বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর বাউফলে ঝটিকা মিছিল ও শোডাউন করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে একে অপরের গায়ে রঙ ছিটিয়ে হোলি খেলে উল্লাস করতে দেখা যায় তাদের।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে কেশবপুর কলেজসংলগ্ন ভড়িপাশা সড়ক থেকে মিছিলটি বের হয়। পরে এটি কেশবপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন কেশবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম ব্যাপারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল শুরুর আগে অংশগ্রহণকারীরা শপথবাক্য পাঠ করেন। এতে প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে আসবে’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীদের অনেকে পরস্পরের গায়ে বিভিন্ন রং ছিটিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




