সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা

সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন একরামুল
প্রতিদিন ভোর হতেই মাথায় গামছা বেঁধে হাতে দা, খুন্তি ও কোদাল নিয়ে বেরিয়ে পড়েন একরামুল মোড়ল। লক্ষ্য— গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এ ছাড়া তিনি বিভিন্ন সেবামূলক কাজও করছেন।
সাতক্ষীরার তালা উপজেলা সদরের মেলাবাজারে আসবাবের একটি দোকানের স্বত্বাধিকারী একরামুল মোড়ল (৪০)। উপজেলার গোপালপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে একরামুল সংসারে অভাবের কারণে খুববেশি লেখাপড়া করতে পারেননি। ২২ বছর আগে দৈনিক ৩০ টাকা বেতনে মেলাবাজারে আসবাবের দোকানে কাজ শুরু করেন।
২০২২ সালে গোপালপুর আল আকসা জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে ওই মসজিদের ওজুখানা পরিষ্কারের মধ্য দিয়ে একরামুলের এ উদ্যোগের শুরু। এরপর তালা-পাটকেলঘাটা সড়কের বাঁকের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তাকে উৎসাহ দেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গোপালপুরে বসবাস একরামুলের।
পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান বলেছেন, ‘একরামুলের কাজে অনুপ্রাণিত হয়ে কয়েক মাস ধরে তাকে সহযোগিতা করতে পেরে আমি খুবই আনন্দিত।’ তিনি যোগ করেন, ‘একরামুল শুধু সড়কের পাশের ঝোপঝাড়ই পরিষ্কার করেন না, তিনি রাস্তা ও খালের পাশে গাছ লাগানো, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো, ভাঙা রাস্তা মেরামত, সড়ক, খাল-বিল, স্কুল-কলেজ ও মাদ্রাসার মাঠের জলাবদ্ধতা নিরসনে কাজ করেন। এ ছাড়া নির্বিঘ্নে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করতে সহায়তা, সড়কের সিগন্যাল পোস্ট, লাইট পোস্ট ও মাইলফলক পরিচ্ছন্ন রাখা, মসজিদ-মাদ্রাসার নষ্ট নলকূপ মেরামত ও ওজুখানা পরিষ্কার করেন একরামুল।
কুমিরা-সাগরদাঁড়ি সড়কে নিয়মিত চলাচলকারী কুলসুম আক্তার মুন্নীর কথা— ‘এ সড়কের অসংখ্য জায়গায় বাঁক রয়েছে। সেসব জায়গায় আগে ঝোপঝাড়ের কারণে একপাশ থেকে অন্য পাশ দেখা যেত না, প্রায়ই ঘটত দুর্ঘটনা। একরামুল ওইসব ঝোপঝাড় কেটে পরিষ্কার করে দেওয়ায় আমরা নিরাপদে চলাচল করতে পারছি।’
একরামুল মোড়ল বলছিলেন, ‘ছোটবেলা থেকে সমস্যার মধ্যে বড় হয়েছি। তাই মানুষের সমস্যা দেখলে আমি সহ্য করতে পারি না। আমার তেমন সামর্থ্য নেই। তবু নিজের শরীরের ঘাম ঝরিয়ে কাজ করে সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করি। তাদের জন্য কিছু করতে পারাটা যে কত আনন্দের, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ভাষ্য, ‘আমি হঠাৎ একদিন পরিষদে এসে দেখি, সামনের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন। জানতে পারলাম, একরামুল নামে এক ছেলে ভোর থেকে এ কাজ করছেন। আমি তার কাছে ছুটে গেলাম। দেখি, সত্যিই নিজ হাতে রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন। আমি অবাক হলাম তার কাজ দেখে। এখনো এমন মানুষ আছে যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে বেড়ায়। আমি তাকে কথা দিয়েছি, তার কাজে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত।’
নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলার সভাপতি ডা. মইদার রহমান বললেন, ‘একরামুল নিরাপদ সড়কের জন্য অনেক কাজ করছেন। সড়ক বাঁকের ঝোপঝাড়, আগাছা পরিষ্কার, মাইলফলক, সিগন্যাল পোস্ট পরিষ্কার করায় দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। তার দেখাদেখি জেলায় এখন অনেক তরুণ-যুবক বিভিন্ন রাস্তা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। আমাদের পক্ষ থেকে একরামুলের কোনো সহযোগিতা লাগলে আমরা তা করব।’



