা রান্নাঘরের পাশে কাফনের কাপড়, অন্যান্য সামগ্রীসহ চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল— ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল— ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
মনি ডাক্তার আগামীর সময়কে বললেন, ‘সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা আমি জানি না।’
বিষয়টি সম্পর্কে খানিকটা আঁচ করতে পারলেও বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক আগামীর সময়কে বললেন, দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগের।
মনি ডাক্তার প্রতিবেশী বাচ্চু মালিথাকে নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য এরই মধ্যে থানায় গিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আগামীর সময়কে বললেন, দুজনকে থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।




