এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। ছবি: সংগৃহীত
একটি ছবিতে ফুটে উঠেছে আগুনে সব হারানো একটি পরিবারের গল্প। ধ্বংসস্তূপের মধ্যে কংক্রিটের দেয়ালের পাশে একসঙ্গে ঘুমিয়ে আছেন পরিবারের পাঁচ সদস্য। ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তোলা এই ছবিই এনে দিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমানকে আন্তর্জাতিক স্বীকৃতি। ছবিটির জন্য দুবাইয়ের ১৫তম হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (এইচআইপিএ) সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এই প্রথম কোনো বাংলাদেশি আলোকচিত্রী প্রতিযোগিতাটির সর্বোচ্চ পুরস্কার জিতলেন।
‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবিটিতে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো একটি পরিবারের পাঁচ সদস্যকে ধ্বংসস্তূপের মধ্যে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ওই আগুনে বস্তিটির দেড় হাজারের বেশি ঘর পুড়ে যায়। সব হারিয়েও পরিবারের সদস্যদের একসঙ্গে থাকার দৃশ্য ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত অনুষ্ঠানে পিনু রহমানের হাতে পুরস্কার তুলে দেন শেখ মোহাম্মদ বিন রাশিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
আলোকচিত্র পেশা না হলেও আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন পিনু রহমান। চলতি বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের জাতীয় পুরস্কার জেতেন তিনি। এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার পান। ওই ছবিতে মাথায় পাটের আঁটি নিয়ে এক বৃদ্ধ পাটশ্রমিককে দেখা যায়।
এবারের হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের ১৫তম আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবার’। দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন দেশের আলোকচিত্রীদের হাতে বিভিন্ন বিভাগে মোট ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে বিশ্বের পাঁচ মহাদেশের আলোকচিত্রীরা অংশ নেন। এর মধ্যে পরিবার, সাধারণ আলোকচিত্র, পোর্টফোলিও, ক্রীড়া আলোকচিত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সৃজনশীল আলোকচিত্র বিভাগ ছিল।




