বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

গ্রেপ্তার সাহিদা বেগম ও আবুল বাশার
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে মরদেহের খণ্ডিত অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অন্য অভিযুক্ত সোহেল (৩৫) পলাতক রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন সাহিদা বেগম (৫৫) ও আবুল বাশার (৪০)। তাদের বাড়ি বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাউফল থানার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী।
পুলিশ জানায়, নিহত রুহুল আমিন সিকদারের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী শাহিনা বেগম ও ছেলে ইমরান হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন তিনি। ৬ নভেম্বর বিকাল পর্যন্ত বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে ছিলেন। ওই দিন সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হন তিনি।
এরপর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের সড়কের পাশে একটি বিচ্ছিন্ন হাত দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরদিন শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। এরপর মরদেহের বাকি অংশের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সাহিদা বেগম ও আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ এবং বিকাল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে এএসপি সব্যসাচী জানান, গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাহিদা বেগম শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে পান করান। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তার মুখে বালিশ চেপে ধরেন। এ সময় সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
পরে সাহিদা বেগমের বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরে একটি কলাবাগানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ ধরনের চাকু দিয়ে প্রথমে মাথা এবং পর্যায়ক্রমে দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করা হয়। এরপর খণ্ডিত অংশগুলো ডোবা ও আশপাশের ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানায়, সাহিদা বেগম একজন বিধবা নারী। তার দুই ছেলে ইতালিতে থাকেন। এক মেয়ের স্বামীও ইতালিতে থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। নিহত রুহুল আমিন তার আত্মীয় ছিলেন। সাহিদার সঙ্গে রুহুল আমিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে সাহিদার বাড়িতে গিয়েছিলেন তিনি।
হত্যার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএসপি সব্যসাচী বলেন, ‘অর্থনৈতিক ও অন্যান্য কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে অন্যান্য কারণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন শুক্রবার রাতে বাউফল থানায় হত্যামামলা করেন। ওই মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



