শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন

কাফনের কাপড় প্রস্তুত করছেন আল-আমিন
চার শতাধিক মরদেহের গোসল করিয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষের কাফনের কাপড় কেটে প্রস্তুত করেছেন। মৃত ব্যক্তির স্বজনদের অনুরোধ পেলেই তিনি ছুটে যান দূর-দূরান্তে।
তার সবচেয়ে কঠিন সময় ছিল করোনাকাল। সেসময় আপনজন ও আত্মীয়স্বজনও যখন সংক্রমণের ভয়ে অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির কাছ থেকে দূরে ছিলেন, তখন আল-আমিন (৪৮) ও তার সহকারীরা মানবিক দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। এমনকি কোনো কোনো পরিবারের বাবা মারা গেলেও সন্তানরা পাশে ছিলেন না; কিন্তু সহকারীদের নিয়ে আল-আমিন মরদেহের গোসল ও কাফনের ব্যবস্থা করতে এগিয়ে গেছেন।
আল-আমিন বাউফল পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজর পদে কর্মরত। পাশাপাশি উপজেলার সরকারি কবরস্থানের দেখভালের দায়িত্বও পালন করছেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সরদারবাড়ি সড়ক এলাকার মৃত আব্দুল খালেক মুন্সির বড় ছেলে তিনি।
আল-আমিন আগামীর সময়কে বলছিলেন, ‘আমি ২০ বছর ধরে এ কাজ করছি। মানবতার জন্য, মানবতার কল্যাণে এ কাজ করে যাচ্ছি। এ কাজে অনেক সওয়াব রয়েছে। আমি বা আমার কোনো সহকারী এ কাজে কোনো পারিশ্রমিক নিই না।’
তিনি যোগ করেন, ‘অনেক সময় মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য লোক পাওয়া যায় না। তখন স্বজনদের কষ্ট আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিজের দায়িত্ব মনে করেই ছুটে যাই।’
কীভাবে এ কাজে যুক্ত হলেন— জানতে চাইলে আল-আমিন বললেন, ‘যখন দেখেছি এ কাজের জন্য লোক পাওয়া না এবং অনেক লোকের কষ্ট হয় এ কাজ করাতে। এজন্য আমি চিন্তা করলাম, এ কাজটা যদি আমি করি, তাহলে মানুষের উপকার হবে ও কষ্ট লাঘব হবে। এই চিন্তা থেকে আমার এ কাজে জড়িত হওয়া।’
বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম বলেছেন, ‘এলাকায় যত মানুষ মারা যান, আল-আমিন তাদের গোসল করান। অনেক মৃত ব্যক্তিকে তিনি গোসল করিয়েছেন। এ বিষয়ে তিনি খুবই পারদর্শী। আল-আমিনের কাজে এলাকার মানুষের অনেক উপকার হয়।’
বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেছেন, ‘অনেকেই জীবিত মানুষের সেবা করতে আগ্রহী হলেও, মৃত্যুর পর একজন মানুষের শেষ বিদায়ের এই দায়িত্বটি নিতে সাহস পান না। আল-আমিন সেই কঠিন ও মহৎ কাজটি নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন। তিনি আমার মৃত বাবার গোসল করিয়েছেন। এই সেবামূলক কাজ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’
বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেছেন, ‘আল-আমিন আমাদের পৌরসভার একজন নিয়মিত স্টাফ। তাকে একজন সক্রিয় কর্মী হিসেবে জানি। পৌরসভার কাজের পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কাজ করেন, এটা আমি আগেই শুনেছি। বিশেষ করে কেউ মারা গেলে গোসল করানো, কাফন ও দাফনের কাজে তিনি সম্পৃক্ত থাকেন। উপজেলা কবরস্থানের দেখভালের দায়িত্বও তার। তিনি খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। আমি মনে করি, এ ধরনের মানবিক মানুষ সব উপজেলায় থাকা উচিত। মানুষের বিপদে যখন একজন আরেকজনের পাশে এগিয়ে আসেন, তখনই মানবিকতার দিকটি ফুটে ওঠে।’



