দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

ছবি: আগামীর সময়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে টাঙ্গাইলের সন্তোষ এলাকার ঘটনা এটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পর হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান বলেন, ‘আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটোরিকশা জব্দ করার জন্য আমাদের দল কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।’
নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।




