নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তার বাবা মো. আব্দুল হালিম ওরফে টম
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে আলোচনার মধ্যে তার বাবার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আজ শনিবার দৌলতপুর থানায় মামলাটি করেছেন নুসরাতের গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী নামে এক ব্যক্তি। মামলায় বাড়ি দখল ও লুটপাটের অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলায় আসামির তালিকায় শুধু নুসরাতের বাবা মো. আব্দুল হালিম টমের (৫৫) নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরো আট-দশ জনকে।
এক বছর আগের ঘটনায় এই মামলা করেছেন ইদ্রিস আলী। দেরির কারণ জানিয়ে তিনি বলছেন, স্থানীয় পর্যায়ে প্রতিকার পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর তিনি এখন মামলাটি করলেন।
গত বুধবার মধ্যরাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকায় নুসরাতের পৈত্রিক বাড়ির একটি অংশে অগ্নিকাণ্ড ঘটে।
জুলাই আন্দোলনের নেতা নুসরাত অভিযোগ তোলেন, পেট্রোল বোমা ছুড়ে তার বাড়িতে আগুন ধরানো হয়, আর পেছনে ছিল জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেন, সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকেও লাগতে পারে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে নুসরাত পরদিন থানায় মামলা করেন। তাতে আগুন লাগিয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ করেন। মামলায় তিনি আসামি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা সদস্যদের।
সেই মামলার দুদিন পরই নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা করলেন বাগোয়ান এলাকার ইদ্রিস আলী (৬৭)।
এজাহারে তিনি অভিযোগ করেছেন, নুসরাতের চাচা মাহফুজুর রহমান মনজুর কাছ থেকে প্রায় ৫ বছর আগে চার কাঠা জমি কেনেন তিনি। সেখানে তিনি বাড়িও নির্মাণ করেন। আব্দুল হালিম ওই জমি দখলের পাঁয়তারা করছিলেন। তিনি বিভিন্ন সময় বাদীকে জমি থেকে উচ্ছেদের হুমকিও দেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর আব্দুল হালিমের নির্দেশে অজ্ঞাতনামা ৮-১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে ভাঙচুর চালান বলে মামলায় অভিযোগ করা হয়।
এজাহারে বলা হয়, হামলাকারীরা ভাঙচুর-লুটপাটের পাশাপাশি ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকেও পিটিয়ে জখম করেন।
এ ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চাওয়ায় ঘটনার পরদিন আব্দুল হালিম দৌলতপুর থানায় ইদ্রিস আলীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন বলে ইদ্রিসের অভিযোগ। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও যেতে হয়েছিল তাকে।
ইদ্রিস বলছেন, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় ফিরে দেখেন, হালিম ও তার মেয়ে নুসরাত তাবাসসুম তার ওই জমি দখল করে নিয়েছেন। জমিটি নিজেদের বলে প্রচার চালাচ্ছেন তারা। ইদ্রিস জমির দাবি করলে তাকে মামলা দিয়ে পুনরায় কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন। ইদ্রিসের আশঙ্কা, আব্দুল হালিমের বাড়িতে আগুন লাগার মামলায় তাকেও জড়ানো হতে পারে।
সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাতের প্রভাবে নিরাপত্তাহীনতায় ভুগে এলাকা ছেড়ে একই উপজেলার মশাউড়া গ্রামে শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন ইদ্রিস আলী।
তিনি বলেছেন, দেশের অস্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে এই ঘটনায় তার মামলা করতে দেরি হয়েছে।
ইদ্রিস আলী দৈনিক আগামীর সময়কে বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পরপরই টম মাস্টার (নুসরাতের বাবা) ও তার মেয়ে আমার বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সমস্ত জমি ও স্থাবর সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়। আমি প্রায় তিন বছর ধরে অন্যের জায়গায় ছোট একটা ঘর করে বসবাস করছি। বহুবার স্থানীয় পর্যায়ে প্রতিকার পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে আমি আইনি পদক্ষেপ নিয়েছি।’
দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান বলছেন, মামলাটি নথিভুক্ত হয়েছে এবং বর্তমানে তা তদন্তাধীন।
ইদ্রিসের এই অভিযোগের বিষয়ে নুসরাত কিংবা তার বাবার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নুসরাত এর আগে অভিযোগ করেছিলেন, তার বাড়িতে আগুনের ঘটনাটি লঘু করার চেষ্টা করছে সরকার।




