গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে একটি প্রাইভেট কার। ছবি : আগামীর সময়
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে।
এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।



