সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

গ্রাফিকস: আগামীর সময়
নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা দেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। এ সময় কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে পাবেন।
গতকাল বুধবার রাতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ভাতা উত্তোলনের ক্ষেত্রে নতুন সময়কাল ও নিয়ম স্পষ্ট করা হয়েছে।
যুগ্মসচিব ড. ফেরদৌস আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়া সরকারি কর্মচারীরা ছুটিতে যাওয়ার মাসে যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সেই পরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। তবে পে-ফিক্সেশনের ফলে নির্ধারিত বেতনের ভিত্তিতে এ ভাতা গণনা করা হবে না।
আরও বলা হয়েছে, একবার এ ভাতা উত্তোলন করা হলে পরবর্তী সময়ে বেতন নির্ধারণজনিত কারণে সংশ্লিষ্ট কর্মচারী কোনো বকেয়া পাবেন না।



