বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব কনকদিয়া গ্রামের হাওলাদার বাড়ির সামনের ঘটনা এটি।
আহত ব্যক্তিরা হলেন- মোতালেব হাওলাদার (৬০), তার স্ত্রী কেয়া বেগম ও মেয়ে তানজিলা আক্তার। এ ঘটনায় মোতালেবের বড় ভাই শাহআলম হাওলাদার, তার স্ত্রী নাসিমা এবং ছোট ভাই সত্তার হাওলাদারের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্র জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে মোতালেব হাওলাদারের চাষ করা কাঁচা ধান তার বড় ভাই শাহআলম হাওলাদার ও ছোট ভাই সত্তার হাওলাদার কেটে নিয়ে যান। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা রহমানের কাছে অভিযোগ করেন মোতালেব। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় বাবাকে রক্ষা করতে তার স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে মোতালেব হাওলাদারের নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে মোতালেব হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমি হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



