চাঁদার হুমকিতে বন্ধ ডায়াগনস্টিক সেন্টার, আবারও খুলে দিতে হত্যার হুমকি

গত ৭ নভেম্বর দুপুরে নগরীর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় নূর আজিম বাহিনীর সদস্যরা।
চাঁদা না দেওয়ায় বন্ধ করে দিতে বলা হয়েছিল ডায়াগনস্টিক সেন্টার। সেই হুমকিতে সোমবার সকালে বন্ধও করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। কিন্তু কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নেয় নতুন মোড়। এবার প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার জন্য মালিক ও ম্যানেজারকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। শেষ পর্যন্ত আতঙ্কের মধ্যেই দুপুরে আবার চালু করতে হয় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। খুলনায় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও হুমকির মুখে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এমন পরিস্থিতির মধ্যে সাবেক এক স্বাস্থ্য কর্মকর্তার কাছেও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার জাহিদের ভাষ্য, গত রবিবার কয়েক দফায় তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে তিনি জানান, এত টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। তখন রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় সন্ত্রাসীরা।
জাহিদ বলেছেন, তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নূর আজিম পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়। হুমকির পর কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। সোমবার দুপুর পর্যন্ত সেটি বন্ধ ছিল।
এদিকে সোমবার সকালে গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানটির সামনে থেকে সরাসরি সম্প্রচার শুরু করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নূর আজিমের নজরে আসে। এরপর তিনি প্রতিষ্ঠানটির মালিক ও ম্যানেজারকে ফোন করে প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাদের হত্যা করা হবে বলে হুমকি দেন। পাশাপাশি তার নাম প্রকাশ করা হলে গুলি করার হুমকিও দেওয়া হয়।
জাহিদ জানালেন, পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর ১ টার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম আবার চালু করা হয়।
এর আগে গত ৭ নভেম্বর দুপুরে নগরীর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় নূর আজিম বাহিনীর সদস্যরা। এরপর থেকে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ কর্তৃপক্ষের।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেছেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তারা প্রতিষ্ঠানটি খুলেছেন।
এদিকে একই সময়ে চাঁদাবাজির হুমকির মুখে পড়েছেন খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. সুজাত আহমেদ। তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে নগরীর শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানি।
ডা. সুজাত আহমেদ বললেন, গত রবিবার রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ফোন এবং বার্তা পাঠিয়ে ‘বি’ কোম্পানির পরিচয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়। চাঁদা দাবির সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি আতঙ্কে রয়েছেন। ভয়ে থানায় লিখিত অভিযোগ করেননি। এমনকি অপরিচিত কারও ফোনও ধরছেন না।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বললেন, এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পাঁচ থেকে ছয়টি সন্ত্রাসী গ্রুপ ও কিশোর গ্যাং শহরের মানুষকে জিম্মি করে ফেলেছে। তারা অব্যাহতভাবে হাসপাতাল, ক্লিনিক ও কোচিং সেন্টারে হামলা চালাচ্ছে। কেউ রেহাই পাচ্ছে না। মাদকে সয়লাব খুলনা শহর। এ পরিস্থিতিতে জনগণকে নিরাপদ রাখতে সরকারকে কঠিন ও কঠোর পদক্ষেপ নিতে হবে।



