আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রকৌশলী খান মন্জুর মোর্শেদ, প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান ও ড. প্রকৌশলী মনিরুল ইসলাম
পেশাজীবী প্রকৌশলীদের একমাত্র জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল।
দুই বছর মেয়াদি এ কমিটিতে প্রকৌশলী খান মনজুর মোর্শেদ প্রেসিডেন্ট এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌশলী ড. মনিরুল ইসলাম এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ নির্বাচন অনুষ্ঠান শেষে আজ চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
আইইবির নির্বাচনী ইতিহাসে এই প্রথম নিজস্ব প্যানেল নিয়ে এককভাবে অংশ নিয়ে এ সাফল্য পেল সংগঠনটি। এ্যাব একে তাদের সাংগঠনিক অগ্রযাত্রার ঐতিহাসিক মাইলফলক বলে মনে করছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছে এ্যাব। দেশব্যাপী অংশ নেওয়া সব প্রকৌশলী ভোটারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানানো হয়েছে। আজ শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে জানানো হয়, সারা দেশের ১৮টি কেন্দ্র ও প্রায় ৩০টি উপকেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতি ছিল বেশি। বিশেষ করে ঢাকাকেন্দ্রে বিপুলসংখ্যক প্রকৌশলীর উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। তবে ভোটারের চাপে দীর্ঘ সারি ও ভিড়ের কারণে কিছু প্রকৌশলী সাময়িক অসুবিধায় পড়েছেন। এ জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এ্যাব। একই সঙ্গে ভোটারদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। তাদের ভাষ্য, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।
এ্যাবের মতে, এ সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব এবং সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সাংগঠনিক সমন্বয় ও নিরলস প্রচেষ্টা। তাদের নেতৃত্বে প্রণীত পাঁচ দফা নির্বাচনী রূপরেখা ও ইশতেহারে প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা, কল্যাণ ও বৈষম্য নিরসনের অঙ্গীকার ছিল। পাশাপাশি আধুনিক, শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইইবি গড়ার কথা বলা হয়েছিল। এতে প্রকৌশলী সমাজে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে দাবি এ্যাবের। সংগঠনটি আরও মনে করে, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য সুসংহত করা, যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই এবং সুপরিকল্পিত নির্বাচনী কার্যক্রম এ বিজয়ে ভূমিকা রেখেছে।
বিবৃতিতে এ্যাব দাবি করেছে, ২০১৫ সাল থেকে তৎকালীন ফ্যাসিবাদী শাসনামলে আইইবিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ছিল না। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ হওয়ায় প্রকৌশলী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। এটি প্রকৌশলী সমাজের গণতান্ত্রিক চেতনা ও পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন বলে মনে করে সংগঠনটি।
এ্যাব বলছে, এ বিজয় কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, এটি সমগ্র প্রকৌশলী সমাজের। নবনির্বাচিত আইইবি নেতৃত্বের কাছে সংগঠনটির প্রত্যাশা, তারা দলীয় পরিচয়, রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ, বৈষম্যহীন ও পেশাদারিত্বের ভিত্তিতে সব প্রকৌশলীর কল্যাণে কাজ করবেন। আইইবি হবে দল-মতের ঊর্ধ্বে সব প্রকৌশলীর অভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান, যেখানে মেধা, যোগ্যতা, পেশাগত অধিকার ও সদস্যদের কল্যাণই হবে সব সিদ্ধান্তের মূল ভিত্তি।
প্রকৌশল পেশার আইনি স্বীকৃতি, পেশাগত মানদণ্ড, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ‘ইঞ্জিনিয়ার্স প্র্যাকটিসিং অ্যাক্ট’ প্রণয়ন ও জাতীয় সংসদে পাস করানোকে অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছে এ্যাব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নীতিনির্ধারক, আইনপ্রণেতা ও প্রকৌশলী সমাজের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে। আইনটি পাসে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানিয়ে সংগঠনটি বলেছে, নবনির্বাচিত আইইবি নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করবে।
এ ছাড়া পেশাগত বৈষম্য দূর করা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি, তরুণ ও বেসরকারি খাতের প্রকৌশলীদের কল্যাণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এ্যাব। পাঁচ দফা রূপরেখা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের কথাও বলা হয়েছে। সংগঠনটি আইইবি সদর দপ্তরের আধুনিকায়ন, আন্তর্জাতিক মানের নান্দনিক মিলনায়তন নির্মাণ এবং ভবিষ্যতে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও ভোটারবান্ধব নির্বাচন ব্যবস্থাপনার প্রত্যাশাও জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কোনো বিভাজন থাকতে পারে না। বিজয় আমাদের অর্জন, ঐক্য আমাদের শক্তি; আইইবি হবে সব প্রকৌশলীর, সবার জন্য এবং সবার কল্যাণে।’
বিজয়ী সব প্রার্থীকে অভিনন্দন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সম্মান জানিয়েছে এ্যাব। দেশব্যাপী প্রকৌশলী ভোটার, সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। প্রকৌশলী সমাজের পেশাগত অধিকার, মর্যাদা ও জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের যথাযথ ভূমিকা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতির শেষে এ্যাবের স্লোগান উল্লেখ করা হয়েছে, ‘প্রযুক্তি নিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’



